বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

সমিধের সঙ্গে আড্ডা







 ।। কৌশিক বাজারীর সঙ্গে আড্ডায় সমিধ বরণ জানা।।

(বইতরণী পত্রিকায় প্রকাশিত)

  

সমিধ :- প্রথমেই জানতে চাইব এই দীর্ঘ প্রায় ছয় মাসের লক ডাউন তোমার ব্যক্তিগতভাবে কীভাবে কাটছে?

কৌশিক :-  লক-আনলক-লক-আনলক এই ফেরে জনজীবন অতিষ্ঠ সেটা তো নতুন করে বলার কিছু নাই। আমার ব্যক্তিগত জীবন তুই কিছুটা জানিস। সেখানে এই অবস্থার বিশেষ প্রভাব নাই। আমি বহুবছর বোধয় এরকম লকডাউন হয়েই রয়েছি, এতেই অভ্যস্থ। তিন চারদিন ছাড়া একবার সবজিবাজার বেরোই,  এছাড়া বাইরে খুব কম যাওয়া হয়, মাঝেমাঝে বুবুর সঙ্গে বাইকে হাওয়া খেতে যাই অবশ্য, যেদিন খুব আবদার করে। এই লকডাউনে  ওরও তো খেলাধুলা,  সাইকেলিং বন্ধ, তাই আর কী। 

আর কিছু পরোক্ষ অত্যাশ্চর্য ঘটনা দেখা হল। গল্পে,  উপন্যাসে ,  ইতিহাসে পড়ে জেনেছিলাম,  বহু আগে মানুষ পায়ে হেঁটে তীর্থ ভ্রমণে বেরোত, পথে লুটপাট,  ঠগি, ঠ্যাঙাড়ের হাতে কত মানুষ মারা যেত, তাদের আর ঘরে ফেরা হতো না। সেসব বাস ট্রেন পূর্ব যুগের ঘটনা। শুধু তীর্থ না, নানা কাজেই,  ভ্রমণে, সেই পাঠ্যপুস্তকে পড়া হিউয়েন সাং, অতীশ দীপঙ্কর  ...  তো,  দেখলাম এখনো মানুষ হাজার হাজার মাইল পায়ে হেঁটে ফিরতে পারে! ঘরে ফেরা! শিউরে উঠছিলাম। তো এসব সারা ভারতের মানুষের অভিজ্ঞতা। এটা আমার নয়। আমি ঘরে শুয়ে ক্যাথারসিস করছিলাম মাত্র। তবে একটা ভয় ছিল, আছে, এই যে দিনের পর দিন বাজার বন্ধ, পথঘাট ফাঁকা, ব্যাবসা নেই, কোটি কোটি উপার্জনহীন মানুষ, অর্থের লেনদেন কমে যাচ্ছে, যদি ব্যাংক ব্যাবস্থা ধ্বসে পড়ে, যদি আমার সামান্য সঞ্চয় ভেসে যায়, যা থেকে খাই,  পরি, বাপ ব্যাটা, তাহলে কী করব! সেই ভয়টা আছে।  


সমিধ :-  তাহলে বলো, লকডাউন কোথাও আমাদের অত্যন্ত নিজস্ব করে তুলেছে| হয়তো একটু খারাপভাবে বললে স্বার্থপরও। আমরা জনগণমন চিন্তা করতে করতেও কোথাও শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব সংকটের আশঙ্কায় ডুবে যাই।

কৌশিক :-  অত্যন্ত নিজস্ব করে তুলেছে'টা ভদ্র করে বলা,  আসলে ত স্বার্থপরই। আত্মকেন্দ্রিক।  তবে সেটা যে লকডাউন করে তুললো, এই ছ'মাসে, তা নয়। আর সাধারণত মানুষ আদতে নিজে বেঁচে থাকতে চায় প্রথমে। এটা বোধয় বেসিক চাওয়া, সব প্রাণীরই। তবে সামাজিক মানুষ যখন একেবারে কোনঠাসা হয়, তখন জোটও বাঁধে। সুকৌশলে সেই জোটবদ্ধতা ভেঙেও ফেলে কিছু মানুষ,   টোপ দিয়ে, বিশেষ কাউকে সুবিধা পাইয়ে দিলে সে তখন নিজে একা বেঁচে যেতে চায়। তো এখন যদি মূল্যবোধ ইত্যাদির কথা বলিস, সেটা মানুষ হিসেবে আলাদা হয়। 'আমাদের স্বার্থপর করে তুললো' এই বহুবচনটা সত্যি হলেও কেউ কেউ তো আছেনই, যারা লড়ছেন।  তো মানুষের  এই আত্মকেন্দ্রিকতা মধ্যযুগে বেশি ছিল নাকি এখন,  তা আমি জানিনা।

...

শুধু করোনার আবহ নয়, এই ২০২০ ভারতবর্ষে রাজনৈতিক পরিস্থিতিও খুব ভয়াবহ, যেখানে সামাজিক স্থিতি ভেঙে এক অন্যতর সমাজ আর 'ইতিহাস' গড়ার কাজ চলছে। এটাও একরকম আত্মিক অস্তিত্বের সংকট বলে মনে হয়।



সমিধ :-  'অস্তিত্বের সংকট' ব্যাপারটাকে আমরা যদি অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখি, অর্থাৎ মধ্যযুগ, আদিমযুগ অথবা আধুনিক যুগ, যাই বল না কেন, সেই সংকট সর্বসময় অস্তিত্বের সঙ্গেই বিরাজমান| আর তার একমাত্র চালিকা শক্তি শুধুমাত্র মানুষের এক কমিউনিটির সঙ্গে অন্য কমিউনিটির সংঘাত তাও তো নয়| সেক্ষেত্রে প্রকৃতির অনেক রকম শক্তির ছোট ছোট উৎস ক্রিয়াশীল| সেক্ষেত্রে এই যে সংকট তা প্রকৃতির একটা নিজস্ব নিয়ম| এর মধ্যেই  মানুষের যে টানাপোড়েন তাইই কি মানুষকে বিভিন্ন মাধ্যমে নিজেকে প্রকাশিত করতে সাহায্য করে? তুমি কীভাবে ভাব এই সম্পর্ক?

কৌশিক :-   বড় কঠিন প্রশ্ন করছিস। 

আচ্ছা, তুই বোধয় বলতে চাইছিস অস্তিত্বের সংকট থেকেই সৃজনশীলতার  উৎপত্তি কিনা? 'বিভিন্ন মাধ্যমে প্রকাশ', মানে তো তাই বলছিস। আচ্ছা।এখন, শিল্পবোধের উৎপত্তি শুধুই অস্তিত্ব সংকট থেকে তো বলা যাবে না। খুবই সরলীকরণ হয়ে যাবে সেটা।  মানুষ গুহাতে যখন শিকার দৃশ্য আঁকলো, সেটা শিল্প হয়ে উঠল বটে আমাদের আধুনিক মানুষের চোখে, কিন্তু তা আদতে শিকার পরিকল্পনা বলা হচ্ছে। অর্থাৎ মুখের ভাষা তখনো পরিনত নয়, তাই ছবি এঁকে কীভাবে একটা বাইসন বা ম্যামথকে পেড়ে ফেলা হবে সমবেত ভাবে, এ হল তার ব্লু প্রিন্ট। বাঁচার প্রয়োজনের শিল্প, অস্তিত্বরক্ষার শিল্প বটে এটা। আসলে শিল্পই। সমস্তটাই জীবনের সঙ্গে যুক্ত। একটার থেকে আরেকটাকে খুলে দেখানো যায় না। কোনটা আর্ট আর কোনটা লড়াই, আলাদা করা যাবে না।

    তোর প্রশ্নে 'সেই সংকট সর্বসময় অস্তিত্বের সঙ্গেই বিরাজমান'-- এরকম একটা কথা আছে, যেটা বেশ একটা অন্য জগতের কথা মনে পড়ায়, হয়ত যেখান থেকে আধ্যাত্মিকতার শুরু হল প্রথম। মানুষ যখন আরো কিছুটা মানুষ হল, তার মনে প্রথম আদি প্রশ্ন সম্ভবত -- 'আমি কে?!' এই আত্মজিজ্ঞাসা মানুষকে এখনো তাড়িয়ে ফিরছে!  এ নিয়ে যাবতীয় কাব্য কবিতা রচনা হল। 

  আরেকটা দিক হল-- বাধা! আমরা চোখের সামনে বাধা পছন্দ করিনা, তাই দেয়ালের সামনে মুখ করে বসতে আমাদের কষ্ট হয়। বরং খোলা জানালার ধারটি পছন্দ করি। তো মানুষ যখন খোলা আকাশের থেকে চার-দেয়ালের মাঝে বাসা বাঁধলো, তখন সে বদ্ধ, বাস্তবে দেয়াল মেনে নিয়ে সে মনে মনে দেয়াল ভেঙে ফেলতে চাইল--দেয়ালে আঁকা হল ফুল লতা পাতা পাখি!  দেয়াল আর দেয়াল মাত্র রইল না। ভেঙে গেল। তো এইভাবে এগোচ্ছি আর কী এখনো। আমাদের থালা বাটিতেও সেইভাবেই ফুল লতা পাখি রং ইত্যাদি রেখেছি। আর অস্তিত্ত্বের সংকট থেকেও কাব্য রচনা হয়েই থাকে। আসলে জীবনকে বাস্তবের সমস্ত বাধার থেকে ছিনিয়ে নিয়ে আমরা এক অন্যতর জগত নির্মাণ করি এসবের মধ্যে। সেই আদিম খোলা মাঠের একটা ডাক এসবের মধ্যে রয়ে গেছে হয়ত। তুই কখনো কোনো দেয়ালে বা বাসন-কোসনে কলকারখানা, যন্ত্রের ডিজাইন দেখেছিস? এ হয় না বোধয়।

 মানুষ সেই প্রথম ও একমাত্র প্রাণী, যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে ভার্টিকাল দেয়াল তুলল। আর তা তার নিজেরও সহ্য হল না। তখন সেই দেয়াল ভেঙে ফেলার প্রয়োজন হল। সম্ভবত সেই প্রয়োজনেই মানুষের প্রথম সৃজন প্রচেষ্টা। 

সমিধ :-  এই যে ভার্টিকাল দেয়ালে ফুলফল আঁকা বা অন্যভাবে বললে, ঘেরাটোপের মধ্যে একটি উন্মুক্ত জানালার খোঁজ এই ভাবটি তোমার নাচে জন্ম নাচে মৃত্যু-তে খুব স্পষ্ট| এতদিন  পরেও অনেকেই বইটির কথা বলেন হয়তো এই সামগ্রিক তৃষ্ণার্তির জন্যেই| বইটির প্রেক্ষাপট সম্বন্ধে তোমার কাছ থেকে শুনতে চাই|

কৌশিক :-   এতক্ষণ ঠিকই চলছিল। এই  আমার লেখালিখি নিয়ে নিজের বিশেষ ভরসা নাই। বইটির প্রেক্ষাপট বলতে যদি তার লেখাগুলি নিয়ে বলিস, তো আমি সত্যিই কিছু বলতে পারব না। কারণ একটা বই প্রকাশ হয়ে যাওয়ার পর সেটা মাথা থেকে নেমে যায়। তবে পিছনের গল্পটা বলা যায়।   যেমন এই বইয়ের অনেক লেখাই ১৯৯৫/৯৬ সালের লেখা। আর বইটা প্রকাশ হল ২০১৫ ডিসেম্বর।  প্রায় কুড়ি বছরের লেখালিখি আরকি। মাঝে একগুচ্ছ লেখা নিয়ে একটা ছোট বই হয়েছিল, সে হিসেবে এটা দ্বিতীয় হলেও আসলে এটাই প্রথম বই।  মানে আমার লিখতে আসার প্রথম দিকের কথাগুলিও এখানে রয়েছে। তো সেসব লেখায় যদি অবচেতনে অস্তিত্বের সংকট থেকে থাকে... তা আমি জানিনা, নিজের অবচেতন তো পড়তে পারিনা।    আর কিছু বলব?


সমিধ :- যে ভার্টিকাল দেয়ালে ফুলফল আঁকার কথা বললে, যেন ঘেরাটোপের মধ্যে একটি উন্মুক্ত জানালার খোঁজ, সেটা এই বইটিতে  খুব স্পষ্ট| তাহলে তোমার এই যে গৃহবাস, আরো বিস্তারে যা আমাদের বেড়ি পড়ানোর দিনযাপন তার বিপরীত একটা অবস্থান, অবচেতনে তোমার একদম গোড়ার দিকের লেখালেখি থেকেই সম্পৃক্ত হয়ে আছে নাকি ?

কৌশিক :-   এই দ্যাখ, আমার অবচেতন কি আমি জানি! তবে ওই দেয়াল ভাঙার ব্যাপারটা তো সত্যি। তবে সত্যি বলতে, আরো সোজা করে বল্লে,  আমার  লেখালেখি ব্যাপারটা আসলে বাস্তব থেকে  পালানোর একটা পথ। যে অবস্থার মধ্যে অবস্থান করছি সেই নিরেট বাস্তব হয়ত আমি চাই না, অন্যদিকে  যা নেই, যা পাইনি, যা ইচ্ছে করি, সেই অলীককে রচনা করা। একটা অন্য জগত তৈরি করে তার মধ্যে বাস করা।   একজন পলায়নবাদী লোকের চালাকি বলতে পারিস। 

সমিধ :-  তোমার বইগুলির মধ্যে দুটি ধারা দেখা যাচ্ছে| একটিতে আছে নাচে জন্ম নাচে মৃত্যু, লেখো অশ্রু লেখো, মাধুরীর সঙ্গে নাই কেউ এবং বকুল ডালের আঙুল| আর অন্য ধারার মধ্যে পড়বে বাকিগুলো যেমন, ম্যাটিনিতে রূপকথা টকিজে, বুবুর সঙ্গে দ্রাক্ষাবনে এরকম বইগুলি| এই স্ট্রাকচার কি তোমার সচেতনভাবেই তৈরী? 


কৌশিক :-  দুটা ধারা নাকি? জানিনা তো! 

ভাবনার আর 'সচেতন প্রয়াস ' কী হবে? বিষয়গুলো হয়ত আলাদা, আবার কোথাও একই। একেকটা ফেজে একেক রকম ভাবনা আসে,  আমি জানিনা ঠিক। ভাবিনি এটা কখনো। সচেতনতা বলতে কিছু লেখার পর টুকটাক শব্দ বদলানো। বা ফিরে লেখা। সে তো অন্যপ্রসঙ্গ।  


সমিধ :-  আচ্ছা বেশ| বিষয়টাকে অন্যভাবে বলি| তাতে হয়তো কিছু সূত্র উঠে আসবে| এই যে লেখালেখি তা আমাদের জীবন বোধের বাইরে তো নয়| একটা চাকা গড়াচ্ছে, আর সঙ্গে সঙ্গে দাগ পড়ছে মাটিতে| এই চাকা থেকে তার দাগকে কিন্তু আলাদা করা যায় না| কিছুটা কিছুটা দূরত্বে চাকা নিজেই কিছুটা  পাল্টে পাল্টে যায়| দাগও পাল্টে পাল্টে যায়| তোমার কী মনে হয়, এই চাকা গড়ানোর ড্রাইভ ফোর্স তোমার ক্ষেত্রে কী?

কৌশিক :-   চাকা নানা পথে ঘোরে। কখনো নরম মাটি কখনো শক্তমাটি, কখনো চড়াই কখনো উৎরাই। তো সেইমতো ছাপ পড়ে। সবার জীবনেই তা সত্যি। যে লেখে তার, যে লেখে না, তারও। কজনই বা এই লেখালিখির মধ্যে থাকে বল? কজনই বা পড়ে। মানুষ নানা কাজে আজীবন ব্যস্ত। মূলত বেঁচে থাকতেই,  টিকে থাকতেই সমস্ত     জীবন চলে যায়। সেখানে আজকের এই লেখালিখি একটা সৌখিন বিষয়। তবু কেউ কেউ লিখে রাখে। তাদের সেই লেখা থেকে ভবিষ্যৎ কখনো হয়ত দিশা পায়। সেই দিশা দেখানো কাজ যে পারে সে পারে। বাকিগুলো এই পথটাকে ধরে রাখা মাত্র। তবে ব্যর্থ কিছুই না।  তো তুই হয়ত আমার লেখার চড়াই উৎরাইয়ের পথটা জানতে চাইছিস। সে তো বলার মতো তেমন কিছু না। খুব সামান্য,  সাধারণ হাঁটাহাঁটি এইসব। আর পাঁচজনের হাটুরের মতো। তবু জীবনে নিশ্চিত কিছু ঘটনা ঘটে গেছে নানা সময়ে, যেখানে আমার হাত ছিল না। হয়ত সেসব খুব সুখের নয়। সেইসব ঘটনার প্রভাব অথবা পলায়ন দুই-ই থাকতে পারে লেখাতে। এ নিয়ে আর কী বলব...     

ড্রাইভ ফোর্স হয়ত একটা আছে। নইলে বেঁচে আছি কীভাবে! সেটা হয়ত স্বাভাবিক একটা গতি। তবে আমি এসব নিয়ে কখনো ভাবিনি। মূলত গড়ানো জীবনে আমি বিশ্বাসী। জীবনকে চালনা করার ক্ষমতা মানুষের নেই আসলে। তবু সে পরিকল্পনা করে ভবিষ্যতের। অতীতের হিসাব করে। আমি চলতে চলতে দেখায় বিশ্বাসী। রাস্তার  দুপাশের  যা রয়েছে, দেখে নেওয়া শুধু। কোথায় চলেছি, জানিনা। কে নিয়ে যাচ্ছে তাও জানিনা। 

আর লেখার ব্যাপারে যদি বলিস, একটা ব্যাপার হয়, আমার সব লেখাই কখনো কাউকে মনে ভেবে লেখা। মানে বিশেষ কেউ, যে পড়বে। সে কখনো বৌ, কখনো প্রেমিকা, কখনো বন্ধু। বাস্তবে হয়ত সে পড়লই না। তবু আরকি...    

সমিধ :-  মায়াবনবিহারিণী? বিগত দশকগুলিতে আমাদের স্বনামে বিখ্যাত অগ্রজরাও এরকম কিছু বলেছেন বটে| সেখানে সুরা থেকে নারী, যৌনতা ড্রাইভ ফোর্স হিসেবে অনেক কিছুই এসেছে| তবে তুমি আবার একে বেঁচে থাকার 'সৌখিন দিক' হিসেবে অনেকবার বলেছ| এটা কি তবে নিছক একটা বিলাস? এবং যা অতিরিক্ত| তোমার মায়াবনবিহারিণীদের নিয়ে কিছু বলবে?


কৌশিক :-   দ্যাখ, নিজের এই আবাল লেখালিখি নিয়ে কিছু বলা আমার কাছে হাস্যকর লাগে। তবু সবারই যেহেতু নিজের কথা বলার হক আছে তাই লিখি। এসব খুব কমন কথাবার্তা। বলতে চাই না তবু খোঁচা দিচ্ছিস। 

হ্যাঁ,  সেইসব অগ্রজেরা নমস্য, তাদের ক্ষেত্রে হয়ত এটা বেঁচে থাকার শৌখিন দিকই ছিল কারো কারো, আর পরবর্তী প্রজন্মের সব্বনাশটা এখানেই হয়েছে। যাকগে।

  তবে এক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। যেমন 'নাচে জন্ম…'র পুরনো লেখাগুলো যখন লিখি তখন আত্মিক সংকটই চালিকা শক্তি, প্রথম যৌবন, অভাব, না পাওয়া,  মানে সেখান থেকে পালানো,ওখানে নানারকম লেখা আছে, ওটা বিচিত্রানুষ্ঠান  হয়ে গেছে। আবার 'বুবুর সঙ্গে দ্রাক্ষাবনে'র লেখাগুলো,  তখন বুবু খুব ছোট, তার কৌতুহল, বিস্ময়, নিজের মনে বানানো গল্প, বাচ্চারা যেমন বলে আরকি, সেগুলো লিখে রাখতাম। সেইসঙ্গে ওর আঁকার খাতার ছবি। ইচ্ছেটা হল --এসব গুছিয়ে রেখে দিই, বড় হয়ে বুবু একদিন এসব আবিস্কার করে চমকে যাবে। আবার 'মাধুরীর সঙ্গে নাই কেউ' এর লেখাগুলো সবই একজন নারীর বয়ান। ব্যক্তি পুরুষ হিসেবে আমি সেখানে নেই।

'ম্যাটিনিতে রূপকথা টকীজে' নামে একটা ছোট বই আছে। সেটা আবার আমার সিনেমা দেখার গল্প। এক সময় প্রচুর সিনেমা দেখেছি। মিঠুন-শ্রীদেবী,  প্রসেঞ্জিত সব। তখন নাইন টেনে পড়ি। সেই নেশাটাই পরে কনভার্ট হয়ে ঋত্ত্বিক,সত্যজিৎ  বা বিদেশী সিনেমার দিকে চলে গেল। তো আমার ভাবনায় সিনেমার একটা ব্যাপক প্রভাব ছিল। শুধু আমার না, ভারতীয় শহর মফস্বলের জনজীবনেই এটা ছিল। বাবা কাকাদের সময় ছিল দিলীপ কুমার-দেবানন্দ ছাঁট চুল, আমাদের সময় সেটাই বচ্চন-মিঠুন ছাঁট। আবার আমাদের মা মাসীদের সময়ের অবশেসন উত্তম-সৌমিত্র-ছবি বিশ্বাস।  সেইসব ধরে রাখতে এই কবিতাগুলো। রূপকথা টকীজ বিষ্ণুপুরের একটা সিনেমা হল।    

হ্যাঁ, 'আধুনিক কবিতা' একরকম বিলাসই বটে। মানে এই জগতটার দিকে তাকালে তাই মনে হয়। পোশাক আশাক, মঞ্চ, পুরস্কার, জলসা, বিশাল লজ টজ ভাড়া নিয়ে হুল্লোড়, (এই হুল্লোড়টা আমারো ভাল লাগে, আড্ডা, মেলামেশা ইত্যাদি হয়) এই যে একটা ধারা চলছে এটা তরুণদের প্রভাবিত করেই। এখানে বিলাসিতা নেই এটা বলা যাবে না।  এইটা বিলাসিতার একটা গোদা দিক। আবার যখন দেখি কপর্দক শূন্য মানুষ খালি পায়ে হাঁটছে হাজার হাজার মাইল, ফসল শূন্য মাঠের পাশে গাছে ঝুলছে চাষী পরিবার,  তখন,  যেহেতু আমার কবিতায় এদের সুরাহা নাই, তাই বিলাসিতা লাগে কখনো। 

কিন্তু দেখ, কবিতা ব্যাপারটাকে এরকম একটা খোপে আটকে না রাখলে বিষয়টা অন্যরকম হত। যে লোকটি মাঠ থেকে ফিরে ঝুমুর লিখে রাখছে, যে ছেলেটা ভ্যান চালিয়ে ফিরে সন্ধেবেলা হাড়িয়া খেয়ে তুষু গান বানাচ্ছে, কিছুকাল আগেই রাজিমিস্ত্রিরা শ্রম লাঘবের জন্য ছাত পিটানোর গান গাইতো, সেসব জীবনেরই গান, এরা অনেক বেশি দায়বদ্ধ জীবনের প্রতি। এদের দেখলে অল্প লজ্জাবোধ হয় বৈকি। এদের ত আর কবি বলে স্বীকার করা হয় না, সময়  দ্রুত পাল্টে যাচ্ছে, এইসব কথাগুলিও গল্প হয়ে যাচ্ছে ক্রমশ। 


সমিধ :-  অনেকেই শিল্পীর  উচ্চকিত হওয়াটাকে পছন্দ করেন না| কিন্তু এইটাই একরকমের বদ্ধ মানসিকতা নয় কি? হৈ চৈ থেকে, অনুষ্ঠান, আদব-কায়দার হল্লায় না থাকাটা একটা মুখচোরা আত্মপলায়ন মনে হয় না? লেখাটা তো কেউ আর ওই জায়গায় বসে  লেখে না! এই যে এখন প্রায় শোনা যায় 'আড়ালে থাকা কবি', কথাটা কেমন যেন অদ্ভুত লাগে না শুনতে !

আর ঝুমুর গান, টুসু বা ভাটিয়ালি অর্থাৎ যে সমস্ত শিল্পবোধ তথাকথিত প্রান্তিক মানুষদের প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িত, তার আবেদন তো কেউ অস্বীকার করতে পারেন না| আধুনিক মিডিয়াতেও এঁরা অনেকেই প্রচারও পাচ্ছেন| কিন্তু এই যে আমাদের অহেতুক প্রান্তিকতার বিলাস ভাবনা, তার সত্যিই কোনো বাস্তবতা আছে ?


কৌশিক :-   প্রথমতঃ উচ্চকিত না হওয়া আর বদ্ধ মানসিকতা সমার্থক কিনা?-- এই প্রশ্নটাই আসলে উত্তর।  

 উচ্চকিত মানুষের পাণ্ডিত্য দেখেছি, কিন্তু গভীর উপলব্ধির কথা বলছেন,  এমনটা চোখে পড়েনি। যাইহোক,    হৈচৈ হুল্লোড় আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি। অবশ্যই সেটা আঁতের লোকজনের সঙ্গে। কিন্তু আদব কায়দার হল্লায় না থাকাটা মুখচোরা চরিত্রের পরিচায়ক হলেও তা আত্মপলায়ন কেন হবে? আত্মপলায়ন তো আলাদা ব্যাপার। সে নিজেই নিজের থেকে পালিয়ে বেড়ায়। যাইহোক,  এগুলো সবই ব্যক্তিচরিত্র নির্ভর। আড়াল অনেকেই ভালবাসে। এমনকি জীবনানন্দও রূপসী বাংলার মতো পাণ্ডুলিপি, গোছা গোছা গল্প উপন্যাস ট্রাঙ্ক বন্দী     রাখলেন, নিজের একটা সত্ত্বাকেই আড়ালে রাখলেন। সে তো অদ্ভুত বটেই। এই ' অদ্ভুত' শব্দটাও অদ্ভুত। 


দ্বিতীয়তঃ ভাদু তুষু ঝুমুর ভাটিয়ালি ইত্যাদির মিডিয়া প্রচার। এইপ্রসঙ্গে বিকাশ জেঠু, কবি বিকাশ দাসের একটা সহাস্য মন্তব্য মনে পড়ছে। বাউল গান নিয়ে কথা হচ্ছিল, সে প্রসঙ্গে এক বিখ্যাত বাউল গায়কের কথা উঠল। যিনি আমেরিকা ইউরোপেও বাউল গাইতে গেছেন। পথে ঘাটে তার গান বাজে। তো বিকাশ জেঠু হা হা করে হেসে উঠে বল্লেন -- আরে ও তো ডিস্কো বাউল! তো এই 'ডিস্কো' শব্দটির ব্যঞ্জনা বিকাশ দাসের মুখে না শুনলে বোঝা মুশকিল। কথা হল চর্যা। সেই জীবনটা যাপন করা। এই যে বললি 'অহেতুক প্রান্তিকতার বিলাস ভাবনা'!  এই যাপনের মধ্যে না থাকলে তা সত্যিই ভাবনার বিলাস মাত্র। যার কোনো বাস্তবতা যাপনের বাইরে নেই। 

মোদ্দা কথা কাজটা যখন জীবনের প্রয়োজনে, তখন নিছক খ্যাতির শৌখিনতা থেকে আড়াল রচনা করে নেয় কেউ কেউ।


সমিধ :-  মানুষের বেড়ে ওঠার ব্যাকগ্রাউন্ড তার চিন্তাভাবনার উপরে প্রভাব বিস্তার করে| আবার এই চিন্তা ভাবনাই পরবর্তীতে ক্রমে তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের নির্ণায়ক হয়| এই দুটো সমার্থক না হলেও নির্ভরশীল তো বটেই| তবে বদ্ধ ও মুক্ত চিন্তার ধারণাটা অনেক ক্ষেত্রেই আধুনিক কনসেপ্টে একটা টাল খাওয়া ব্যাপার বলে মনে হয় না কি তোমার? এখন তো বহু ক্ষেত্রেই সনাতন যা কিছু তাইই 'বদ্ধ' বলে দাগিয়ে দেওয়া হয়| আবার ব্যক্তিগত গণ্ডীর পরিসরও ক্রমেই ছোট হয়ে আসছে|  নিজস্ব শান্তির লক্ষণরেখায় অপ্রাসঙ্গিকভাবে ঢুকে পড়াটাকে আমরা 'আধুনিক ও মুক্ত' নামে চালিয়ে দিচ্ছি| সমাজের বিভিন্ন দূরবর্তী স্রোত এই সময়ে সহজে মিশে যাওয়ার যে সুবিধা, তারই কি অন্য পিঠের অসুবিধা ভুগছি আমরা? 

কৌশিক :-   আগের প্রশ্নের সূত্র ধরে না নিয়ে এটাকে একটা ভিন্ন প্রশ্ন হিসেবেই ধরতে হবে বোধয়। হ্যাঁ,  মানুষের বেড়ে ওঠার প্রেক্ষাপট, পরিবেশ, শিক্ষা, অভিজ্ঞতা সব মিলিয়েই ত তার চরিত্রের বিভিন্ন দিকগুলি শক্ত হয়। তাই মুক্ত চিন্তাও অনেক ক্ষেত্রে বদ্ধতা পায় দেখি। যখন সেটা তত্ত্বে পরিণত হয়। সেরকম ত ধর্ম থেকে রাজনীতি সব ক্ষেত্রেই দেখলাম।   


এখন 'সনাতন' মানে কী? যদি চিরন্তন, শাশ্বত অর্থে ধরি তাহলে তার কিবা মুক্ত কিবা বদ্ধ! তবে এই সমস্ত শব্দগুলির অর্থ যদি রাজনৈতিক হয়ে ওঠে তখন সব গুলিয়ে দেওয়া হয়। আমি রাজনীতি বলতে দখলের রাজনীতিকেই বলছি। এখন সনাতন শব্দটিও রাজনৈতিক আর মুক্তচিন্তা শব্দটিও রাজনৈতিক। সম্ভবত সেইজন্যই এরকম একটা প্রশ্ন উঠে এলো। এখন একটা সমাজ কতখানি 'মুক্তচিন্তা'র হতে পারে? আদৌ কি সম্ভব? কারন এই এগুলি তো বিমূর্ত ধারণামাত্র! আর ইন্ডিভিজুয়ালি একেকজনের মুক্তচিন্তা একেকরকম হবে তার পরিবেশ, শিক্ষা,  অভিজ্ঞতা অনুযায়ী। তাহলে তোর মুক্তচিন্তা আর আমার মুক্তচিন্তা কীভাবে এক হবে! এটা একটা প্রশ্ন বটে। সমস্যাও এইখানে আর এইজন্যই তত্ত্ব। অর্থাৎ 'মুক্তচিন্তা'র একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নির্ণয় করে দিতে হয় সমাজের জন্য। যা আসলে কারোই চিন্তার মুক্তি হয়ে ওঠেনা শেষ অবধি।


অন্যদিকে তোর 'সনাতন'। যা চিরন্তন,  শাস্বত।  যেমন? উদাহরণ খুঁজতে গিয়ে দেখি কিছুই চিরন্তন নয়। শাশ্বত নয়। বেদও নয় সূর্যও নয়। কোনো কনসেপ্ট, কোনো বিমূর্ততা, কোনো মূর্তিই শাশ্বত নয়। পৃথিবী, মানব, এই নীল আকাশ কিছুই না। প্রত্যেকেরই জন্ম হয়েছিল, মৃত্যু হবে।  তাহলে এই সনাতনকেও ভেঙে নিতে হবে, আমাদের সভ্যতার মাপে। যেমন সময় একটি ধারণা মাত্র। যাকে আমরা দণ্ড, পল, মুহূর্ত, প্রহর, সেকেন্ড,  মিনিট, বছর,  যুগে ভেঙেছি নিজেদের প্রয়োজনে। তো ঝগড়াটা হল এই খণ্ডিত সনাতন নিয়ে। বা খণ্ডিত মুক্তচিন্তা। 

বোধয় একমাত্র শাশ্বত সেই অন্ধকার! সৃষ্টির আগে বা পরে যা সত্য বলে ধরা হয়। যা আমাদের ক্ষুদ্র মানুষের অভিজ্ঞতায় আসার কথা না।  

বলাবাহুল্য যে আমার এই কথাগুলোও খণ্ডিত চিন্তা মাত্র। এর এবসোলিউট কিছু নেই, ধরিস না।


সমিধ :-  আলোচনাটাকে অন্য দিকে খুব বেশি বিস্তৃতির সুযোগ এখানে নেই, যাতে পাঠক খুব বেশি দর্শনের কচকচি মনে করেন| 


আমি শিল্পের প্রসঙ্গ টেনে বলি, আমরা অনেকগুলো ডোমেইনের কথা বলি: আধুনিক- অনাধুনিক, সনাতন- অসনাতন, আরও কত কিছু| কবিতার ক্ষেত্রেও এই কনসেপ্টগুলো বর্তমান| আবার বিকাশবাবুর 'ডিস্কো বাউলের' কথাও শুনলাম| তাহলে দেখা যাচ্ছে যে শিল্প ব্যাপারটিও সর্বজনীন নয়| সমাজের বিভিন্ন ডোমেইনে তার গ্রহণযোগ্যতা বিভিন্ন| 'কমন আর্ট' বলেও কিছু হয় না| যদিও 'বিশুদ্ধ শিল্প' বলে একটা অজুহাত তৈরী আছে, তা সেও কিছু সর্বজন প্রামাণ্য বস্তু নয়| 


এই যে শুধুমাত্র সামাজিক স্তর-বিভিন্নতার কারণেই শিল্পের গ্রহণযোগ্যতা এবং ফর্ম পাল্টে যেতে বাধ্য হ'ল, সেটা কার অপারগতা? শিল্পীর নাকি গ্রহণকারীর? 'ডিস্কো বাউলে' মাতোয়ারা মানুষ 'মাটির বাউল' থেকে পরিত্যক্ত হয়ে রইল কার অযোগ্যতায়?


কৌশিক :-   শুধুমাত্র সামাজিক স্তর-বিভিন্নতার কারনে  গ্রহণযোগ্যতা বা ফর্ম পাল্টে গেছে এমনটা যদিও নয়। পাল্টে যাওয়ার মূল কারন আসলে-- ঘটমানতা। সে যাইহোক। মূল প্রশ্নটা সম্ভবত,  ওই সমাজের বিভিন্নস্তরে শিল্পের গ্রহনযোত্যতার ভিন্নতা। হ্যাঁ,  এখানে বেশ কিছু মজার ব্যাপার আছে। যেমন ধর 'বেদের মেয়ে জ্যোৎস্না' নামের সিনেমাটি। এটা তো উচ্চাঙ্গের দর্শকের কাছে খিল্লির ক্ল্যাসিক উদাহরণ।  তো সিনেমাটাতে কী আছে? বহুকাল আগে দেখা, (আরে ভাই এটা জনা দশেক বন্ধু মিলে  ব্ল্যাকে টিকিট কেটে দেখেছিলাম, হাসবি না।)  যদ্দূর মনে পড়ছে যাত্রার স্টাইলে  মেলোড্রামাটিক রূপকথার গল্প। যেটা সারা বাংলার সাধারণ দর্শক উপভোগ করেছিল। সুপারহিট যাকে বলে। আবার ঋত্বিক ঘটকের জনপ্রিয় ছবি মেঘে ঢাকা তারা ভাব। এটাও কিন্তু সবারই প্রিয় খুব। মানে বেদের মেয়ে যারা দেখেছে,  তারাও এটা দেখে মোহিত। বা ঠিকঠাক বললে মেঘে ঢাকা তারা দেখা দর্শকই বেদের মেয়ে দেখেছিল। কীভাবে সম্ভব? সম্ভব,  কারণ আমাদের ভারতীয় মন মেলোড্রমাতে ক্যাথারসিস করে বেশি। 'দাদা আমি বাঁচতে চাই' এই সংলাপ যখন ঘুরে ফিরে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে,  তখন যে মেলোড্রামা তৈরি হয় তা আমাদের কাঁদায়। ঋত্বিক এই আবহমান ভারতীয়   মেলোড্রামাটা নিয়েছেন।   তফাত হল,  ঋত্বিক ইতিহাস লিখতে চেয়েছেন, আর বেদের মেয়ে ব্যাবসা করতে চেয়েছে। 


বাকি যেটা থাকে তা হল তথাকথিত শিক্ষিত, শহুরে দর্শকের নাকউঁচু হিপোক্রেসি। এই স্তরগুলো মেনে নিতে হবে। শিক্ষা ত অপরকে হেয় করতে শেখায় না। আমি গোদার বা তারাকোভস্কি শিক্ষিত-দর্শক,  মানে  এই নয় যারা বেদের মেয়ে দেখছে তাকে বাঁকা হাসব। এইখানেই ডোমেইন চলে আসে, খণ্ডিত ধারণা। পলনস্কি বা তারাকোভস্কির ব্যাকগ্রাউন্ডে যাত্রাপালা, কীর্তনগান,  বা রামায়ণী গান, পাণ্ডবানী, ইত্যাদির ইতিহাস নেই, আছে তার দেশকালের অন্যতর ইতিহাস, সেটা মেনে নিয়ে সেগুলো  দেখব। দুটোকে মেলানো যাবেনা।


  এইবার একেবারে শেষের প্রশ্নটা। এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ 'ডিস্কো বাউল' আর 'মাটির বাউল'কে কনসাসলি আলাদা করছেই না।   তারা ক্যাসেট বা সিডিতে ডিস্কো বাউল শুনছে, আবার তারাই অজয়ের তীরে বাউল মেলা যাচ্ছে। এখানে ডিস্কো বাউল আসলে দু'টাকার শ্যাম্পুর মতো। তাকে বানিজ্যিক ভাবে প্রোমোট করা হয়েছে।  মানুষ খাচ্ছে। বাউলের সংজ্ঞা এভাবে সাধারণের কাছে পাল্টেও গেছে। আগে যেখানে বাউলদের সমাজ থেকে বিতাড়িত করা হয়েছিল। সোজা কথায়, মেরে তাড়ানো হয়েছিল, কারণ বাউল চর্চা সনাতন হিন্দু সংস্কৃতির চোখে ছিল অশালীন,  অসামাজিক চর্চা। এখন ডিস্কো বাউলের এসি গাড়ি বাড়ি মঞ্চ   মানুষের সম্ভ্রম জাগাচ্ছে।  

আবার বলি, আমি যা বলছি, তা আংশিক সত্য, বা ভুলও হতে পারে কোথাও, আসলে বিষয়গুলো খুবই জটিল। তোর এই প্রশ্নের ভেতর 'কমন আর্ট' 'বিশুদ্ধ শিল্প' এসব নিয়ে প্রচুর কথা হতে পারে। যেমন কমন আর্ট না থাকলেও 'পাবলিক আর্ট' বলে একটা বিষয় আছে। সেসব অন্য ব্যাপার,   এই আরকী।  


সমিধ :-  দ্যাখো, বাণিজ্যকরণের পরিকল্পনার সঙ্গে শিল্পের মানোন্নয়নের মেলবন্ধন ঘটে কি! সেক্ষেত্রে বাণিজ্যকরণ শিল্প ও শিল্পীর অভিমুখ নির্ণয়ে ভূমিকা পালন করে, এই আক্ষেপে আটকে যাওয়া ছাড়া আমরা অন্য কি বিকল্পের কথা ভাবতে পারি?!

কৌশিক :-   কাব্য শিল্পে বহুযুগ ধরেই এরকম দুটা ধারা  রয়েছে তো। আগে ছিল রাজা মহারাজার পৃষ্ঠপোষকতা, এখন বানিজ্যিকরণ। এর বাইরে কেউ কেউ স্বাধীনভাবে চলে। তবে এযুগে আমাদের সেই স্বাধীনতা কতটা স্বাধীন সেও একটা প্রশ্ন। কারণ আমাদের শিক্ষার নামে যে সকল ইনফরমেশন দেওয়া হয় সবই একটা ছাঁচ। জীবন শিক্ষা নাই। কাজেই আমাদের ভাবনার স্বাধীনতা নাই। যা কিছু আমার ভাবনা বলে আমরা মনে করি, তা অনেকাংশেই হয়ত আমাদের মাথায় পরিকল্পিত ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। --সিনেমা, টিভি, খবর, বিজ্ঞাপণ, বিলবোর্ড, গুজব, সমস্ত মিলিয়েই এই আমি।  কল্পবিজ্ঞানের মাইক্রো ব্রেন চিপের মতো, আসলে আরো ভয়ংকর। এর থেকে পালানোর উপাই নাই। স্বাধীন কবিতা কীভাবে লিখবি রে!  একাডেমিক ভাবে চুড়ান্ত অশিক্ষিত হওয়া একটা পথ হতে পারে।    হাসছিস? 

সমিধ :-  জীবন শিক্ষার কথা বলছ! শান্তিনিকেতন তথা বিশ্বভারতীর অবস্থা দেখছ তো! আবার দ্যাখো, গান্ধীজি তৎকালীন দিনে আশ্রমে বই পড়তে দিতেন না বলে শুনেছি| তা রবীন্দ্রনাথ এবং গান্ধীজি এই দুই গ্রাহ্য পথপ্রদর্শকের দুই ধারার 'জীবন শিক্ষাও' আমাদের দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়|

কৌশিক :-   গান্ধীজির এই ব্যাপারটা জানিনা। তবে রবীন্দ্রনাথ বা অরবিন্দের নির্দিষ্ট কিছু ভাবনা রয়েছে শিক্ষা সম্পর্কে। সেগুলো এখানে বলে ভার বাড়িয়ে লাভ নেই। তো রবীন্দ্রনাথের শিক্ষা আদর্শের ঘন্টা সম্ভবত সেদিনই বেজেছিল যেদিন বিশ্বভারতী কেন্দ্রীয় প্রতিষ্ঠান হল। আরেকটা ব্যাপার হল, কেন্দ্রীয় যদি নাও হত, তবুও হয়ত সেই শিক্ষা আদর্শ চলতে পারত না খুব বেশি কাল। কারণ জগৎ একদিকে, আর তার মাঝে উল্টো পথের একটি দ্বীপ হয়ে কোনো আদর্শ কোনো প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে কিনা জানিনা।  হয় গোটা জগতকে নিজের মতো কর, নয় নিজে জগতের স্রোতে মিশে যাও, এই হল নিয়ম।  সুতরাং যা হবার তাই হয়েছে।             


সমিধ :-  জগতের বেশিরভাগ সাধারণ জনগণই লোভী, ভোগবিলাসী, পরিশ্রমবিমুখ এবং কোয়ালিটি নেগেটিভ এই ধরণের একটা মতামত খুব চলছে| যেন গুটিকয় মাত্র মানুষ এসবের উপরে উৎকর্ষ চিন্তাভাবনা এবং জীবনচর্যায় ব্যাপৃত থেকে জগৎ কল্যাণে ব্যস্ত, আর বাকিরা নিতান্তই অবুঝ ও নালায়েক| অথচ আমরা যখন শিল্প সংস্কৃতির বিশুদ্ধতার কথা বলি, যখন গ্রহণযোগ্যতার কথা বলি তখন এই জনতাই জনার্দন, জনতাই একটা অনিবার্য শক্তি| স্পষ্ট করে বলো তো, এটা কেমন দ্বিচারিতা! আর সাধারণ জনগণ সত্যিই কি শিল্প সংস্কৃতির উৎকর্ষতার ট্রেন্ড তৈরী করতে সক্ষম? 


কৌশিক :-   জগতের বেশিরভাগ সাধারণ জনগণই লোভী, ভোগবিলাসী, পরিশ্রমবিমুখ এবং কোয়ালিটি নেগেটিভ আর গুটিকয় জগৎকল্যান করছে  এরকম কোনো মতবাদ আমি শুনিনি এখনো। তাই বলতে পারব না। আর বিশুদ্ধতার সঙ্গে জনগনের সম্পর্ক কী তাও বুঝলাম না। 

এখন তোর এই ক্ষোভটা নেব না প্রশ্নটা নেব? দুটো ত আলাদা? আচ্ছা এগুলো কারা বলছে, আমি ত খোঁজখবর রাখিনা বিশেষ। ব্যাপারটাই বুঝছি না তাই। 

শেষ লাইনের প্রশ্নটা আলাদা ভাবে নেব?

সমিধ :-  তোমার বক্তব্যের প্রথম অংশের পরিপ্রেক্ষিতে কিছু ক্লু দিচ্ছি:-

এক, বাণিজ্যিকভাবে প্রমোট করা জিনিসই সাধারণ মানুষ খাচ্ছে| দুই, জীবন শিক্ষাহীন শিক্ষিত হওয়ার সিস্টেমে ইঁদুর দৌড়ে সামিল হচ্ছে জনসাধারণ| তিন, খুব সহজেই রাজনৈতিক বোড়ে হয়ে ওঠা| চার, চূড়ান্ত ধর্মীয় অসহিষ্ণুতা, তোষণ এবং ধর্মান্ধ মানসিকতার ক্ষমতায়ণ|


আরও অনেক কিছুই তো প্রতিদিনের চায়ের দোকান থেকে টেলিভিশনের বোদ্ধা আলোচনায় নিয়মিত ঝড় তুলছে| এড়িয়ে যাবে কী ভাবে!


যাই হোক, শেষ লাইনের প্রশ্নটা নিয়ে বলো|


কৌশিক :-   আচ্ছা, শেষ ভাগের প্রশ্নটা ধরে বলি। প্রথমত, শিল্প আর সংস্কৃতির অর্থ বিপর্যয় ঘটে গেছে বহুকাল। এটা আমার মনে হয়। একদম প্রথমে শিল্প বিষয়টা কীভাবে এলো,  আলোচনা হয়েছিল। সেটা ধরলে,  তখন শিল্পের কোনো ক্লাস ছিল না। এখন আছে। এখন বিশেষ কিছু মানুষ শিল্পের চর্চা করে। একটা শ্রেণী।  অথবা শিল্প ব্যাপারটা একটা ছোট খোপে ঢুকিয়ে দেওয়া হয়েছে।   আর সংস্কৃতিও তাই মনে হয়। রবীন্দ্র নৃত্য, গান, দুটা আধুনিক, তারপর শঙখ বাদন, মোমবাতি জ্বালানো এসবে এসে ঠেকেছে আরকী। এই হল সাংস্কৃতিক অনুষ্ঠান। অবশ্য নন্দন পাড়া আর আমাদের গয়লা পাড়ার সংস্কৃতি আলাদা। তো নন্দন পাড়া সবার জন্য নয়, সেটা একটা ক্লাস। আমাদের পাড়া আরেকটা ক্লাস। আরো আরো ক্লাস আছে। 

এখন আধুনিক উচ্চমার্গীয় যে শিল্পধারাটি, সেটি একটি ছোট্টো ক্লাস। মধ্যবর্গীয়রা আমাদের পাড়ার যেটা বল্লাম। আর বাকি থাকে 'অপর'। তারা 'শিল্প' করে না। অথবা তাদের বেঁচে থাকার থেকে শিল্পকে আলাদা করে খুলে দেখানো যায় না।


 লক্ষ্মী পূজার ধানের ঝাঁপি সাজানো হত একটা সময়, লাজদুয়ার থেকে লক্ষীর পায়ের ছাপ এঁকে চলে ঠাকুর ঘর উঠোন পেরিয়ে। গোবর নিকানো উঠোনে আঁকা শেয়াল, পেঁচা, মই, লাঙল, ধানের মরাই, এইসব। দুয়ারে পা দিলেই তুই সেই পদছাপ ধরে পৌঁঁছে যাবি সঠিক জায়গায়। শুক্লপক্ষের চাঁদ উঠলে পুজা হয়। এটা রিচুয়াল। তো সেই একনম্বর ক্লাস এই রিচুয়াল থেকে পৌঁছে গেল ইনস্টলেশন আর্টে। এই পুজা আমাদের বাড়িতে হত বছরে চারবার, এখন আর হয় না, জমি নাই, ধান আসেনা, এখন আমি ক্লাস নির্দেশিত কবিতা লিখি।   সেম জিনিস বাঁকুড়ার ঘোড়া। আর্ট করেনি কেউ, আসলে কালভৈরব  এর থানে ঝোপে জঙ্গলে পড়ে থাকা অপদেবতা এরা। এখন ফার্স্টক্লাসের ড্রয়িং রুমে তিনি থাকেন। বিষয়টা কি কিছুটা বলতে পারলাম?


সমিধ :-  এইটা খুব স্পষ্ট একটা দিশা পাওয়া গেল তোমার কথায়| খুব সুন্দর বললে।  উঠোনে আঁকা শেয়াল, পেঁচা, মই, লাঙল, ধানের মরাই, এইসবে পা দিয়ে হেঁটে যাওয়ার অভিমুখটাই আমাদের সামান্য শিল্পচর্চার অভিমুখ| এই ছবিগুলিই আমাদের আত্মার আত্মীয়, আমাদের শিল্প ভাবনার প্রথম সোপান। তোমার ব্যক্তিগত আলাপচারিতায় অনেকবারই পেইন্টিং এর কথা উঠে আসে| মূলতঃ একাডেমিক পেইন্টিং এর কথাই| তোমার ভাবনা এবং লেখা এই একাডেমিক ও নন-একাডেমিক পেইন্টিং দ্বারা কীভাবে প্রভাবিত জানতে ইচ্ছে করে।

কৌশিক :-   এখানে সেই টিভির লোকটার মতো চেঁচিয়ে উঠতে ইচ্ছে করছে -- না  না না না না না! মানে একাডেমিক পেন্টিং সম্পর্কে আমার যে জ্ঞানগম্যি আছে বলে তোর ধারণা, সেটা সম্পূর্ণ ভুল। তবু বলেছি হয়ত কখনো, তার কারণ সঙ্গদোষ। আমার যারা বন্ধু,  যারা একসঙ্গে বড় হয়ে উঠেছি এই বিষ্ণুপুরে, সেই দলটির প্রত্যেকেই,  আমি বাদে,  ফাইন আর্টসে গেছে।   এখন তারা সবাই নিজের মতো প্রতিষ্ঠিত, ভারতের নানা শহরে,    তবু আমাদের সেই শেকড় বিষ্ণুপুর। সত্যি বলতে আমার বন্ধুরা কেউ কবি নয়, যদিও কবিবন্ধু অনেকেই আছেন। আর প্রভাব যদি বলিস তাহলে বলব, পেন্টিং নয়, আমাদের সবার মনোজগতে এই পরিবেশটা রয়ে গেছে, এই টেরাকোটা মন্দিরের চাতালে সারাদিন বসে থাকা, এগুলো আমাদের পাড়াই বলতে পারিস, এই অপূর্ব শৈলী, এই মাটি, এই এবড়োখেবড়ো ঢালু জমি, কাঁটা ঝোপ এইসব। ছোট থেকেই এর চারপাশে বেড়ে ওঠা, পরে, বড় হয়ে দেখব যামিনি রায় আদি শিল্পীদের ছবিতে এই বাংলার টেরাকোটার প্রভাব, ইত্যাদি।   বাস্তবে এইসবই যদিও বদলে গেছে, কিচ্ছু নাই। তবু ভেতরে সেই মাটির রঙ কোথাও হয়ত রয়ে গেছে আমাদের।

সমিধ :-  কবি মনীন্দ্র গুপ্তের তবু একটা অনির্বচনীয় অক্ষয় মালবেরি আছে| এই অনবরত হারিয়ে যাওয়া আর ছিন্নমূল হওয়া আমরা কী রেখে যাচ্ছি? কয়েকটা চটি কবিতার বই কি আর এতটা ভার বহন করতে পারব? 

কৌশিক :-   আহা! অক্ষয় মালবেরি! এইটা পড়ে আমি গদ্য লিখতে শিখেছিলাম। গদ্যে প্রাণ দেওয়াও দেখেছিলাম। 

সমিধ :-  গদ্যের কথা এল যখন, তখন তোমার সেই  " চূড়া নাই, বাঁশি নাই, নাই রে কানাই/ কুন বনে হারাইলি বাঁশি খুঁজে পেলুম নাই..." -এর গল্পটা একটু শুনতে চাইব। কীভাবে প্রান্তিক মানুষের দিনযাপন এবং তাদের মুখের গান তোমার মধ্যে ঢুকে পড়ল?


কৌশিক :-   এইটা বোধয় 'গতজীবনের গল্প'এ ছিল। বোষ্টম ঠাকুরের কাছে শোনা গান। মানে গ্রীষ্মের ভোরবেলা ঘুম ভেঙে গেলে, কোনোদিন হয়ত অন্ধকার জানলা দিয়ে ভেসে আসা গান। খুব ভোরে ঝুঁঝকা অন্ধকারে বোষ্টম ঠাকুর গাইতে গাইতে চলে যাচ্ছে খঞ্জনী বাজিয়ে। ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে তার কণ্ঠ। বেলা হলে ছাতা মাথায় চাল নিতে আসবে পাড়ায়, ঘরে,  তখন দেখা হবে, এক মুঠো চাল,  কখনো বা একটা মেটে আলু । নানা রঙের চাল ভরা ঝুড়ি।  মায়ের সঙ্গে কথা হবে তার, ঘরের, ছেলেমেয়েদের, অভাবের, সমাজের কত যে বিষয় থাকে...।  

  তো প্রান্তিক কে? প্রান্তে বসবাসকারী অর্থে প্রান্তিক যদি হয়, তবে তার মূল কোথায়? কেন্দ্র কোনটিই বা? ক্ষমতা যদি কেন্দ্র হয়, শাসক যদি কেন্দ্র হয় তবে প্রতিটি সাধারণ মানুষ প্রান্তিক। আর দীর্ঘ ইতিহাস, সমাজ,  তার মানুষ,  আমাদের এই চলমানতার কেন্দ্রে রয়েছি আমরা প্রত্যেকে। আমি যেখানে দাঁড়িয়ে, সেটাই আমার কেন্দ্র। এর কোনো প্রান্ত নেই। আসলে এই 'প্রান্তিক' শব্দটি খুবই রাজনৈতিক বলে মনে হয়। ইতিহাসের প্রান্ত বলে কিছু হয় না। এটা ভুল শব্দ।  

সমিধ :-  আমি বলতে চাইছি, তোমার স্কুল, কলেজ কোথাও তো এই মানুষদের কথা নেই। যেটুকুও আছে সেটুকু ক্ষমতার কেন্দ্র থেকে দেখাটুকু। সিস্টেমের মধ্যে পড়ে এইই ত শিখি আমরা বছরের পর বছর। অথচ এই সিস্টেমের মধ্যে বাধ্যবাধকতায় ঢুকে পড়া সাধারণ কিশোর- যুবকটির মনে আঁকা থাকে অন্য একটা ছবি। এই তুমুল বিরোধিতার শিক্ষা ব্যবস্থা এই দেশে সফল হওয়া সম্ভব? আর অন্য পিঠে সেই কিশোর বা যুবাটি 'আধুনিক' গ্রহণযোগ্যতায় পিছিয়ে পড়বে না কি?


কৌশিক :-   আগেই কোনো একটা প্রশ্নের প্রেক্ষিতে বলেছি বোধয়-- চুড়ান্ত ভাবে একাদেমিক শিক্ষায় অশিক্ষিত হওয়া একটা পথ হতে পারে। যেটা অসম্ভব। কারণ একাদেমিক শিক্ষার একমাত্র উদ্দেশ্য রাষ্ট্র চালনার যন্ত্র উৎপাদন। সেই যন্ত্র 'দেশে'র কথা  ভাবে না। বরং ভুলিয়ে দেওয়া হয়। আর 'আধুনিক' গ্রহণযোগ্যতায় এগিয়ে থাকতে গিয়ে ত জগতটাই শেষ হয়ে গেল! এর থেকে আর উঠে আসা যাবে কিনা জানিনা।  কিন্তু আমি ত শিক্ষাবিদ নই, বরং মূলত অশিক্ষিতই। এসব প্রশ্ন আমাকে কেন ভাই!   


সমিধ :-  হা হা হা... শিক্ষাবিদের ওপর সম্পূর্ণ ভরসা করলে এমন আলোচনাগুলি তো মূল্যহীন হয়ে পড়ে। 

সে যাক, কবিতা বা সাহিত্যের ক্ষেত্রে রাজনীতিকরণ ও ক্ষমতার কেন্দ্রীকরণ বিশ্বাস কর? এ ব্যাপারে তোমার মতামত কী?


কৌশিক :-   কবিতা বা সাহিত্যের ক্ষেত্রে কোনো রাজনীতিকরণ নাই,  কোনো ক্ষমতার কেন্দ্রীকরণ নাই। এটা তো তুইও জানিস।

 তবে এসবের বাণিজ্যিকরণ করতে গেলে বিষয়টা এসে পড়ে। খ্যাতির ব্যাবসাও এসে পড়ে। পুরস্কার এসে পড়ে। তবে আবার বলছি-- কবিতা, সাহিত্যে এসব নাই।  অন্ততঃ থাকার কথা না। কবিতা লিখে যদি পুরস্কার পাওয়া যায়, তবে ঈশ্বর চিন্তার জন্যও পুরস্কার থাকা উচিত তো? কে কতটা ঈশ্বরের কাছে যেতে পারলো, কার উপলব্ধি কত জোরালো... তেমন হয় নাকি?। ঈশ্বরের উদাহরণ দিচ্ছি বটে, যদিও ঈশ্বর ব্যাপারটা আমিও খুব একটা ভাবিনি কখনো।   আমি নিরীশ্বর প্রাণী। পাপী লোক আরকি।   

ওহ, হ্যাঁ, মোটা টাকার পুরুস্কারের খোঁজ পেলে জানাস। পাপীর ছুঁতমার্গ নাই। 

 

…


এই সূত্রে আমার একটা অন্য কথা মনে আসে,   আমি মনে করি পৃথিবীর গভীর কাব্য সাহিত্যগুলি বোধয় আড়ালেই রয়ে গেছে। যত গভীর, ততই গোপন! হয়ত তার খুব কাছের কিছু মানুষ, তার ভাষার কিছু পাঠক ছাড়া কেউ খোঁজ পায় না তার। 

   ধর, বাংলা ভাষার সেই লেখাগুলি তখনই অন্য ভাষার মানুষের কাছে গিয়ে পৌঁছবে, যখন সে পুরস্কৃত হবে, অনুদিত হবে, আর সেইজন্য তাকে আগে পৌঁছতে হবে সেই ক্ষমতার পায়ের কাছে। একজন শিল্পীর তো তা কাজ নয়, কাজেই সে তার আশপাশ নিয়ে পড়ে থাকে। অন্য ভাষা, অন্য দেশের ক্ষেত্রেও একই ব্যাপার। আর এসবের, এই ছড়িয়ে পড়ার, খুব প্রয়োজনও নাই বোধয়। ভুগোলে পড়েছিস ত, জলবায়ু অঞ্চল অনুযায়ী সেই সেই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের জন্ম। অন্য জায়গায় তার দরকার বিশেষ নাই।  

  তবে একটা কথা বলা দরকার।এখন দিনকাল পাল্টেছে। আন্তর্জালের মাধ্যমে সরাসরি এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছে। বন্ধুত্ব হতে পারছে। সেই সূত্রে অনুবাদ বা অন্য আর্টফর্ম সরাসরি চলে যাচ্ছে অন্যত্র। তবে এখনো সেটা সামগ্রিকতা নয়। ভবিষ্যৎ হয়ত আরো পাল্টে যাবে। 


সমিধ :-  কাব্য-সাহিত্য-শিল্প কি শুধুমাত্র ব্যক্তি বা মুষ্টিমেয় মানুষের প্রয়োজনের শৃঙ্খলেই আবদ্ধ থাকা উচিত? একটা রিজিওনাল ভাষা বাংলাতে লিখেই তো একজন বাঙালি কবি নোবেল পেয়েছিলেন।  তা নিশ্চয়ই তাঁর সৃষ্টিকে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে| আরো ব্যাপ্ত, আরো অনেক সচেতনাস্পর্শী।


কৌশিক :-   উচিত-অনুচিতের ব্যাপার নয় ত। আর এসব যে কী কাজে লাগে তাও সঠিক জানিনা আমি। হয়ত বহুদূরবর্তী কোনো কাজ তা, যা এক্ষুনি বোঝা যাবে না। আর আবদ্ধও নয় কিন্তু, ভাষার ক্ষেত্রটাই যা গণ্ডিবদ্ধ, সংগীত, সিনেমা চিত্রের ক্ষেত্রে তা নয়  ।  ভাষা আর লিপির ক্ষেত্রটিতে তার সীমা আমাদের মেনে নিতেই হবে। আর নোবেল কিন্তু রিজিওনাল ভাষাটিতে আসেনি। ভাষাটি বদলে গেছল। যদি ঘুরিয়ে প্রশ্ন করি, নোবেল প্রাপ্তিই কেন আরো ব্যাপ্ত আরো সচেতনতাস্পর্শী করে তোলার মানদণ্ড হবে! আলফ্রেড নোবেলের জন্মের আগেই বা কী নিয়ম ছিল? আসলে মূল 'কাজ'টি আগেই ঘটে যায়, তারপর তো পুরস্কার প্রাপ্তি, তারপর পরিচিতি ইত্যাদি।  যাকগে, বাদ্দে, এসব নিয়ে বড় বড় মানুষের অনেক কথা রয়েছে,  অনেক আলোচনা।   আমি অত জানিও না।


সমিধ :-  তুমি ঈশ্বরবিশ্বাসী নও বল অথচ তোমার অনেক গদ্য বা কবিতাতেই অপূর্ব এক আস্তিক্য বোধের অস্তিত্ব আছে। এক্ষেত্রে তোমার আত্মজীবনীমূলক লেখা 'গতজীবনের গল্প' এবং 'ফেরিওয়ালার ডায়েরি' অসাধারণ। এই আস্তিক্যবোধটিকে তুমি বাস্তবে প্রগতিশীলদের মতো ঘোষিতভাবে অস্বীকার করো কেন?


কৌশিক :-   'কভি কভি লাগতা হ্যায় আপুন হি ভগবান হ্যায়...! ' --গনেশ গায়তোণ্ডে। একে তুই চিনিস না নিশ্চয়। দরকারও নাই। (এইখানে একটা হাসি হবে) 

আসলে যা জানিনা, স্পষ্ট জানিনা, তা নিয়ে কিছুই বলার নেই। এই জন্য কবিতা নিয়েও কিছু বলতে পারিনা। সেও আমার কাছে ওই 'ঈশ্বর'তুল্য, অস্পষ্ট ধারণা মাত্র। কিন্তু অবিশ্বাসী বলিনা নিজেকে। যাকে চিনিনা,  তাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় কি? যদি তিনি আছেন, তো আছেন। আমার আপত্তি বা  সহমতি কিছুই নাই। 

  তবে একটা মজার কথা তোকে বলি, কেউ যখন খুব অন্তর দিয়ে ঈশ্বর উপলব্ধির কথা বলে, কোনো বিশেষ অতিজাগতিক অনুভুতির কথা, ধর যে বলছে সে আমার ভালবাসার মানুষ, তখন আবার তার সেই কথা আমি বিশ্বাস করে ফেলি। কখনো হয়ত গল্পের মাঝে শিউরে উঠি,    অন্তত সেই মুহূর্তে সত্যিই তা বিশ্বাস করতে পারি। এ হল ভালোবাসা, বুজলি কিছু? 


যেটা বলা হয়নি তা হল-- আমাদের উপলব্ধির সীমাবদ্ধতা।  আমাদের জীভের স্বাদ গ্রহণ যেমন, একই পদ কারো মুখে আলুনি লাগছে আবার কারো মুখে নুন বেশি লাগে। কেউ ঝালের চোটে খেতে পারছে না, কেউ  আরো দুটা লংকা চেয়ে নিচ্ছে। এ হল ইন্দ্রিয় অনুভূতি।  এখন আমার মনে হয় ষষ্ঠেন্দ্রিয়ের অনুভবও সেইমতো। আমার উপলব্ধির ভেতরে যা নেই,  তার অস্তিত্ত্ব জগতে কোথাও নেই,  --এ বোধয় ঠিক ভাবনা নয়। ঈশ্বর বিশ্বাস প্রসঙ্গে এটুকু বলার, যে,  তা আমার উপলব্ধির জগতে নেই। হয়ত অন্য কারোর উপলব্ধি জগত সেই কম্পাংক ছুঁতে পারে। তা আমার স্বীকার বা অস্বীকারের উপর নির্ভর করে না। এর কোনো সর্বজনগ্রাহ্য ব্যাখ্যা নেই। যে কারণে আমি নিটোল নাস্তিক বা আস্তিক কোনোটাই নই। এইটুকুই।




সমিধ :-  এক সময় সত্যি সত্যি যে ফেরিওয়ালার জীবনে ঢুকে পড়েছিলে, সেই জীবনকে ভালোবেসেছিলে? বিশ্বাস করেছিলে? নাকি শুধুমাত্র ফেরিওয়ালা হয়ে ম্যাটাডোরের ভিতর থেকে শুধু ক্রেতাদের জীবনছবিটাই ছিল একমাত্র রোমান্টিসিজম ?


কৌশিক :-   ওইভাবে ভাগাভাগি করে ভালোবাসার কথা ভেবে দেখা হয়নি। ফেরিওয়ালার চরিত্রে নিজেকে ভালোই লেগেছিল। তবে কিছু 'যদি' তো ছিলই। যদি মাথার উপরে কোনো সর্দার বা মালিকি সর্দারিহীন স্বাধীন ফেরিওয়ালা হতে পারতাম, তাহলে হয়ত ওই পেশাতেই রয়ে যেতাম আরো অনেকদিন। উত্তর ও মধ্য বিহারের ওই দেহাতি পথ, গ্রাম্য মানুষ এসব আসলে ভাল লেগেছিল। নিজেকে জাদুকর মনে হত। আমার ঝোলার ভেতরে সেই ফেরিওয়ালার মন্ত্রগুপ্তি। কিন্তু মালিকের মিষ্টি অত্যাচারে সেই রোমান্টিসিজম ভেঙে যেত।

সমিধ :-  ফেরিওয়ালার জীবনের দুদিকে একদিকে মালিক পক্ষ অন্যদিকে গুণ্ডা ও ছিনতাইবাজদের নিপীড়ন।  এই দুইয়ের মাঝে তোমার প্রাপ্তি ঠিক কী বলে মনে কর?


কৌশিক :-   ভালো লাগার জায়গাটা তো আগেই বললাম। আর ছিল মানুষজন, দেহাত, নতুন নতুন জায়গা, মূলত পথের নেশা। একবার পথে নেমে গেলে দেখেছি আর ভয় থাকেনা। একেবারে রাস্তায় নেমে, নিচু হয়ে,  ছোট হয়ে,  মানুষের কাছে যাবার ভেতরে একটা মুক্তি ছিল। রাস্তায় নামলে তখন আর হারাবার কিছু নাই ত। শীত গ্রীষ্মে একটাই কম্বল, ঝোলাটাই বালিশ। কখনো ধর্মশালায়, কখনো বা গাছতলায়, বিশ্রামরত ট্রাকের তলায় শুয়ে থাকা। কিন্তু কষ্ট হয়নি সেসবে।  রিস্ক এবং থ্রিল--দুটাই ছিল সেখানে।  



সমিধ :-  বইহার ফুলকিইয়া-সহ বিস্তীর্ণ ছোটনাগপুর মালভূমি বাঙালি পাঠকের হৃদয়ে কাব্যিক হয়ে আছে বিভূতিভূষণের গদ্যের মধ্যে দিয়ে।  ফেরিওয়ালা হয়ে তার কিছুটা আনাচে কানাচে তুমিও গিয়েছ।  বিভভূতিভূষণকে পুনর্বার পাওয়া গেল?


কৌশিক :-   বইহার ফুলকিয়া, কাহাল গাঁও, পীরপৈঁতি এসব তো খাস বিভূতিভূষণের এলাকা। এছাড়া শরৎচন্দ্র,  সতীনাথ, বনফুলেরও এলাকা বটে। ভাগলপুর তখনো পৌছুইনি, তখনো মনের মধ্যে ভাগলপুর মানে সেই ঈন্দ্রনাথ-শ্রীকান্তের মাছ চুরি, জনার ক্ষেতের ভেতর নৌকা, আর সেই মেঘে ঢাকা চাঁদের অন্ধকার রাত্রির গঙ্গার বর্ণনা, এই নিয়েই পাড়ি দিয়েছিলাম।  চটকা ভাঙলো সেখানে পৌঁছে, একদম বিপরীত একটা পরিবেশে।  সেসব কিছুটা লিখেছি ওখানে। রাস্তাঘাট, মানুষজন, ভীড়, নোংরা, রংবাজি সব মিলিয়ে তখন ভাগলপুর এক বিভীষিকা হয়ে দাঁড়ালো।


ভাগলপুর জেলাতেই  কাহাল গাঁও বড় সুন্দর জায়গা। গঙ্গার এপার ওপার দেখা যায় না, এমন বিস্তার, মাঝে একটা চর, তাও আবছা ধোঁয়ার মতো। গঙ্গার গতি পথে ওটাই সবচে চওড়া অংশ।  ওই পার বারৌণি শহর। এখন শুনেছি ব্রীজ হয়েছে। সেই ১৯৯৬ সালে, তখনো বেশ ফাঁকা আর নির্জনতা ছিল। বিভূতিভূষণ ফিলিং টা হতে পারত। কাঁধে ফেরির ঝোলা নিয়ে নদীর ধারে বসে থাকতাম কখনো,  জঙ্গল নদী, তখনও কিছু ছিল, কিন্তু সামাজিক পরিবেশ নষ্ট। গুণ্ডা চোর ছিনতাইবাজের রাজত্ব চারদিকে। ফেরিওয়াকেও ছাড়ে না এরা। একাধিকবার পিস্তলের নলের মুখে দাঁড়াতে হয়েছে। তা তখন বিভূতিভূষণ কেন, বাপের নামও মনে পড়ত না ঠিকঠাক। 


সে যাইহোক,  আমি অক্ষরে দেখা জায়গাগুলো কাছাকাছি পেলে গিয়ে চর্মচোক্ষে দেখার চেষ্টা করতাম। কিন্তু অক্ষরের জগৎ আর এই মর-ভূমি   কি আর মেলে? তাছাড়া দুটা একদম আলাদা টাইম-স্পেসে! তবু ওই আরকি...  


সমিধ :-  মাথায় বন্দুক ঠেকানোর অভিজ্ঞতা বোধ হয় বাঙালি লেখকদের জগতে অতটা সুলভ নয়।  সেই মুহূর্তে কার কথা মনে পড়ে? কবিতার লাইন ভেসে ওঠে না? (হাসি)


কৌশিক :-   শুধুমাত্র মাথায় বন্দুক কেন , কবিরা ত ফায়ারিং স্কোয়াডেও দাঁড়িয়েছে বলে শুনেছি। তা সেসব আনোখা পথেঘাটে নয় অবশ্য। তারা আদর্শের জন্যই দাঁড়িয়েছিল। এদিকে কিছু রাস্তার গুণ্ডার সামনে  বীরত্বে কোনো আদর্শও নাই লাভও নাই। চোদ্দপুরুষের দেওয়া প্রাণটি যাবে খামোকা। তো, সেই মুহূর্তে কার কথা মনে পড়ে? কবিতার কথাটা তো ইয়ার্কি মেরে বলছিস বোঝাই যাচ্ছে। তাছাড়া তখন কবিতা থেকে আমি অনেক দূরেই। সে যাইহোক, যেকোনো বিপদে আমি যা করি, তাই করতাম। ফার্স্ট-ফরোয়ার্ড! এটা জীবনের নানা বিপদে করেছি আমি। বিপদ অনুযায়ী  টাইম এগিয়ে দিই সুবিধে মতো।  কখনো একদিন, কখনো ছমাস, একবছর, দশবছর...। যখন সেই ছেলেটা পিস্তল বার করল, সবাই হতভম্ভ, আমি তখন ভাবছিলাম--আগামীকাল, ঠিক এই সময়, আমি কী করছি? কোথায়? দুপুরের খাওয়া    হয়ে গেছে কি? অন্য কোনো গ্রামের পথে হাঁটছি? …. আমি একটাদিন টপকে চলে গেলাম।


সমিধ :-  কৌশল যে কার্যকরী তা তো প্রমাণিত।  ওই লেখা থেকেই জানা যায় যে তোমার ডাকনাম কানাই।  একটা নদীর নাম বরাকর, যাকে তুমি লক্ষ্মণ গণ্ডী নাম দিয়েছ।  এখন যদি জিজ্ঞেস করি, কানাই কি কখনোই এই গণ্ডী পেরোতে পারবে না? অন্ততঃ যে কানাইয়ের হাতের মুঠোয় আছে টাইম বদলের সুযোগ!


কৌশিক :-   ওই নদীটা ছিল বরাকর। পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তে। এবার কানাইয়ের কথা যা বলছিস, সেটা বোধয় জীবনের লক্ষণ গণ্ডী প্রসঙ্গে। আসলে গণ্ডী যেটুকু থাকে, তা আমাদের পারিপার্শ্বিক, সমাজ, নীতিশিক্ষা, এই সমস্ত কিছুর একটা নির্মম কঠিন গণ্ডী। যাকে সামাজিক মানুষ পেরোতে পারেনা। এবার যারা অল্প স্বল্প কবি কবি লোক, এই যেমন ধর আমিই (হাসি),  তাদের এইসব নানান তুক-তাক জানা থাকে। সমাজে বাস করে অসামাজিক হওয়ার তুকতাক। সে তো তুই নিজেই কবি হিসেবে জানিস কিছুটা। এই গণ্ডী পেরোনোটাও তাই কিছুটা ফার্স্ট ফরোয়ার্ড করার মতোই ম্যাজিক। যাকিছু পারলাম না, যে অবরোধ, যে ঈপ্সা, যে অবদমন, যে ক্লান্তি গোপন রাখতে হয় আমাদের,  তাকে মধ্যরাত্রে সাদা পৃষ্ঠায় উন্মুক্ত কর। তাকে রমণ কর। আদরে,  যত্নে। নিজের টাইম-স্পেস ভেঙে বেরিয়ে যাও। কখনো কখনো ম্যাজিক ঘটে যায়, এ ছাড়া কিই বা পারি বল...    


সমিধ :-  তুমি এক্ষেত্রে খুবই বিনয়ী, তবু জানতে চাইব, এখন যে তরুণরা লিখছেন,! তাঁদের মধ্যে এই ম্যাজিকটা দেখতে পাও? কোনো কানাই, কোনো ফেরিওয়ালাকে তাঁদের মধ্যে খুঁজে পাও? তরুণদের প্রতি তোমার বক্তব্য কী?


কৌশিক :-   ‘দুঃখ কর অবধান, দুঃখ কর অবধান ' –

একেবারে নতুন যারা, যারা কবি, যারা কবি নয়,  তাদের সকলকেই এটুকুই শুধু বলার। একজন ভারতীয় পথযাত্রীর এটুকুই শুধু দেখার বলে মনে করি। এর বেশি কিছু না।

হ্যাঁ, প্রচুর ছেলেমেয়ে আছে, আমি খুঁজে পাই বা না পাই, আমি বিশ্বাস করি প্রচুর ছেলেমেয়ে আছে, যারা জাদুকর। তাদের ম্যাজিকের অপেক্ষায় থাকা আমাদের। তাদের সকলকে আমার প্রণাম।

হ্যাঁ রে এই দীর্ঘ বাচালপনা...লোকে গাল দেবে তো! এবার তো থামা দরকার কোথাও।  প্রচুর বকবক করলাম। শান্তি শান্তি...


সমিধ :-  কবি লেখকরা আর কবে গালাগালিকে পরোয়া করেছ! তবু একসময় থামতেই হয়। আরও অনেক কথা বাকি থেকে গেল।  পরে অন্য কোথাও আবার জানব নিশ্চয়।

আপাততঃ শেষ প্রশ্নে এটা জানতে চাই যে যদিও তোমার ‘মাধবী বাগান’ নামে একটি গল্পের বই বেরিয়েছিল। মনে হয় প্রোডাকশনের কিছু সমস্যার কারণে বইটি পাঠকের হাতে সেভাবে পৌঁছায়নি।  আমি তোমার গল্প এবং গদ্যের একান্ত ভক্ত।  তার পিছনে অনেকগুলি কারণ আছে।


আপাততঃ প্রশ্ন এই যে, তোমার কবিতা সম্বন্ধে অনেকেই জানেন। কিন্তু তোমার মরমিয়া ও মায়াময় গদ্য ও গল্পগুলি পাঠকদের কাছে সেভাবে পৌঁছাল না কেন?


কৌশিক :-  হ্যাঁ, 'মাধবী বাগান' নামে একটা গল্পের বই হয়েছিল ২০১৮ তে।  প্রথম মুদ্রণে বেশ কিছু ভ্রান্তি থাকায় সেটা আটকে ছিল। পরে আমি আবার সংশোধিত প্রুফ পাঠাই। শুনেছি তা  আবার ছাপা হয়েছে ২০২০ বইমেলায় । দেখিনি যদিও। মহামারী,   লকডাউন ইত্যাদি কারণে সম্ভবত প্রকাশক পাঠিয়ে উঠতে পারেন নি। সে যাইহোক। এইটুকু সময়ে এবং অসময়েও বলতে পারিস, কোথায় বা পৌঁছবে লেখাগুলি। তাছাড়া বেশি তো লিখিনি আর। 'ফেরিওয়ালার ডায়েরি'ও বই হয়নি। গদ্য কতটুকুই বা লিখেছি যে তুই পড়লি! কাজেই পাঠক জানবে কীভাবে? আর সত্যি বলতে এখন অনেকের এত ভাল কিছু গদ্য পড়ি, এত ভাল লেখা, নিজের দিকে তাকালে সংকোচই হয়। মনে হয় এই অল্প মেধাহীনতায় যেটুকু দেওয়ার ছিল তাও কি দিলাম? তাও যেটুকু ভালোবাসা পাওয়া হল, তা যথেষ্টর চেয়ে বেশি মনে হয়। এর বেশি আশা করতে লজ্জা হয়। 


সমিধ :- অনেক ধন্যবাদ কৌশিকদা।  বাংলা সাহিত্যের পাঠকের  ভালোবাসা প্রাপ্তি তোমার উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা করি।  সামান্য কয়েকটি ডাইমেনশনই এই কথপোকথনে   ধরা রইল। বাকিটুকু কালের সম্ভাবনার উপর ন্যস্ত রইল।  সমস্তরকম শান্তি প্রার্থনা করি।

ওম শান্তি! ওম শান্তি! ওম শান্তি!

 






কবিতার কাটাকুটি




কবিতার কাটাকুটি 



কবিতা লেখা নিয়ে কিছু বলবার অবাধ্যতা শেষ পর্যন্ত এই লেখা। কে কেন কীভাবে কবিতা লেখে আমি ভেবে পাইনা! একেক জন কবির কবিতা পড়ি,  হয়ত বই, বা কোনো পত্রিকায়, তখন ভাবি ইনি কি জানেন ইনি একজন কবি! মানে কবি সেজেই কি তিনি লিখতে বসেছিলেন? টেবিলে সেজবাতি, রেক্সিনে মোড়া নীল খাতা, পিছনে তাক ভরা বই, সামনে খোলা জানলার ওদিকে এক কিশোরী বেগুনি রঙের শাড়ি মেলছে ছাদে। আর মাথার উপর ঘড়ঘড়ে সিলিং ফ্যান। খোলা খাতা, কবির কলম ভর করে কবিতা নামছে! অনেকটা অধুনা সিপিয়া টোনের বায়োস্কোপিক সিন। কবির মুখ দেখা যাচ্ছে না। নিশ্চয় দাড়ি আছে তার। কিন্তু ঘর সংসার বৌ বাচ্চা অশান্তি পড়শির খিস্তি জমির মামলা বাজারের দরদাম এসব এই দৃশ্যে অনুপস্থিত।  আমি ভাবতে চেষ্টা করছি ইনি কেন লেখেন! কীভাবে কোন মাকালীর দিব্যি কে এসে ভরে দিয়ে গেল এর মাথায়! মানে লিখতেই হবে কেন ভেবে পাইনা! 

   আমি নিজে কবিতা টবিতা লিখি বলেই (সেসব আদ্যন্ত টবিতাই) সম্ভবত এই গদ্য মস্কোর বরাত পেয়েছি, তথাপি  আমি কোনোদিন কবিতা কী বস্তু বুঝিনি সত্যিই, এবং সত্যি বলতে একজন মানুষের জীবনে তা বোঝা খুব অত্যাবশ্যকীয় বলে মনেও করিনা। হ্যাঁ লিখিত শব্দ-কবিতার কথা বলছি। এছাড়াও কবিতার আরো আরো পথ ও পয়গম্বর রয়েছে, সেসব তো পরের ঘটনা। এবং সেসবই আসল ঘটনা। আপাতত 'নকল' লিখিত কবিতার কথা--


   ঘটনা হল, ইস্কুলে যখন পড়তাম ডায়েরি লিখতাম। সেসব অতি সরল বালকের ডায়েরি। বন্ধুদের সঙ্গে গুলিডাণ্ডা সাইকেলে অচেনা রাস্তা আবিস্কারের অভিযান, আর লুকিয়ে ঠাকুরের পাটালি খাওয়ার গল্প সেসব। ধীরে যখন আট কেলাস পার হয়ে নয়ে উঠছি, আর শরীরের ভেতরে কি যে ঘটে যাচ্ছে ভগবান!  গাছপালা আকাশ চন্দ্র সূর্য, সমস্ত রঙ পালটে যাচ্ছে। বাতাসের বয়ে যাওয়া দেখতে পাচ্ছি। আর ছেড়া হাওয়াই চপ্পল পায়ে হাঁটতে হাঁটতে এসবের ভিতর দিয়ে ইস্কুলে যাচ্ছি। ইস্কুল থেকে ফিরছি। আর দেখছি প্রাচীন পরিখার জলে শালুক ফুটে ঝরে যাচ্ছে। বাউরিদের এক কিশোরি উবু হয়ে শামুক তুলছে, আর তার পিঠের শিরদাঁড়ায় পনেরো কোটি কিলোমিটার দূরের নক্ষত্র, সূর্যের আলো পড়ে পিছলে যাচ্ছে।  আমি চোখ ফেরাতে পারি না। আমার লজ্জা হয়। দুবছর আগেও আমার শরীরে এই লজ্জা ছিল না। এ এক নতুন জাগতিক অনুভুতি। 

 বাড়ি ফিরে রাত্রে ডায়েরির সামনে বসে লজ্জা পাই। বড়দি বলেছিল এখানে সমস্ত সত্যি কথা লিখে রাখতে হয়। কিকরে লিখব এসব! কেউ পড়বে না, তবু নিজের কাছে নিজের মুখ লুকাবার এক আড়াল আবিস্কারের দিকে চলে যেতে থাকলাম আমি। লেখা যাবেনা, এসব লেখা যাবেনা কিছুতেই। অথচ এখানে সত্য লিখতে হয়। সত্যের আড়ালও কি সত্য! আমি আড়াল বাঁধলাম, বহু যত্নে, কষ্টে তখন ছলনার আশ্রয় নিলাম। গোয়েন্দা গল্পের রহস্য  চিরকুটের মতো সেসব লিখে রাখতে লাগলাম যাতে বড়দি বা ছোটকাকাকে ধোঁকা দেওয়া যায়। রূপক, চিহ্ন আর ছলনার মতো সেসব লেখা, সেই ভাষার আড়াল।

   বহু পরে, বোধয় কলেজের দিকে, একদিন এক বন্ধুর হাতে পড়ল আর সে অবাক হয়ে বদ্যি পুকুরে নায়াগ্রা আবিস্কারের ঢঙে বলল -- তুই কবিতা লিখিস! আমি ততোধিক অবাক বিস্ময়ে হাঁ হয়ে গিয়ে ভাবলাম এই তাহলে কবিতা! বন্ধুগণ,  তাহলে কবিতা শুধুই ধোঁকার টাঁটি আর ছলনা মাত্র! যা আদতে প্রকাশ করার জন্য নয়, বরং উল্টোটাই, নিজেকে লুকিয়ে রাখার জন্য! অর্থাৎ এ হল একরকম আন্ডারগ্রাউন্ড কাজকর্ম।

     এখন এই ছলনাময় জীবনের পঁয়তাল্লিশ বছর পার হয়ে যাচ্ছে।   



     এর পরেও এই যে কবি-বাসনা, এই যে নিজেকে সাজিয়ে তোলা,  অন্ধকারের আড়ালে একজন তৃতীয়লিঙ্গের মানুষের মতো, সমাজের লজ্জা, ঘৃণা, ভয়, সংসার পরিত্যক্ত এই যে আড়াল, সেখানে পৃথিবী ঘুমিয়ে পড়ার পর সে তার ওষ্ঠরঞ্জনী বার করে, ডান হাত বাঁকিয়ে ধরে আয়নার সামনে, মুখ বাড়ায়, নিজের প্রতিচ্ছবি দেখে আর স্নেহে, ভালবাসায়, কষ্টে,  এই ঘৃণিত জীবন পালটে ফেলতে না পারার ব্যাথ্যায়, সে এডিট করতে থাকে তার প্রতিচ্ছবি!    এইখানে গোলাপি পমেটম, এইখানে অল্প রুজ মুছে ফেলো, কাজল লেপ্টে যাচ্ছে অশ্রুতে, তাকে মোছো, আবেগ কমাও, আর লম্বা টিপ, ঝুটা মুক্তায় বুদ্ধিদীপ্ত হয়ে ওঠার আগে শেষ মুহূর্তে  ছিঁড়ে ফেল কুচি কুচি করে! এই নষ্ট জীবনের উপর কোনো সাজ, কোনো এডিট,  কোনো নির্মাণ অপছন্দ হলে এই নিয়ম আমাদের সংসারের।  এবং পুনর্ণিমানের জন্য অপেক্ষা।

    


     এইবার সরাসরি নির্মাণে এসে পৌঁছানো গেল। একজন অর্ধনারীশ্বরএর মতিচ্ছন্নতার নির্মাণ। কোনো সাজানো নির্মাণ এ নয়। একদম দিনের প্রখর রোদে মনসাতলা বাজারে পোকায় কাটা সবজির দরদামের মতো   নির্মাণ। যা দিনভর ক্ষুধা আর বেঁচে থাকার সঙ্গে মিলিয়ে নেওয়ার মতো। যা এক সমান্তরাল জীবন, নক্সার ভেতরে লুকোনো, যে নক্সা রয়েছে ভারি সিন্দুকের ভেতরে গোপন।   

   তো এসব সবার জীবনে ঘটেনা, কিছু কিছু ভুতে পাওয়া মানুষের কাণ্ড এসব। যেসব ঘটনার সঙ্গে বাকি ভৌত-পৃথিবীর ঘটনা প্রবাহের  যোগাযোগ থাকতেও পারে আবার না-ও থাকতে পারে। কখনো কখনো সে আধিভৌতিক এক জগতের বাসিন্দা।   অন্তত আর পাঁচজনের যে জগত, তা থেকে আলাদা এক অপর ভুবনের বাসিন্দা হতে চায় । আসলে চায়ও না, তার নিয়তি তাড়িত মগজ তাকে নিয়ে যায়। এই জৈব শরীরের  খিদে পেলে খেতে চায়। ঘুম পেলে শুতে চায়। সেই চাওয়ার জন্য ভাষা আছে। লিপি আছে। তবু সেই ভাষাকে অতিক্রম করে এক অন্যতর ভুবনের দিকে চলে যেতে চায় যারা তাদের এক  অভিশপ্ত প্যারালাল জগত রয়েছে এখানে। এক অন্যতর ভাষার জগত। কী সেই ভাষা?

   আমাদের ভাবনার মূলত কোনো ভাষা নেই। ভাবনা মূলত এক অলৌকিক ভিস্যুয়াল।  তার ধ্বনি ও রঙ নিয়ে  সে এক বোবা জগত। বোবা, অথচ মুখরিত।  মূক মানুষের যেমন অগাধ কথা সারাজীবন চাপা থেকে যায়, সে সব কথা কোনোদিন আর তার বলা হয়ে ওঠে না, এও খানিক তেমন।  তবু ভাবনার ভাষাহীন যে ভ্যিসুয়াল তাকে লিপিতে রাখতে গিয়ে বারবার হতাশ হতে হতে তার সবচে কাছাকাছি পৌঁছনোর নামই হয়ত নির্মাণ বা কাটাকুটি।

   এই হতাশা মূলত ভাবনার অবাধ অসীমত্ব আর অন্যদিকে ভাষার অল্পপরিসরের সীমার চিরকালীন  দ্বন্দ। যেখানে ভাবনাকে কেটে ছেঁটে অনন্যোপায় আঁটিয়ে নিতে হবে।  


   এইখানে রয়েছে এক ছন্দের কাজ।  আমাদের চলনের ও কথনের ভেতর রয়েছে এক ছন্দ, রিদম। যা অর্জিত হয় দীর্ঘ একটা চলার মধ্যে দিয়ে। ছন্দ আমাদের চলাকে সহজ করে অবিরত।   মাথায় বিপুল ভার নিয়ে চলেছে মুটে, তার পদক্ষেপের ভেতরে ছন্দ। মাথায় বিশাল কাঠের বোঝা নিয়ে চলা সাঁওতাল রমনীর নিতম্ব এক ছন্দের ভেতরে দুলছে। ছাত পিটুনি গান এখন আর রাজমিস্ত্রিরা গায় না, মেশিন এসে গেছে । কোনো কোনো মানুষের সাধারণ কথার মধ্যেও থাকে একটা ছন্দ। কাজের মধ্যে ছন্দ ত রয়েইছে। আছে হাঁটার মধ্যে। যেমন জীবনের ভেতরেও। ছন্দহীন মানুষের জীবন মূলত অসুস্থ। কবিতার ছন্দও তাই আলাদা কিছু নয়। ভাবনার আধার থেকে ভাষার আধারে সে কখনো ছন্দের মধ্যে এসে পড়ে। ছন্দ ভাঙলে ভাবনার সূত্রও ছিঁড়ে যায়। তখন মাথার ভেতর অবিরাম কাটাছেঁড়।     

   এই কাটা-ছাঁটার কাজটা খাতায় হবে নাকি মাথায় সে একান্ত অভ্যেসের ব্যাপার। যিনি বলেন আমার রচনায় কোনো কাটাকুটি নেই, একেবারে সরাসরি, স্বয়মাগতার মতো কাব্য এসে ধরা দেয়, তারও মনোজগতে রয়েছে নির্মাণ ও কাটাকুটি।  দীর্ঘ  জীবনের চাপে পড়ে তিনি হয়ত ভুলে গেছেন প্রথম জীবনে সেই সাইকেল শেখার দিনগুলি। যখন প্যাডেলের দিকেই তাকিয়ে থাকতেন, আর যথা সময়ে ব্রেক খুঁজে না পেয়ে হুমড়ি খেয়ে পড়তেন গর্তের ভেতর। এখন খুব সহজেই তিনি সেই দ্বিচক্রযানটির সওয়ার হয়ে অচেতনেই বাড়ি ফিরে আসেন, পথই তাকে ফিরিয়ে আনে। আলাদা করে আর ভাবতে হয় না তখন কোথায় প্যাডেল আর কোথায় পথ।  এ হল দীর্ঘ অভ্যেসের ফল। নির্মানও এক অভ্যেস, যা ভুলে গেলে কাব্য তখন স্বয়মাগতা।


   এরপরেও কিছু কথা থেকে যায়। কবি লিখিত রচনা শুধু কবি দ্বারাই না, অন্যত্রও পালটে যায় তার শব্দ কথা ভাবনা সমূহ। বাদ যায় হয়ত একটা অংশ, হয়ত প্রক্ষিপ্ত হয় ঘটনাবলী।  ব্যাস রচিত মহাভারত জানিনা ঠিক কেমন ছিল। দেশে দেশে,  ভিন্ন ভাষায়,  ভিন্ন কালে, ভিন্ন কবি আর অনুকারকের মসীকালির ভেতর তার রূপ পাল্টাতে পাল্টাতে গান্ধারী কবে হয়ে উঠলেন বাঙালী জেঠিমা আমরা জানিনা।  হাজার হাজার বছরের অতীত ঠেলে সেই প্রকৃত কাব্যের রূপ যাই হোক, এই আজ প্রকৃত সত্য। তাই কাব্যেরও শেষ সত্য কী আমরা জানিনা। যা আমার ভাবনার ভেতরে এসে শেষ পর্যন্ত মূল বিস্তার করে, তাই আপাত সত্য। যা হয়ত কিছু কাল পর পুনরায় পালটে যাবে অন্যতর সত্যের দিকে। 


(বোধশব্দ পত্রিকার পূর্ব প্রকাশিত)

    


সোমবার, ১০ জুলাই, ২০১৭

যা নেই, যা কখনো ছিল না...

যা নেই, যা কখনো ছিল না...



ভোরবেলা আর র্সূযাস্তের সময় পৃথিবী সাদাকালো হয়ে যায়। কোনো রঙ থাকে না তখন। একটা আলো থাকে ভোরবেলা, যা ‘ক্রমে আসিতেছে’ মনে হয়। সাদাকালোর উপর রঙ ঢেলে দেবে বলে। আর সন্ধেবেলা একটা বিপন্ন আলো, সে চলে যাচ্ছে, সমস্ত রঙ চলে যাচ্ছে তার পিছু পিছু একটা মনখারাপ নিয়ে। এর মাঝে রঙিন পৃথিবী! ঝলমল করছে নারকেলগাছ, বিদিশাদের হলুদ চিলেকোঠা, নীল আদিগন্ত আকাশ! যা আদতে কিছুই না! যাকে নিয়ে এত কাব্য গান উচ্ছ্বাস তা আসলে এক বিশাল –না! সেই না-এর আলো এসে পড়েছে পথে-
আমি সাইকেল চালিয়ে বুড়াশিবতলা পার হয়ে যাই। কিছু আগে বৃষ্টি হয়ে গেছে। পথ ভিজে। সাইকেলের চাকা বসে যাচ্ছে নরম মাটিতে। বিকেল ফুরিয়ে আসছে। পশ্চিমের আকাশে একটা লালমেঘ থেকে যে আলো এসে পড়েছে, তা অন্য ভূবনের। এই ভূবন ক্ষণস্থায়ী, এই আলো ক্ষণস্থায়ী। আমি কালীমন্দিরের দাওয়ায় বসে পড়ি। র্পূবদিক ঘন হয়ে আসছে। বিদিশা আসবে কি? এই সন্ধেবেলা তার চিলেকোঠার হলুদ আলো নিভিয়ে যদি সে আসে? আমি কালীমন্দিরের বটের নিচে শেকড়ের ধীর ভেতরে চলে যাওয়া দেখি মন দিয়ে।
কালী মন্দিরের চাতালে এতক্ষণ যে আলো পড়ে ছিল, নিভে যায়। কালী মন্দিরের ভূবন অন্ধকার হয়ে যায়। কোনো দৃশ্য নেই, ভাবতে ভাবতেই একটা অন্য, পুরনো আলো জ্বলে ওঠে--
বিদিশা একদিন ঘুম থেকে ঠেলে তুলে বলেছিল—দেখ দেখ –আমি ঘুম ভেঙে দেখে ছিলাম জানলা খোলা, বাইরে আলো। কিছুটা কম বয়সের বিদিশা, একটা রাজস্থানী ঘাগরা পরে দাড়িয়ে জানলায়। তার বিপরীতে আলো যেহেতু, বিদিশাকে কালো দ্বিমাত্রিক ছবির মতো লাগে। বাইরে আকাশ লাল হয়ে নিভে যাচ্ছে। বিদিশা কি দেখাতে চেয়ে ডেকে উঠেছিল?
সেইরকম একটা আলো । আর আমি ঘুম থেকে জেগে উঠে বসে আছি। ফাঁকা ঘর। একটু আগের দৃশ্যে বিদিশা যেখানে ছিল, সেখানে একটা শূন্য চেয়ার , ধুলো জমে আছে বহু দিনের। এখন এই অবেলায় জেগে উঠে কি করব ভেবে পাই না। আমি শুয়ে শুয়ে মুখ বাড়িয়ে ফুঁ দিই, চেয়ারের ধুলো উড়ে যায়, ত্রসরেণু উড়তে থাকে ঘরের ভেতর,উলটো দিকের বন্ধ জানলার ফোকর দিয়ে আসা আলোর ভেতর খেলতে থাকে ত্রসরেণু। আমি শুয়ে শুয়ে তার বির্মূত তরঙ্গ নিয়ে খেলি। এককেকটা উজ্বল রেণু আলোর থেকে উড়ে গিয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে...।
অন্ধকারের ভেতর একপ্রকার আলো থাকে। যা চোখে দেখা যায় না। তবু বহুদিনের অভ্যাসে আমরা বুঝতে পারি একে অন্যকে। ঘুমের মধ্যেও বোঝা যায় , অন্যজন জেগে আছে, তার চোখ অন্ধকারে খোলা। সে একাকী জাগ্রত কথা বলে যায়, আমি ঘুমের ভেতর থেকে তার উত্তর দিই কখনো কখনো।
--আমরা এবার কোথায় বেড়াতে যাব ? কতদূর...আচ্ছা তার আগে আমি সেরে উঠব ত...? ... শুনছো?
-- হ্যাঁ, এবার তো আমরা সুন্দরবনের নদীতে যাচ্ছি, একটা বিশাল নৌকার ভেতর রাত্রিবাস। সেখানেই রান্নাবান্না, খাওয়া-দাওয়া, নৌকার ছাদে মাদুর পেতে শুয়ে থাকা। শুক্লপক্ষ থাকবে ত? মেঘে মেঘে ঢাকা পড়বে চাঁদ। রাত্রে বাঘের ডাক শুনতে পাব আমরা।
--...আমরা ভাবি বাঘের ডাক মানেই ভয়ংকর কিছু! হয়ত সে বাঘিনীকেই ডাকছে, চাঁদের নিচে তারা শোবে...বহুদূর থেকে আমরা হয়ত সেই ডাক শুনছি...
--তুমি কখনো বাঘের ডাক শুনেছ বিদিশা?...
--একবার খুব কম বয়সে আমার এক পিসিরবাড়ি বেড়াতে গিয়েছিলাম, জানো? ইছামতীর তীরে, ওইপার বাংলাদেশ, এইরকম নদীর উপর নৌকাতে সারারাত ভেসে ছিলাম, মাঝরাতে মাঝীদের লণ্ঠন নিভে গেল, চাঁদ ছিল...
--তারপর?
সে চুপ করে থাকে, আমি ঘুমের ভেতর পাশ ফিরি, আর দেখতে পাই আয়নার ভেতর আমার একা শুয়ে থাকা! চমকে উঠি! ফের পাশ ফিরতে ভয় হয়...

একদিন বিদিশা এরকম ঘুম থেকে তুলে মধ্যরাতে আমার ভ‍্যাবাচাকা মুখের উপর হাত রেখে বলেছিল—আমি যেদিন থাকব না, তুমি কার কাছে থাকবে সুমেরু?
আমি দেখছিলাম পশ্চিমের সরু চাঁদ অস্ত যাচ্ছে জানলায়।
-–তুমি ঘুমোও নি বিদিশা?
--বলো, কে আসবে আবার? কেউ ত আসবে? তুমি একা থাকতে ভয় পাও জানি...
--মানুষের জীবন খুব রহস্যময় জানো! সে তার অতীত ছেড়ে চলে যায়, ভবিষ্যৎ অজানা তার...
-- তার কথা বল সুমেরু, সে কেমন? তাকে তুমি দেখতে পাও?
--যাকে আমি চিনিনি কখনো, তার ছবি কেমনে বা আঁকি!
--চেনো, তাকে চেনো, দেখো, তোমার ভবিষ্যৎ থেকে সে নেবে আসবে একদিন...
তৎক্ষণাৎ আমি চোখ বন্ধ করে যার মুখ দেখলাম, তার চক্ষু শাদা, মণিহীন! নারাণদার কবিতার সেই বৃদ্ধের সাথে রূপসী নারীর মতো! ভয় পেয়ে বিদিশাকেই জড়িয়ে ধরতে গিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। নাকি সে ঘুমিয়েই ছিল! আমি পুর্নবার জেগে উঠে দেখি জানলায় সরু চাঁদ তার মুখের উপর এক অলৌকিক আলো ফেলে চলে যাচ্ছে মেরুপ্রদেশের দিকে। যে মেরুপ্রদেশের গল্প আমরা করতাম প্রখর গ্রীষ্মের রাত্রে, আমরা গল্প করতে করতে অরোরাবোরিয়ালিস পার হয়ে যেতাম। মাথার উপর থেকে নেমে আসত হিম, ঠাণ্ডা, রঙের চাদর! আমাদের ভ্রমণ কাহিনীগুলি এইরকম ছিল। জানালায় সেই চাঁদ! হিম শীতলতা ছড়িয়ে পড়ছে সেই চাঁদের আকাশ থেকে আমাদের পৃথিবীতে। পূবাকাশ দেখে মনে হয় ভোর হবেনা বহুদিন!
আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার, জানো! ভোররাতে। সত্যিই ভোর হয়েছিল জাগতিক! ঘুম ভেঙে দেখি বিদিশার মাথা বালিশের থেকে গড়িয়ে পড়েছে! আমি চিৎকার করে ডেকে উঠতেই দেখি তার চোখ মেরুপ্রদেশের মতো শাদা! মণিহীন!
ঘটনা হল এইসব কোনো ঘটনা নয়। দৃশ্যমাত্র। ঘটনা হল তুমি এইসব জানতে চাইছ। পুরনো ঘটনা সকল। যা আমার বিশ বছর আগের জীবনে ঘটে গিয়েছিল। অথবা ঘটতে চেয়েছিল মাত্র, ঘটা হয়ে ওঠে নাই এই ঘটনা সকলের। আজ তুমি চাইছো বলেই তা শূন্যের ভিতর এক আবশ্যিকতার মতো ঘটে যাচ্ছে। এবং শূন্য মানে যেহেতু আকাশ তাই আকাশের , এক বিরাট না-এর আলো এসে পড়ছে ফের ঘটনার মধ্যে। তুমি অলীক ভাবছ আমার চরিত্রটিকে। ভাবছ আসলে আমার চেয়ে থাকার মধ্যে সত্যতা নেই আদতে, বাস্তব নেই, তাই আসমানে ঘর বাঁধছ তুমি, ঝুরঝুর মাটি ঝরে পড়ে মিশে যাচ্ছে মহাশূন্যে। আমি মাটির দেয়ালের গায়ে গ্রামচিত্র এঁকে দিচ্ছি। বাঁশের বেড়া বাঁধছি, তুমি উঠোনে খড়ির আলপনা আঁকছো হাসিহাসি মুখে। আর মাটির দেয়াল, খড়ের ছাউনির উপর মাধবীকুঞ্জ এলিয়ে পড়ছে, তার ছায়া এসে দুলছে তোমার আলপনার উপর, আর তোমার কল্পবাস্তবের উপর আলো এসে পড়ছে বাঁকা। সেই বাঁকা আলোয় উত্তরের বারান্দার পাশে, সেই প্রিয় বকুলগাছের ছায়ায় এসে সে দাঁড়াচ্ছে। বিদিশা। সে জায়গা চাইছে এত এত বছর পর। তোমার হাসিহাসি মুখ আসমানি আলোর মত কেঁপে ওঠে। আমি ফিরে আসছি হয়ত তখন, গ্রামের রাস্তায়, কিছু আগে বৃষ্টি হয়ে গেছে, নরমমাটিতে সাইকেলের চাকা বসে যায়। আমি ফিরতে ফিরতে ভাবছি, আজ তোমাদের কি কি কথা হল! কোথায় কোথায় বসলে তোমরা, আমার গোপনগুলি কি কি খুলে গেল আজ তোমাদের কাছে! আমি ভয়ে ভয়ে বেড়ার গায়ে সাইকেল রাখি।
আচ্ছা, এর আগে কখনো তোমায় সেই ম্যাজিক-কার্পেটের কথা বলেছি? যা আমাকে রক্ষা করত সমস্ত বিপদে। সমস্ত পালিয়ে যাওয়ার পথে। যদিও তার কোনো রূপ ছিল না, তবু কারু ছিল। ম্যাজিক-কার্পেট মানেই আলাদিন নয় কিন্তু! কোও দিগ্বিজয়ও নয়, শুধু উড়ে যাওয়া, উদ্দেশ্যহীন উড়ে যাওয়া। আমি তাকে স্মরণ করি। বেড়ার গায়ে সাইকেল রেখে ভেতরে এসে দেখি বকুলতলার বেদীতে তোমরা বসে আছ দুজন। বিদিশার তামার আংটি তোমার অনামিকায়, যা চোখে পড়ার কথাই না, সেটাই চোখে পড়ে কেন যে সবচেয়ে আগে! তুমি জানোনা , ওই আংটি বিদিশার চোদ্দ বছর বয়সের সত্যপীরের মেলায় কেনা। তখন আমি তার কিশোরী বুকের কাছে উপস্থিত ছিলাম কিনা মনে নেই আজ, তবু এত এত বার শুনে শুনে আজ মনে হয়, আমিই ছিলাম। সে বহুযুগ, তুমি তখন অন্য এক ভুবন, অন্য আলোর। সেই তোমার অনামিকা, এই অসহ্য ভার সহ্য করতে পারছে না দেখে আমার কষ্ট হয়।। আর এই এতদিন পর, বিদিশার মধ্যবয়সী অশরীর, কোনো অলংকার ধারণের থেকে দূরে, বকুলের ছায়ায় শুয়ে আছে। তুমিও গাছের গুড়িতে মাথে রেখে চেয়ে আছো শূন্যে, বহুদূর! তোমাদের দুজনের চোখের জমি সাদা! এই দৃশ্য ম্যাজিক কার্পেটের পিঠে বসে দেখে ফেলি আমি। দেখি, তোমাদের দুজনের অদূরে বাঁশের বেড়ার পাশ দিয়ে এক অকল্পনীয় সোনালী সাপ , ঘরের পিছনে, সৌদামিনির দিকে এগিয়ে চলেছে। সৌদামিনি ছোটো এক খাল, জল বয়ে যায়।
যাকে ‘তুমি’ ডাকছি , তাকে চিনি না। বিদিশা বলেও কেউ ছিল না কখনো। তবু ছিল। বিদিশা আমার এক গল্পের চরিত্র। যেখানে আমি বিদিশার বিপরীতে নিজেকে রেখে গল্প রচনা করেছি। সেই গল্পে বিদিশার মৃত্যু হয়েছিল। বিদিশা প্রেমের সন্ধানে বার হয়ে আর ফেরেনি। আমি এপথ ওপথ ফিরে এক নতুন গল্পের কাছে যাই। লেখা শুরু করি, আর দেখি, এই গল্পে ‘তুমি’ ক্রমশ এক চরিত্র হয়ে উঠেছ। যাকে আমি ভালবেসে ফেলছি। অথচ যা আমার র্নিমাণ, আমার হাতে তৈরি গল্পের জীবন, এক জটিল আর্বতের মধ্যে ঢুকে পড়ছি আমরা। সে প্রেয়সী হয়ে উঠেছে আমার গল্পের ভিতর। আদতে যা নেই, সেই আলোর ভিতর, আমরা নিজেদের পুরানো গল্পগুলিই খুঁজে বেড়াচ্ছি, পৌঁছে যেতে চাইছি পুনরায় সেইখানে। যদি কোনোদিন অতীত কাহিনীগুলি অন্য পথে বাঁক নেয়! আমরা অপেক্ষা করি একটা অলৌকিক র্ঝণার। সেই স্বপ্নের ট্রেন যাত্রার!
যখন, একদিন, দুপুরের কাঠগুদাম এক্সপ্রেসে চড়ে বসব আমরা। এই কাঠগুদাম এক্সপ্রেস কোথায় যায় জানি না। শুধু জানি, এই পথে সে চলে যায় বাঁশি বাজিয়ে। তার সুদূর এইদিকে গেছে । ফাঁকা ট্রেনের জানলায় পার হয়ে যাবে রুক্ষমাঠ। কৃষকের জলপানের বিশ্রাম দৃশ্য। দূর কোনো পাহাড়ের নীল রেখা দেখে তুমি জনহীন রেলস্টেশনে নেমে যেতে চাইবে। আমি হেসে তোমার হাত টেনে ধরে বসাব আবার। আমরা কি সন্ধের আগে কোনো জঙ্গলের হল্টে নেমে যাব? এখানে কি সেই হাতিমুখ ঝরণার পথ? চলো, যাওয়া যাক, মনে মনে এই ভেবে জঙ্গলের সুঁড়িপথে এ গল্পের দুই নায়ক নায়িকার চলে যাওয়া ঘটবে। যা নেই, যা কখনো ছিল না, সেই অলৌকিক রাত্রির ঝরণার দিকে...



মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

লাল দোপাট্টা মলমল কা : এণাক্ষী রায় (একটি ছোটগল্প)

লাল দোপাট্টা মলমল কা

ম্যাকোর বাড়ির মেয়েদের দু’পয়সায় সূর্য ঠিকরে যেতে যেতে বুকের ওপর নেমে আসে দু’দুটো চাঁদ। সুদ কষার অঙ্ক থেকে আতঙ্ক ছড়ালেও, অঙ্কবইতে মাসিক শব্দটি ঘিরে গোল দাগ পড়ে নটরাজ পেন্সিলের। টুং টুং শব্দে সাইকেল বেজে যায়। ঠাকুর ঘরের ঘণ্টাধ্বনি থেকে আলাদা সেই শব্দের ওপর ম্যাকোর গলা চড়ে। বজ্জাত, খচ্চর, বোকাচোদা।
ওরা চার বোন, চার সুন্দরী। সীমা, রিনা, শীলা আর নীলা।

রূপছায়া সিনেমা হলে একের পর এক রূপকথা খুলে যায় ব্যালকনির পাঁচসিকার টিকিটে। লাভ স্টোরির কুমার গৌরবের আদল যেন চোখে মুখে মেখে নিয়ে ঘুরে বেড়ায় বেপাড়ার ছেলেরা। ম্যাকোদের বাড়ির দাওয়ায় সাইকেল নিয়ে আসে কুমার গৌরব। শীলা নীলা দুজনের মধ্যেই একঢাল চুলে বিজয়েতার ছায়া, বড়দি সীমা ওরফে রেখার মুখে ফোঁটা ফোঁটা বোরোলীন, তার প্রত্যেকটি বোরোলীনের ফোঁটার নিচে একেকটা ব্রণর আভাস লুকানো থাকে মুখ জুড়ে। শীলা কিম্বা নীলার চলাচলের পথে লাল রঙের নিচু সাইকেলে কানে ওয়াকম্যানের তার-গোঁজা কুমার গৌরবের ঠোঁট কাঁপে তিরতির করে। সাইকেলটা দেখতে দেখতে হেলিকপ্টার হয়ে নেমে আসে মাঠ ঘাট পেরিয়ে শীলা নীলাদের দাওয়ায়। ম্যাকো চেঁচায়। লাভস্টোরি লাভস্টোরি। নদীর ধারের ভ্রমণে বিজয়েতার পিঠে গেঁথে যাওয়া কাঁটা মুখ দিয়ে তুলে নেয় কুমারগৌরব। শীলার মিষ্টি মুখের দিকে অপলক চাইতে চাইতে বলে –
এক হাতকড়ি মে বান্ধুঙ্গা তুঝে।
ঘাড় কাত ক’রে মিষ্টি হেসে বিজয়েতা বলে –
ফির?
- ফির হাম দোনো কো কোই আলগ নেই কর সাকতে।
- দুনিয়া বড়ে জালিম হ্যায়। চলো ভাগ চলে।
- চলো
দুহাত বাড়িয়ে বিজয়েতা দৌড়ে আসে
- ম্যায় আয়ি আয়ি আয়ি আয়ি আয়ি
- আ যা। কুমারগৌরব হাত বাড়িয়ে তুলে নেয় শূন্যে।

রূপছায়া সিনেমাহল থেকে বেরিয়ে আসা একেকটা মুখে তখন রূপকথা ছুঁয়ে দেখার ইচ্ছা টুপ টুপ করে ঝরে পড়ে ভোরের শিশিরের মতন। ন্যাপথলিনে মোড়া সোয়েটারগুলো রোদে বেরতে না বেরতেই শীলার রঙবেরঙের পঞ্চতে রোদ্দুরের ওম লেগে যায়। কুমার গৌরবের নিচু লাল সাইকেল হেলিকপ্টার হয়ে তখন বাতাসে। শীলার বিজয়েতা হয়ে যাওয়া আর আটকাতে পারে না কেউ।

শীলার বিজয়েতা হয়ে যাওয়ার খবরের পর, বড়দির ফোঁটা ফোঁটা বোরোলীন শুকিয়ে গেলেও একাধিক অমিতাভ বচ্চনরা ভিড় ক’রে থাকে। বড়দির কোঁকড়ানো ঘাড় অব্দি চুল, সাপের ফণার মতো রোদ মেখে নিলে। কমলালেবুর খোসা ছাড়ায় একেকজন অমিতাভ। দেখা এক খোয়াব কি হ্যায় সিলসিলে হুয়ে পার হয়ে খুন খারাপি রঙ ছুঁয়ে দেয় ভরাট গলার গান, রঙ বরসে ভিগে চুনারিবালি রঙ বরসে...

শীতকালীন একঘেয়ে বৃষ্টিতে আকাশ বাতাস জুড়ে অন্ধকার নেমে এলে নীলার মনখারাপে বেতাবী রঙ লেগে যায়। টুংটুংওয়ালার ছেলেটা অনেকটা সানি দেওলের মতো তাকায় আজকাল। বিজয়েতা থেকে অমৃতা সিং হতে হতে পার করতে হয় মাত্র দুটো বছর। পাহেলগাওঁয়ের খামারবাড়ি থেকে সাঁ ক’রে নেমে যাওয়া নদীটা নেমে আসে পলাশতলির মাটিতে। চিলেকোঠার ওপর থেকে, আ যা আ যা বলে চিৎকার করলে, তিন বার ফিরে আসে বাতাস, সেই সঙ্গে কানে আসে টুং টাং ধ্বনি।
টুংটুং টুংটুং শব্দ হলে নিজেকে আর ঘরের মধ্যে আটকে রাখা যায় না।। টুংটুং করতে করতে শব্দটা এক সময় থেমে যায়। তখন যেন একটা স্বস্তি, কিছুটা সময় পেয়ে যাওয়ার। শব্দটা আবার সচল হতে হতেই দৌড় দৌড়। পৌঁছনো চাই শব্দের কাছে। ঠিক ঠাকুরঘরের বড় পিতলের ঘণ্টাটার মতো এর ঘণ্টাটা। দুপুরগুলো পলাশতলি রোডের মতো দীর্ঘ হয়ে যায় ছুটির দিনগুলোয়। ঠিক সেই সময় ঘণ্টার শব্দে পূজাপার্বণের কথা মনে পড়ে না। চারদিকে কিরিকিরি করা গোল সূর্যের মতো দু’পয়সা, ছ’কোণা তিন পয়সা, পেলেই দে ছুট। কদাচিৎ চারকোণা পাঁচ পয়সাও পেয়ে গেলে, হাতে স্বর্গরাজ্য এসে ধরা দিয়ে যায়। সেই পবিত্র ঘণ্টাধ্বনি থামিয়ে দিতে দু’পয়সার সূর্যালোকই যথেষ্ট।
ঘন্টাওয়ালা মাথা থেকে নামায় কাচের বাক্স। ঘাড়ের থেকে নামিয়ে আনে বাঁশের মোড়ানো স্ট্যান্ড। সেটা অদ্ভুত কায়দায় খুলে যায় মোড়ার মতো। তার ওপর সেই বাক্সটা। বাক্সটার মাথার ওপর বসানো লোহার শিকে গোঁজা সাদা কাগজের টুকরোগুলোই আসল। দু’পয়সায় দুটি কাগজ ছেঁড়ার অনুমতি পাওয়া যায়। দু’পিঠ- সাদা সেই কাগজগুলো ভেজানো হয় বাক্সের ওপরেই। বোতল থেকে সামান্য জল ছিটিয়ে তার ওপর চেপে ধরলেই ফুটে ওঠে সংখ্যা। ১ ২ ৩ ৪। যার যত সংখ্যা, তার হাতে ঘণ্টাওয়ালা ধরিয়ে দেবে ততগুলোই ঢ্যাপের মোয়া। হাল্কা, ফুরফুরে, মিষ্টি। ম্যাকো চেঁচায়। এমা দুই দুই দুই। এমা তিন তিন তিন। ম্যকো চেঁচায়। খচ্চর, তুই খচ্চর, বোকাচোদা। ঘরের পাশে ওদের কাঁচা নালায় পেচ্ছাবের গন্ধ বাতাস ভারি ক’রে রাখে। টুংটুংওয়ালার চোখে সানি দেওলের হাসি।
- জিনে কে লিয়ে দো বখত কে রোটিই কাফি। আগর পেয়ার হ্যায় তো সমঝ সব কুছ হ্যায়।
- ফির ভি তুম বড়ে বাপ কে বেটি। মেরে পাস কুছ ভি নেহি হ্যায়। সোচ লো।
- পেয়ার দৌলতসে নেহি বনতি। মেরি জান।
- চলো সাদি কর লে
- চলো।
নদীটায় সরাৎ করে নেমে যাওয়া কাঠের পাটাতনে খুলে রাখা থাকে জামা কাপড়, দোপাট্টা। সাঁতার-পোশাক পরে নদীতে নামে অমৃতা সিং আর সানি দেওল।

ভেঙ্গে পড়া জমিদারি থেকে অবশ্য কোনও হুংকার আসে না আমজাদ অথবা শাম্মি কাপুরের। সেখানে চুরুটের বদলে, পড়ন্ত জমিদারির ধিকি ধিকি আয় থেকে বেরিয়ে পড়তে থাকে নিষ্ফল ধোঁয়া। পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেওয়া দুই পুরুষের বদহজমের ঢেকুর তোলে একতলা বাড়িটি। সবটাই যেন গা-ছাড়া। স্রোতে ভাসিয়ে দেওয়া সংস্কার, রুচি, শালীনতা।
মেজদি রিনার চকচকে ফর্সা মুখ থেকে আলো পিছলে পড়ে। গালের কালো আঁচিল সে-আলো বাড়িয়ে দেয় হাজারগুণ। রিনার আঁচিল ঘিরে সারাদিন ভিড় করে লোকজন। সেখান থেকে কয়েকটি তির তুলে নেয় বড়দি সীমা। আরও দু’একটি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে উড়ে যায়। রিনার সুদূর নিমগ্ন গান বেয়ে উঠে আসতে গিয়ে পিছলে পড়ে কেউ কেউ। সুরের রেশ তার কালো চুলের মতো এলো করে দেয় রিনা। তার চোখে স্বপ্ন লেগে থাকে। মাটির অনেক ওপর দিয়ে পা ফেলে ফেলে সে সুরের কাছে পৌছে যায়। এক এক সকালে ঘিরে ধরে আলো। নীল মেঘের ফাঁক দিয়ে বরফের পাহাড় দেখা গেলে মনে পড়ে, ওরা কোনও দিন শহরের গণ্ডি পেরয়নি। মেজদি রিনার ওই পাহাড়ে যেতে ইচ্ছে করে। কোনও অমিতাভ মিঠুন নয়। সে অপেক্ষায় থাকে রাজপুত্তুরের। তার যাবতীয় প্রেম ঘনিয়ে ওঠে ম্যাকোকে ঘিরে। ম্যাকো ডাকে খেতে দে খেতে দে। রিনার আদরে আদরে বিপর্যস্ত ম্যাকো বলে খচ্চর। খচ্চর শব্দটা দু রকম করে বলতে পারে ম্যাকো। প্রেমে আর রাগে। কাউকে বলে দিতে হয় না কখন কোনটা।

এই সব সত্যি ঘটনাগুলো পরপর সাজালেও যে- ছবিটা স্পষ্ট নয়, সেটা হল পড়ন্ত এক জমিদার বাড়ির সিঁদ কেটে ঢুকে পড়া অসহায়তা। বিষদাঁত ভেঙ্গে নেওয়া সাপের মত এ-বাড়ির পুরুষেরা একের পর এক জমি বিক্রি করে যায়। একটু একটু করে নিঃশেষ হতে থাকে একটা প্রজন্ম। জমিদারবাড়ির ছেলেরা বাসের কন্ট্রাক্টরি করে। কাঁচা পয়সার মুখ দেখে। কাঠের চুলায় ভাত চাপায় পড়ন্ত জমিদার গিন্নি। গিন্নির ফাঁদি নথ নাড়ানো তিরস্কার, ফসিল হয়ে যায়। সোনার সুতোয় কাজ করা পুরনো বেনারসি বিক্রি ক’রে কেনে লিপস্টিক, পাউডার। একেক খণ্ড জমি বিক্রির পর ওরা মাংস ভাত খায়, মাছ খায় পর পর সাত আট দিন। বাড়ন্ত চেহারাগুলোয় জৌলুস ওঠে। বড়দির পাতলা ঠোঁটে অন্য বাড়ির কনে সাজানোর আলো। বোরোলীনের ফোঁটায় দুপুরগুলো সাজিয়ে বসে মাঠে। উল বোনে। লম্বা ঝুলের সোয়েটার।
সাইকেল আরোহীরা সব শহরের বাইরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে। চার বছর পরপর বদল হয় মুখ। চার বছর পর পর নতুন আশ্বাস। বড়দি সীমার থেকে ক্রমশ বয়সে ছোট হয়ে আসে সাইকেল আরোহীরা। রিনারও বয়স ছাড়ায়। রাজপুত্তুরের জন্য অপেক্ষায় থাকে রিনা। তার কাঁধে চড়ে ঘোরে ম্যাকো।
সন্ধে থেকে আধো অন্ধকার হয়ে থাকে মফস্বলের পাড়াগুলো। নীলার বেতাবী মিটে যাওয়ারও পর একদিন। কয়ামত সে কয়ামত অব্দি দীর্ঘ হয়ে যায় কমলাপুর জঙ্গল। রিনার গানের রেশ আর দূরের আবছায়া পাহাড় মিশে যেতে যেতে কনকনে হিম পড়ে পলাশতলির মাঠে। একেকটা গানের সঙ্গে আছড়ে পড়ে একেকটা সময়। বায়স্কোপের চৌকো ক্ষেত্র থেকে বেরিয়ে পড়ে হারিয়ে যাওয়া একপাটি জুতো। সাদা গাউনের ওপর লাল দোপাট্টা জড়িয়ে পাহাড় স্পর্শ করিতে ইচ্ছে হয় রিনার। পাহাড়ে বেড়াতে যাওয়ার সীমার প্রস্তাবে, কোনও এক সাইকেল-আরোহীর উৎসাহী অন্ধকারের দিকে তাকিয়ে সংলাপ বলে– “যেতে পারি কিন্তু ও আমাকে টাচ করবে না!"

পাহাড়ে যাওয়ার আগে একটা একটা করে নদী পেরতে হয়। নদীর মনখারাপ থেকে শীতের সকালে উঠে আসে ধোঁয়া। সাদা গাউনের ওপর লাল দোপাট্টা জড়িয়ে চুল বাঁধে মেজদি রিনা। সকাল থেকে বিকেল একটাই রঙ হয়ে থাকে মেঘলাদিনে। যেন দীর্ঘ একটি বিকেল থেকে রাত নামে। অন্ধকার ঘনায়।
অন্ধকার ভালোমতো ঘনালেও ম্যাকোর চিৎকার চুপ করে থাকে। ওপাশের বাড়ির পুজোর ঘণ্টা থেমে যায়। এ-পাশের বাড়ির পরীক্ষার পড়া শোনা যায়। ম্যাকোর গালাগাল চুপ করে থাকে।
অন্ধকার গাঢ় হতে থাকে। সাইকেলের সমবেত ঘর্ষণ থেমে গেলে, মেয়েটি দৌড়াতে থাকে। কাশবনের মধ্যে দিয়ে, নদীর চরটা যেন বড় বেশি দীর্ঘ। জলের কাছে পৌঁছাতে চায় মেয়েটা। জল সরেই যায় ক্রমাগত দূরে ...
নদীর ওই পারে আবছায়া পাহাড়ে তখন একটা দুটো করে জ্বলে উঠছে আলো।

দেহ ঘষ্টে ঘষ্টে রাত্রি নামে শুকনো কাশবনে। চারদিকে ভয়াবহ সব আওয়াজ। শেয়ালের ডাক। মেয়েটি আকাশের দিকে তাকায়। কত তারা আকাশে, কিন্তু কত দূরে। কোনও আলোই এই গভীর বনে এসে পৌঁছায় না। এক ফোঁটা আলোর জন্য মেয়েটা ঘষ্টে যায় নিজেকে। জলের কাছাকাছি, জীবনের কাছাকাছি পৌঁছাতে চায়।
আলো, আলো, অন্ধকারে শুধু আলোর কথা ভাবে। মাথার ওপরে কোনও চাঁদ নেই। সিগারেটের টুকরোগুলো জ্ব’লে-নিভে দূরে সরে গেছে। অন্ধকারের রঙ বদলায়। বদলাতে থাকে। জলের কলকল ধ্বনি তীব্র হয়। অন্ধকার থেকে ফুঁড়ে ওঠা কাশে আটকানো লাল দোপাট্টা ঝরে পড়ে। ঝরে পড়ে মেয়েটির ওপর। ঝরে পড়ে একটি আলোক বিন্দুও।
স্পষ্ট হতে থাকে সেই মেয়ে। তার পরনের সাদা গাউন সাদা পতাকার মতো ঝুলতে থাকে শুকনো কাশবনে। দ্যাখে অনেক দূরের পাহাড়ের আলোকবিন্দুকে। আলো একটার থেকে আরও বিন্দু হয়ে যায়। দূরের পাহাড় থেকে উপড়ে আসা আলো হাজার হাজার জোনাকি হয়ে ঘিরে ধরতে চায় মেয়েটিকে। গোটা পাহাড়টাই আলো সমেত এগোতে থাকে যেন। কুয়াশা সরিয়ে সকাল এলে চোখে পড়ে ওর ফর্সা চকচকে গালে তীব্র কালো তিল, জোনাকির আলোর মতো জ্বলে উঠছে।
অনেকটা দূরে মফস্বল শহরে তখন ম্যাকোর সবুজ পালকে ছিন্নভিন্ন রোদ। পাশের নারকেল গাছের গোড়ায় ঘাড় মটকানো টিয়াটাকে কবর দেওয়া হচ্ছে। হাওয়ায় সবুজ পালক উড়ছে। আর কাশবনে...
হাওয়ামে উড়তা যায়ে লাল দোপাট্টা মলমল কা। 

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

মাতৃমুখী (বাঁকড়ি ভাষায় লেখা একটি ছোটগল্প। কলেজস্ট্রীট পত্রিকায় প্রকাশিত)

মাতৃমুখী

কৌশিক বাজারী



আজ নদীর নামোতে এসে পঞ্চানন দেখে পূব আকাশে সাঁজ-বিকালের পারা একটা লাল মেঘ ।
সাইকেলে যেতে যেতে সারা পথ সে অং বং নানান কথা ভেবে ভেবে প্যাডেল ঘুরায়, শুকনা শীতের পথে লাল মিহি ধুলা উড়ে উড়ে যায় । তার হইলদা পাজামা আরঅ লাল হয়ে যায় বাঁকুড়ার মাটির আল-পথে , হাওয়াই চপ্পল মিহি ধুলায় ঢেকে যায় । পথ-জুড়ে আধ-মাইল লম্বা গরুর পালের মধ্যে পড়ে দিশাহারা হয়ে তার চুল পয্যন্ত ধুলায় মাখামাখি হয়ে যায় । সাইকেল ঠেলে লিয়ে কিছুদূর যায়, আবার চাপে,--এই হল তার পথ। ফাঁকা ধূ-ধূ দ্বারকেশ্বরের বালি ঠেলে ঐ পারে আরো পাঁচ মাইলটাক লাল-ধুলার পথ পেরিয়ে তবে পাকারাস্তা । সেই বড় রাস্তা ধরে আরঅ দু কিমি পথ পেরালে বিষ্টুপুর বাজার । ফাঁকা রাস্তায় হঠাৎ চেনা কেউ ডেকে তার সাড়া পায় নাই। লোকে তাকে আড়ালে বলে ক্ষ্যাপা। বলে; আটিস মানুষ । পঞ্চানন তখন আতাল পাতাল ভাবে , কি যে ভাবে, সে নিজেই জানে নাই। ভাবে; তার হারিয়ে যাওয়া মায়ের কথা, হারিয়ে যাওয়া বাপের কথা । ভাবে ; তারা কি আজঅ বেঁচে আছে! সেই তার দু-বছর বয়সে পালিয়ে যাওয়া মায়ের সামনে এই পঞ্চাশ বছর পর যদি দাঁড়ায় ? মা কি চিনবেক ? একটা বহুদিনের হইলদা হয়ে যাওয়া ছবি ছিল পালিয়ে যাওয়া মায়ের ফেলে যাওয়া টিনের তোরঙের ভিতর । বাপ আর মা। তারকেশ্বরে বেড়াতে গিয়ে ফটোঅলার কাছে তুলা ছবি । কাকি জেঠির সংসারে, তাদের মাটির বাড়ির উপরের কোঠার জঞ্জালের ভিতর হঠাৎ আবিস্কার করা সেই ফটো, লুকানো অতীতের অন্ধকার ছায়ায় সে লুকিয়ে দেখেচে অনেকদিন। কল্পনায় সেই হলুদ হয়ে যাওয়া ঝাপসা মায়ের মুখটায় দেখে সে ।

পঞ্চানন কর্মকার, তার বাপের দিয়া নাম । এখন তার বয়স পঞ্চাশ পার হয়ে যায় । পঞ্চাননের বাবারা তিন ভাই , তাদের কামারশালে লোহার কাজ ছিল নাই । ছিল কাঁসার কাজ। কাঁসার চাকতি আসত বিষ্টুপুরের গোলাদারের ঘর থেকুন । তারা অর্ডার দিত কাঁসার বাসনের । বাসন বলতে শুধু থালা । কাঁসার চাকতি পিটিয়ে থালা বানানো ছিল তাদের ঘরোয়া ব্যাবসা । পঞ্চাননের বাবা কাঙাল কামার ভাইদের মধ্যে মেজ । থালা তৈরি হয়ে গেলে থালার চারপাশে ফুল, লতা, পাতা আঁকা ছিল তার কাজ, এই কাজটা গাঁয়ে তার মতন আর কেউই পাত্তো নাই, উসব হাতুড়ির ভোঁতা কাজ তার পোষাত নাই, বিষ্টুপুরের বাজারেও কাঙাল কর্মকারের মিনা করা লাল-কালো ফুলকাটা থালার আলাদা কদর ছিল সেকালে। কামার পাড়ার অন্যরাও থালা বাটি বাসন-কুসনের আঁকা-জুকার কাজটা কাঙালকে দিয়েই করাতো। সবাই জানত কাঙাল একজন আটিস –সে থালায় ফুল কাটে, আর সইন্ধা হলেই তার দল বল লিয়ে চলে যায় দ্বারকেশ্বরের চড়ায়, শ্মশানকালীর মন্দিরে। সিখেনে তাদের মজলিশ বসে । কেত্তন গায় কাঙাল, তখন সে রাধা। কীষ্ট-ভাবে ভিভোর । তার সংসারে মন নাই । বৌ-টা দু বছরের ছেলাটারে রেখে সেই যে চলে গেল্যাক, তারপর থেকে কাঙাল উদাস হয়ে গেল আরঅ, ফুল-লতা-পাতার আড়ালে কাঙাল বৌ-এর মুখ আঁকত, ল্যাংটা ছেলাটা পাশে বসে বসে দেখত বাপের হাতের অস্তাদি। মাতৃমুখি ছা-টা কে দেখলে ভিতরটা হু-হু করে উঠত কাঙালের...। সেই ছেলা-- পঞ্চানন কর্মকার ।

উসব বহুদিনকার ঘটনা, পঞ্চাননের আবছা মনেও পড়েনাই আর । কাঁসার বাসনের দিন-কাল আর নাই । পঞ্চানন যখন ইস্কুলে, তখনি বাপটা বিবাগী হয়ে গেল । জেঠি খুড়িদের হাতে মানুষ। কাকা কিছুদিন পয্যন্ত ব্যাবসাটা চালিয়ে ছিল, এখন কাকার এক ছেলা টুকটাক কাজ করে, তবে শুধু কাঁসার কাজে আর ঘর চলে নাই , সাথে একটা পানের গুমটি চালায় । ইস্টিলের বাসন বাজারে আসার পরে পরেই কাঁসার বাজার নামতে নামতে শেষ হয়ে যায়। এখন শুধু বিয়া, মুখেভাতের কাজঘর ছাড়া আর কাঁসার বাসনের কাটতি নাই । পঞ্চানন বাপের হাত পেয়েছিল, সেও আটিস। বিষ্টুপুর বাজারের মডান-আট-এ কাজ করে সে । সাইনবোড় আঁকা, ঘর সাজানো, বিয়াঘরের গাড়ি সাজানো ইসবের কাজ। সাইনবোড়ে মেয়া মানুষের ছবি গুলান পঞ্চাননের হাতে খোলতায় হয় ভাল, মালিক ছকরা তাকে দিয়ে ইসব কাজ গুলানই করায় । তা এইসবে তার চলেও যায় । ঘর-উঠান ভাগ হয়ে গেছে বহুদিন, তার বাপ যিখ্যানে কাঁসার থালায় ফুল কাটত বসে, সেটা এখন কাকার ছেলার ভাগে । একফালি ভাগের ঘরের লাগোয়া পাঁচ ইঞ্চির গাঁথুনি দিয়ে একটা ঘর বানিয়ে লিয়েচে পঞ্চানন। একটায় ছেলা দুটা লেকাপড়া করে, লোকজন এলে বসতে দেয়, সে আর তার বৌ অন্যটায়, রাত্তে ঘুমায় । পঞ্চানন সকালে বেরিয়ে যায় সাইকেল লিয়ে বিষ্টুপুর ।

আজ নদীর নামোতে এসে পঞ্চানন দেখে পূব আকাশে সাঁজ-বিকালের পারা একটা লাল মেঘ । লালমেঘ বিকালের মতন ক্যানে !! ভাবতে ভাবতে পঞ্চাননের মন খারাপ হয়ে যায় । তার এই স্বভাবের জন্যি বৌ তাকে খোঁটা দেয়, বলে; মেয়ালি পারা লোক । অথচ তার এই মন খারাপটা সত্যি। হয়ত অকারণ, তবু পঞ্চানন সাতসকালে একটা ভর-ভত্তি বিকালের মনখারাপ লিয়ে নদীর নাবাল থেকে উঠে আসে...


***


উত্তরের দ্বারকেশ্বর থেকে সোজা উঠে এসে যে রাস্তাটা বিষ্টুপুরের ভিতর ঢুকেচে, ছোটো নদীর পুল পার হয়েই সেই রাস্তায় একটা চৌ-মাথা। এটা সোনামুখী মোড় । চা-দোকান, সাইকেল সারাই , ট্রাকের গ্যারাজ আর ট্রাক-ড্রাইভারদের লাইন-হোটেলে জায়গাটা সকাল থেকেই ভীড় হয়ে থাকে আজকাল । পূবে কইলকাতা ১৫০ কিমি, পশ্চিমে বাঁকুড়া সদর, উত্তরে সোনামুখী,দূর্গাপুর আর দক্ষিণে সোজা বিষ্টুপুর বাজার মাত্র ২কিমি । দ্বারকেশ্বরের দিক থেকে যে লোকটা সাইকেলে আনমনে রাস্তা পার হচ্ছিল, সে দেখে নাই কিছুই, কইলকাতার দিক থেকে একটা ট্রাক রাস্তার মাঝ বরাবর তার সাইকেল ঘেঁষে পার হয়ে পশ্চিমে বাঁকুড়ার দিকে চলে যায় ধুলা উড়িয়ে। চা-দোকানের , লাইন-হোটেলের, সাইকেল-সারাই-এর লোকজন হৈ-হৈ করে ওঠে । মোড়ের শিরিশ গাছের মাথায় বসে থাকা একটা ধূসর কাক তার রোজকার অভ্যস্ত উপর-তলা থেকে দেখে; লোকটা ঘাবড়ে যেয়ে দাঁড়িয়ে পড়ে রাস্তার মাঝ-বরাবর, আর লাল ধুলা-মাখা পিচের উপর নিপাট পড়ে যায়। কাকের দল কা-কা- হাহাকারে উড়ে যায় মিনিসিপালটির ভাগাড়ের দিকে। লোকজন দৌড়ে এসে তাকে ধরা ধরি করে হোটেলের দড়ির খাটিয়ায় শুয়িয়ে দেয়, জলের ঝাপটা দেয় মুখে, লাল ধুলা মাখা পা ধুয়িয়ে দেয় একজন, মাথায় কপালে জল দেয় , তার ভিজা মাথার চুল থেকে লাল ধুলা মাখা জল কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা । লোকটা নড়ে না । তার বুকের হাপর নড়ে না । এমন সময়, সকাল আটটায়, তার মাথার উপর একটা লাল সাঁজ-বিকালের মেঘ নদীর দিক থেকে এসে থামে। তার মুখ গম্ভীর । থমথমা... ।

......


বিষ্টুপুর মহকুমা হাসপাতালে আনা হলে গম্ভীর ডাক্তার বাবু বুকে নল ঠেকিয়ে সামনের ভীড়ের দিকে তাকিয়ে শুধায়; বাড়ির কেউ আছেন ? -- কেউ নাই । পকেটে কাগজ-পত্ত কিছু পাওয়া গেছে ?—উত্তর নাই... ।
এরপর একটা অজ্ঞাতপরিচয়-লাশ হতে হতে শেষবার ঘুরে দাঁড়ায় লোকটা...
শিবপদর ভাইরাভায়ের পেটে পাথর । হাসপাতালে ভত্তি আজ তিনদিন। হাসপাতালের সামনে বটতলে বসে সে বিড়ি টানছিল। কৌতুহলে ভীড়ের দিকে উঘু মেরে চমকে উঠে শিবপদ । ভীড় ঠেলে ভিতরে ঢুকে পড়ে, চেঁচিয়ে উঠে ; পঞ্চানন ! ইত আমাদের গাঁয়ের পঞ্চানন-আটিস !
ডাক্তারবাবু চশমার ভিতর থেকে বলেন; ফোন আছে? বাড়িতে খবর দিন একটা, আর আমার সাথে আসুন...
পঞ্চায়েতের কেরানি শিবপদ বুক-পকেটের দড়ি বাঁধা মোবাইল ফোন বার করে পঞ্চাননের কাকাতো ভাই নিতাই কর্মকারকে ফোনে ধরে ।
আটিস-পঞ্চাননের খবরটা আধ-ঘন্টার ভিতর গাঁয়ে চাউর হয়ে যায় । একটা প্রায় অজ্ঞাতপরিচয় হতে যাওয়া লাশ তার বৌ, ছেলা আর গাঁয়ের-লোকদের ফিরে পায় আরবার।

.......

--ভালকরে দেখ , চিনতে পার ?

বিষ্টুপুর হাসপাতালের বারান্দায় কুকুর আর রুগীর লোকজনের ভীড় যাতায়াতের পাশে টিনের স্টেচারে শোয়ানো ময়লা সাদা কাপড়ে ঢাকা মুখটা খুলে দেয় লোকটা । ঘাড় হেলে আছে একপাশে । মাথায় চুলে লাল ধুলা মাখামাখি । কপালের পাশে জল শুকিয়ে দাগ হয়ে আছে । সমীর দেখে তার বাবার ডান ভুরুর উপরে কালো আঁচিলটা ঠিক সেরকম, যেমন বাবা ঘরে ঘুমিয়ে থাকার সময় । তার ভিতরটা আবার হু-হু করে ওঠে । চোখ ঠেলে জল বেরিয়ে আসে ... কোনো কথা না বলে সে তার বাবাকে সনাক্ত করে ।

--নাম কি ?
--সমীর কর্মকার।
--বাবার নাম ?
--পঞ্চানন কর্মকার ।
--বয়স ?
--??
-- বাবার বয়স কত হইছিল ?
-- ৫৩-৫৪ ।
-- আর কে কে আছে ঘরে ?
সমীর পাশে দাঁড়ানো ইস্কুলে পড়া ছোটো ভাই ছোটনকে দেখায় । বলে; ঘরে মা আছে ।
হাসপাতালের ক্লার্ক চশমা তুলে একবার সামনের ভীড়টার দিকে দেখে লেয়।
--এদের সঙ্গে বড় মানুষ কে আছে ?
-- এই যে স্যার..
পঞ্চায়েতের কেরানি শিবপদ এগিয়ে আসে ।
--শুনুন, লাশ ফাড়াই হবেক, তারপর ডাক্তার বাবু সাট্টিফিকেট সই করবেক। অপঘাতের মড়া, বুঝতেই ত পাচ্ছেন, থানার সাট্টিফিকেট লিয়ে আসবেন। তবে বডি পাবেন । এখন ঘরে চলে যাওয়ায় ভাল, সবাইকার থাকার দরকার নাই । আর সব ঠিকঠাক হলে কাল সকালেই বডি পেয়ে যাবেন । এই যে দাদা, আপনি ইখেনে একটা সই করুন ত...


সমীর কলেজে পড়ে । ভাত খেয়ে সকাল সকাল রেডি হচ্ছিল। বেলার দিকে খবরটা পেয়ে তার অসাড় পা-দুটা কাঁপছিল বাবুই পাখির মতন, দাঁড়াতে পারছিল নাই । ঘর-ভিত্রে মা বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল । কাকিমা সারাক্ষণ মায়ের পাশেই ছিল। শিবপদকাকা আর নিতাইকাকা বাইরেটা সামলেছে । সে আর ছোটন সারাক্ষণ সঙ্গে সঙ্গে থেকেছে । এখন নিজেকে অনেকটা সামলে লিয়েছে সমীর, যেন্ এক বেলাতেই সে অনেকখানি বড় হইয়ে গেছে...। ছোটনের সবে আট কেলাস । তার শুকনা চোখ দুটা ফুলে আছে অবেলায়। ভায়ের দিকে তাকাতেই সমীরের ভিতরটা হাহাকার করে উঠে আবার...



***


...সে নদীর নামোতে এসে আজো একবার উপ্রের দিকে চায় । ভাবে, এই পথেই কি তার ঘর ? রাতের কালো আকাশে ইধার থেকে উধার অবদি সাদা ধুঁয়ার মতন ছায়াপথ । প্রথম শীতের পরিস্কার আকাশটা তারায় ছেয়ে আছে । নদীর সরু জলের ধারা পা ডুবিয়ে পার হয় । উপারে গাঁয়ের আলো দেখা যায় বিন্দু বিন্দু । আজ কি একটু দেরী হয়ে গেল ? ঠান্ডা জলে পায়ের চেটা ডুবতেই শরীরটা কেমন হালকা হইয়ে যায় তার । সে ভাবে, মরণের পর শরীরের আর কুনু ভার থাকে নাই... নিজের ভাবনায় সে নিজেই ভয় পায় ।

রাত তখন সাড়ে আটটা বাজে । গ্রামদেশে শীতের সাড়ে আটটা অনেক রাত । গাঁয়ের রাস্তার উপরে নিমতলার চাতাল, সিমেন্টে বাঁধানো । বহু পুরনো বিশাল নিম গাছটার ডাল-পালা মেলা ঝাঁকড়া মাথা অন্ধকার হয়ে আছে । নিমায়ের সদরের ডুমবাতির আলো এসে পড়েছে পথ পেরিয়ে নিমতলা চাতালে । সেই আধো-অন্ধকারে কামার পাড়ার লোকজন, শিবপদ, গাঁয়ের আর কয়েকজনের একটা দল বসে ছিল, তারা কেউ পঞ্চাননের কথা ভাবছিল, কেউ মানুষের অন্তিম নিয়তির কথা ভেবে নিঝুম বসেছিল, কেউ শুধুই বিড়ি টানছিল। সমীর একবার ওদের চা দিয়ে গেছে কিছু আগে । শিবপদ প্রথম লক্ষ করে লোকটাকে , সাইকেল থেকে নামছে , সেই ধুলা মাখা গা, লালচে হয়ে যাওয়া পাজামা, ধুলি ধুসর পা। ঘরে ঢুকার আগে একবার নিমতলার জটলার দিকে অবাক হয়ে চায় লোকটা, রাস্তার আলোয় তার ডান ভুরুর উপরে কালো আঁচিল দেখা যায়! পঞ্চানন ! শিবপদ থমকায়, যারা বসেছিল সহসা উঠে দাঁড়ায়, যে লোকটা বিড়ি টানছিল তার হাত পুড়ে যায় –পঞ্চানন ! নিতায়ের সদরের ডুমবাতি হাওয়ায় দপদপ করে উঠে কেরাসিন লম্ফর মতন নিমে যায়, আবার জ্বলে উঠে । শিবপদর গলার রা বন্ধ হয়ে গেছল, কুনু রকমে বলতে পারে-পঞ্চাদা ! এইসময় সমীর দুয়ারের বার হতে যেয়ে সামনে পঞ্চননকে দেখে প্রথমত কাঠ হয়ে যায়, তারপর বাবা বলে মাটিতে বসে পড়ে ।ঘরে ভিতরে ততক্ষণে খবর গেছে, সমীরের মা, পঞ্চাননের বৌ পাগলের মতন আধখুলা কাপড়ে সদরদুয়ারের চৌকাঠে এসে বসে পড়ে –আর এসব দেখে রীতিমত বিরক্ত ও ক্লান্ত পঞ্চানন ক্রমশ আরো ক্লান্ত হয়ে ওঠে।

আজ সকালে বিষ্টুপুর বাসস্ট্যান্ডে সাইকেল রেখে সে গেছল বাঁকুড়া সদর । কেরাণীবাঁধ বাইপাশে একটা ওয়ালিং এর কাজ ছিল । দুতলা ঘরের দেয়ালে শাড়ির দুকানের বিজ্ঞাপণ। মিনুশাড়ি পরা মেয়া-মানুষের দুতলা সাইজের ছবি । তিনদিনের কাজ । আটিস পঞ্চানন ভেবেছিল আজ আউট-লাইনটা সেরে রাইখবেক । দেরী হল একটু, দুটা বাস মিস্। এর মধ্যে কি এমন হল সে ভেবে তল পাই নাই...।

দিনভর উপাসী, চোখ-মুখ কালো হয়ে যাওয়া পঞ্চাননের বৌ খুব মিহি সুরে জিগ্গাসে
—‘হ্যাঁ গা, তুমি ফিরে আসতে পাল্লে থালে? ফিরে আসা যায় সিখ্যান থাকতে!’
পঞ্চানন রাগে, দুখে: বৌ-এর দিকে চায় ।


......


পঞ্চানন সমস্ত শোনে আর অবিশ্বাসে, ভয়ে, শিহরণে কেঁপে কেঁপে ওঠে । সমীরের দিকে ফিরে অস্ফুট ধমকের মতন বলে ; নিজের বাপ কে চিনতে লারলি আজ পয্যন্ত... !
শিবপদ আর গাঁয়ের আরো যারা সঙ্গী ছিল তারা পঞ্চানন কে বোঝায়; উয়ার দুষ কিছু নাই, উ ত ছেলা-মানুষ, আমরাও ভুল কল্লম ক্যামনে, বুঝতে লারচি রে ভাই...।

***

.... এদিকে পঞ্চাননের ঘর থেকে অনেক দুরে, মহকুমা হাসপাতালের লাশকাটা ঘরের সেই লোকটা পুনরায় অজ্ঞাতপরিচিতির দিকে চলে যায় । সে তার ভুল সন্তান, বৌ, পরিজন আর গাঁয়ের লোকদের সঙ্গ হারায় । পরিত্যক্ত, দাবিহীন, নি:সহায় লাশ হয়ে শাদা কাপড়ে মুখ ঢেকে আবার শুয়ে পড়ে , লাশকাটা ঘরের অন্য বাসিন্দারা পাথরের মতন চোখে চায়, তাদের চোখে অশ্রু নাই , শুকনা, বরফ...
...সার রাত চোখ বন্ধ করে শুয়ে থেকে ভোর-রাতে এই রকম একটা স্বপ্ন দেখে পঞ্চানন বিছানায় উঠে বসে । টিনের বালতি থেকে গেলাসে জল ডুবিয়ে খায় । সারাদিনের পরিশ্রমের পরেও আজ তার ঘুম নাই চোখে । ভাবে; থাইলে কে সেই জন ? হুবহু আমারি মতন ? কুথা থেকে তার আগমন ছিল ? কুথায় বা গমন ? পঞ্চাশ বছরের জীবনে তার সাথে একবার মুখামুখি দেখা হল কৈ ? একবার কি দেখা হওয়া নিয়তি ছিল নাই ? তবে, সে কি আমিই ? সে আমি এখন কুথায় ? কুন সাদা কাপড়ের নিচে শুয়ে আছি কার অপেক্ষায় ?

আমার হারিয়ে যাওয়া মা কি তারও মা ? আমার বিবাগী বাপের খবর ছিল তার কাছে ?
সে কি আমার মাতৃমুখী দোসর কুন ?
মা কি জানে ? খবর পেয়েছে ?

পঞ্চানন উতলা হয়ে ভাবে; একবার যাওয়া দরকার । সেই মৃত অজ্ঞাতপরিচয়ের কপট অপরিচয় খুলে ফেলা দরকার । সে দরজা খুলে একটা অতিজাগতিক ভোরবেলার ভিতর বেরিয়ে আসে । দেখে ভোরের আকাশে সুয্যদেব উদিত হয়েছেন । এখন কুথায় তবে তিনি অস্তমিত ? সিখেনে কি সাঁজ-বিকালের পারা লাল মেঘ ছড়ানো রয়েছে ? সিখানে তার হইলদা, ঝাপসা, কীটে-খাওয়া কিশোরী মাতৃমুখের কাছে ফিরে আসছে তার মাতৃমুখী সন্তান । একটু উদাসীন, ক্ষ্যাপাটে, তার মাথার চুলে লাল ধুলা জলে মাখামাখি, কানের পাশ দিয়ে দু-ফোঁটা জল গড়িয়ে নামছে। মায়ের আঁচল মুছে দিবেক বলে তার ধুলা মাখা মাথা নিচু হয়ে আসে...
পঞ্চানন ঘুমন্ত বৌ আর ছেলাদের রেখে সাইকেল লিয়ে নদীর নাবালে নেমে আসে, তখন পুবদিক জাগ্রত হচ্চে , লাল হচ্চে আকাশ …

শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

কবি, একা মেঘরাস্তা ধরে (কবি ফল্গু বসুর কবিতা নিয়ে কিছু কথা)

কবি, একা মেঘরাস্তা ধরে...

কৌশিক বাজারী



কোনো কোনো মানুষ পথ চলতে চলতে হাওয়া দিলে গায়ের জামা খুলে ফেলেন । শরীরে, দেহত্বকে সেই বহতা হাওয়া ধারণ করে বুঝে নেন তা কত বছরের পুরনো। হাওয়া বয়ছে সুন্দরবন থেকে নাকি জাভাদ্বীপ থেকে। বুঝে নেন হাওয়া বেহুলার মান্দাস কতদূর পৌঁছে দিয়ে এলো। তারপর মনে মনে গুঞ্জরিত হন । এর নাম পথ চলা। সাধারণ মানুষ, সাধারণত পথ চলেন কোথাও পৌঁছনোর জন্য। তাদের থাকে একটা ভাল-মন্দ-কাজ-অকাজের গন্তব্য । আর এরকম, যারা ঠিক সাধারণ নন, অল্প ভুতে পাওয়া, তাদের সাধারণত কোনো গন্তব্য থাকে না। পথের শেষ নয়, পথের দুপাশেই মূলত তাদের উদ্দেশ্য ছড়িয়ে রয়েছে। ভূগোল ও ইতিহাস-অনির্দিষ্ট সেই বহুতলীয় পথ, যা কখনো ফুরিয়ে যায় না। মূলত সেই কারণেই তাদের পথের কোনো শেষ থাকে না। আজীবন অবিরাম পথ। তাই একটা অবিরাম চলা তাদের ভেতর থেকে উঠে আসে। তাঁকে আমরা বলি কবি। কবি পথকে নিজের জীবনের মধ্যে ধারণ করে বাঁচেন।

বিংশ শতাব্দীর সপ্তম দশক থেকে একবিংশের দ্বিতীয় দশক পর্যন্ত সময়কাল, খুব বেশী না হলেও, চলার হিসেবে, মানব জীবনে খুব কমও নয়। কবি ফল্গু বসু এমন একজন নিভৃতচারী মানুষ। আমি তাঁকে টেলিফোনে চিনি। কণ্ঠস্বরে তাঁর আন্তরিকতা বুঝেছি বহুদূর। তাঁর ছড়ানো ছিটানো লেখা-পত্তর ও সাক্ষাৎকার থেকে যেটুকু বুঝেছি, তিনি

সত্তরের সেই অশান্ত ঐতিহাসিক দিন গুলোতে জড়িয়ে পড়েছিলেন নক্সালবাড়ি আন্দোলনের সঙ্গে। পরবর্তী সময়ে তাঁর লেখা অনেক কবিতায় সেই সময়ের প্রতিধ্বনি, ব্যর্থতা ও আশা-হতাশার কথা শোনা গেছে সেখানে। ১৯৮৭—৮৮তে লেখা ‘শামুক’ নামক কবিতায় দেখি তিনি বলছেন—

গোপনে বিপ্লব করে ঘুষির সিনেমা দেখে দেখে
দু-দুটো প্রজন্ম হেজে গেল। আমি গ্রামে গ্রামে ঘুরি
থানার দেয়ালটাকে একবার পাক মেরে দেখি
ফাটলের চারাগাছ কেউ উপড়ে ফেলেছে কি না
চারাগাছ ভাল আছে দেখে থানার দেয়াল থেকে
ইচ্ছে করে পড়ে গিয়ে আরো বেশি শক্ত হতে চাই।
অত্যন্ত স্পষ্ট রাজনৈতিক বার্তা। আরো পরিষ্কার করে বললে—রাজনৈতিক আশার কথা দিয়ে তিনি আরম্ভ করলেন, এবং এই কবিতাটিরই শেষে সম্পূর্ণ অন্যরকম এক ‘রাজনৈতিক হতাশা।– ‘দু-দুটো প্রজন্ম গেল, তবু নেতৃত্ব অংশত শেষ’ থেকে
‘সব ঘাট চষে ফেলি
শেওলা ডিঙিয়ে যাই, শুঁড় বার করে দেখি, তবু

প্রাক্তন নক্সাল বলে কেউ আর সমীহ করে না।‘

একটি ন্যায় ও সৎ-আবেগজাত প্রকৃত তারুণ্যের আন্দোলন, কিছুকালের মধ্যেই তার ভ্রান্তি এবং প্রতিপক্ষের অন্যায় ষড়যন্ত্রের মাঝে পড়ে ধুরমুশ হয়ে যাওয়ার অবব্যহিত পরেই একটি স্বাভাবিক সমাজ-রাজনৈতিক দ্বন্দ্বের প্রকাশ সম্ভবত ফল্গুদার এই কবিতাটি ।
কবি নিজে ‘প্রহর’ পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে এই কবিতাটি সম্পর্কে বলেছেন—
--“দেখো, আমি মনে করি কবির দায় বহন করার আইনত বাধ্যবাধকতা নেই। তবে প্রকাশ করার স্বাধীনতা আছে। এখান থেকেই ব্যাপারটা এসেছে। কবিতায় যেটা দেখছো সেটা তো মিথ্যে নয়। ওই মতাদর্শের (নকশালবাড়ির আন্দোলন) প্রতি একটা চাপা টান তো ছিলই। পরবর্তীতে তাদের জায়গা থেকে বিচ্যুত হতে দেখে ভিতরে ভিতরে একটা কষ্ট দানা বাঁধে। ‘অবাধ্যের পুঁথি’তে ‘শামুক’ কবিতাটা দেবদাসদা সংকলন থেকে বাদ দিতে বলেছিলেন, কিন্তু আমি দিতে পারিনি।“
অর্থাৎ কোনো আকস্মিকতাতো নয়ই, বরং কবিমনের এক দৃঢ়তাই এখানে প্রতিষ্ঠিত। যাকে কবি কখনোই বর্জন করতে পারেন না। হয়তো এখনো তিনি অপেক্ষা করেন।–‘এখনও অপেক্ষা করি দাঁড়াই নদীর শুকিয়ে যাওয়া পাশে....যেখান থেকে জলের একটি রেখা আসে....’
যদিও এইসকল বিষয় এই আলোচনার কেন্দ্রমূল নয়। তবু মূলে যাবার আগে এই ভূমিকার প্রয়োজন আছে। কবির প্রকৃত পথের হদিশ পেতে হলে পিছনের ফেলে আসা পথগুলিও ফিরে দেখা দরকার একটু...। কারণ—

সবার মনের মধ্যে চলে বিচিত্র ঘড়িটি
যে খুব যত্নের সঙ্গে ধারাপাত মুখস্থ করেছে

দহনের আগে স্বপ্নের সময় বিবেচনা
করেই ফেরত দিচ্ছে প্রত্যেকের ডুবে যাওয়া গ্রাম।
----

২০১১ এর কলিকাতা বইমেলায় সংগ্রহ করি একটি কাব্যগ্রন্থ –‘করতলে ভাগ্যরেখা নেই’। কাব্যগ্রন্থের নাম তাৎক্ষণিক হিসেবে খুব পছন্দ হয়নি তখন আমার। তারপর পড়তে পড়তে পরে একটা অন্য আবেদন পরে তৈরি হয় । তথাপি নিজের মুদ্রাদোষেই এই গ্রন্থটির অন্য অন্য নামকরণ করেছি আমি বিভিন্ন সময়ে। যেমন—‘আনন্দ ব্যাকুল রোদ’, ‘পাখি শূন্য মনের গহন’, ‘একা মেঘ রাস্তা ধরে’—এটা আমার প্রিয় কবিতা পাঠের একটা ব্যক্তিগত খেলা ছাড়া আর কিছু না। কোনো বই পড়তে গিয়ে, এক-একটা কবিতা, অথবা কোনো চরণ, কোনো দৃশ্যকল্পনা, কখনো কখনো মাথার ভেতরে রয়ে যায় দীর্ঘস্থায়ী হয়ে । কাজের মধ্যে, পথ চলার মধ্যে, স্নানের মধ্যে তারা আসা যাওয়া করে।
এই বই এর কবিতাগুলি তো আসলে ভ্রমণকাহিনী। কবির আত্মজৈবনিক ভ্রমণ। এর যে কোনো একটা কবিতা ধরেই পাঠক শুরু করতে পারেন তাঁর ভ্রমণ। ধরা যাক অতিসাধারণ এক পাঠক। এই আমার মতো ছা-পোষা লোক, যদি এই কবিতাগুলির কোনো বাস্তব গ্রামে গিয়ে উপস্থিত হই কখনো, হয়ত দেখব এসব কিছুই কিছু নয়। হয়ত কবিতায় কথিত ‘মাটিয়ারি’ গ্রামে গিয়ে দেখা যাবে পেতলের বাসন-কোসন, চাষবাস—আর কিছুই নেই। তবু আছে কোথাও হয়ত, হুবহু এইসব। সেখানে পৌঁছুতে হলে আপাতত অন্যভাবে পৌঁছতে হয়। কারণ কবিতাগুলি সময়-যানের মধ্য দিয়ে, অতীত ও বর্তমানের ভেতর দিয়ে অতিবাস্তব ও কল্পলোকের ভেতর দিয়ে যাওয়া-আসা করছে অনবরত। কারণ মাটিয়ারি গ্রামে ‘রামনবমী মেলায় আগে পুতুল নাচ হত, আজকাল উঠে গেছে’।
আঠাশ পৃষ্ঠার এই বইটির সব কবিতাগুলির নামই গ্রাম-নাম। আপাতদৃষ্টিতে এমনটা মনে হলেও, এহল কবির গমনপথ। এও আর্থ-সমাজ-রাজনৈতিক এক কাব্যিক রূপরেখা। শুধু কি তাই ? তাহলে তো প্রবন্ধ হয়ে উঠত লেখাগুলি। আরো যা আছে—মৃত্তিকা ও মৃত্তিকার প্রাণ।

নদীটির জন্য ভেবে ভেবে গানপাগলা পরিতোষ
গ্রামে গ্রামে গান গেয়ে ঘুরে, ফিরে আসে বিরহীতে।
প্রাচীনের মুখে নবীন শুনেছে—কোনো এক কালে
এখানেও জমিদার ঘোড়া চড়ে ঘুরতেন রোজ
ক্ষমতা বা জেদের কারণে এখানেও বহুবার
যুদ্ধ হয়েছিল।...
...মজা খালটির পাশে জেগে ওঠে বাদল আকাশ
শোনা যায়, করুণানিধান কিছুকাল কাছাকাছি
খুব একাকী ছিলেন, জাতীয় সড়ক চলে যাচ্ছে
স্টেট বাসে। বিরহীর উন্নতিতে মদনগোপাল
নিজে অপার আনন্দ পান।
এই যে এখানে কবি এক গ্রামের কথা বলতে গিয়ে অতীত-বর্তমান গেঁথে দিয়ে একজন প্রায় মুছে যাওয়া ‘গ্রামীণ’ কবিকে খুঁজে দিলেন। করুণানিধান। সঙ্গে সঙ্গে গ্রামটি এবং সাথে সাথে কবিতাটিতেও অন্যরকম এক মেদুর আলো এসে পড়ল। করুণানিধান এখানে থাকতেন। এ সকল পার হয়ে কবিতার শেষে তিনি পৌঁছে গেলেন মদনগোপালের অপার আনন্দে।
পৌঁছে গেলেন--‘বিরহীর উন্নতিতে মদনগোপাল নিজে অপার আনন্দ পান’—এই সহজ পঙক্তিটিতে। খুব কী সহজ? ‘উন্নতি’ মানে কি? উন্নয়ন ? আর মদনগোপাল কে ? মদনগোপাল আমাদের সহনাগরিক, এক সামাজিক নায়ক । তিনি মানুষের দু:খে দু:খী আর মানুষের সুখে সুখী হন। ঠাকুর মশাই রান্না চাপালে তার একবেলা আহার জোটে। আর তার অন্ন নিজ হাতে সাজান বলেই ঠাকুর মশাই ঐ হাতে কোনো পাপ করতে পারেন না কখনো। তার চাল ফুটো হয়ে জল পড়ে । জ্যোৎস্নালোক পড়ে। --এইসব গল্প আমাদের জানা। এখন বিরহীর উন্নতি মানে কী? তাও আন্দাজ করা যায়। কারণ উন্নয়ন আর মঙ্গল-কল্যাণ সমার্থক নয়, যদিও বর্তমানে পৃথিবীর সব গ্রাম মূলত বিরহী। উন্নয়নের সড়ক ধরে স্টেট বাস চলে যায় ধুলো উড়িয়ে। আর ‘অপার’ শব্দটির দ্যোতনা সূক্ষ্ম ভাবে লক্ষণীয়। ‘অপার’ আনন্দ লাভের পথ যে জাগতিক ভোগের প্রয়োজনে নির্মিত ‘উন্নয়ন’ নয় তা বলাই বাহুল্য। তাই এই ‘অপার আনন্দ’ মদনগোপালের আত্ম-শ্লেষই হয়তো বা।
সমগ্র বইটিতে এমন অসংখ্য ‘সহজ’ পঙক্তি ও কবিতা ছড়ানো রয়েছে ফল্গু-দার গ্রাম ‘দর্শনে’র পথে পথে । এখানে আধটি কবিতা ভেঙে দেখতে গিয়ে এই হাল হল আমার।
কত যে গ্রাম এই বাংলায় । তাই তো গ্রামবাংলা শব্দটি রয়েছে এই বাংলা ভাষায়। সবুজ সুন্দর বলিষ্ঠ ছায়াসুনিবিড় বনেদি শস্যময় আর রুক্ষ রাঢ় ধূ-ধূ ধুলো ঢাকা খাঁ-খাঁ গ্রাম সকল। মাটিয়ারি, ঝামটপুর, বলাগড়, নিশিগঞ্জ, উষাগ্রাম, হাভেলি শহর আরো কত গ্রাম-নাম।
নানা গ্রাম ঘুরতে ঘুরতে একটা গ্রামের মুখে এসে থমকে দাঁড়াই। যেখানে আমি গিয়েছি আগে। গ্রাম অর্থাৎ কবিতা। গ্রামের নাম ‘সাব্রাকোণ’। কবিতার নাম ‘সাব্রাকোণ’। আসলে আমরা বাঁকুড়া বিষ্টুপুরের লোক যাকে বলি সাবড়াকোণ। বিষ্টুপুর বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়ে— ‘বিষ্ণুপুর—সাবড়াকোন—পাঁচমুড়া’ লেখা থাকে। এই বাসে চড়ে আগে গিয়েছি । এই সাবব্রাকোণের পাশেই আমার বাপ-ঠাকুদ্দার দেশগ্রাম। হাঁটাপথ। রুখা,শুখা, টাঁড়, ডিহিতে ভরা বাঁকুড়ার ল্যাটেরাইট অধ্যুষিত অঞ্চল। এখানে ‘দিঘি উল্টে জল চাটে পিপাসা কুকুর’ । মানে—গ্রীষ্মের ধূ-ধূ রোদে মাটি ফেটে গেছে। এমন কি দিঘি উল্টে দিয়েও এক ফোঁটা জল পায় না বাঁকুড়ার কুকুর।
“...
রামকৃষ্ণ মন্দির লাগোয়া দোলমঞ্চে
ঋঞ্ঝা অতীত শুধরে ফের উথলে ওঠে।
নদীকে অনিয়মিত দাবি করে বাঁকা প্রবাহিত
পুরন্দর, দুইপাশে বিকেল লুটোয়
কে তাকে সুদেষ্ণা ডাকে ?
পাখি জানে, আর জানে বলেই সে
দেবালয় দূরবর্তী আকাশে ভাসার কথা ভাবে ।
নচেৎ অজ্ঞান, রজনী আছাড় খায়
চৌচির ভূমিতে। এই মানবজন্ম সন্ধ্যাপ্রদীপ
উষ্ণ হাওয়া টের পায় ফুলবনে লেগেছে আগুন।
...”
হায়! এ কোথায় এসে পড়লাম ফল্গুদার হাত ধরে ! এ যে আমার ই গ্রামে আমাকে ফিরিয়ে দিলেন তিনি। পুরন্দর! আহা পুরন্দর! খুব ছোটোবেলা সেজপিসিমার গ্রামের বাড়িতে গিয়ে এই পুরন্দরেই তো স্নান করতাম আমি। লাল মোটাদানার বালি। সেই খালপাড়, দেবালয় দূরবর্তী আকাশে ভাসমান পাখির পিছনে সূর্যাস্ত। তাহলে পাল্টে যায় নি সমস্ত ? কিছু থেকে যায় আমাদের প্রবাহিত জীবনের ভিতর ? সুদেষ্ণা অথবা তন্দ্রা নামের কিশোরীটির সাথে ফের দেখা হয়ে যায় পথে...যখন, ফুলবনে লেগেছে আগুন।
এই লেখার শুরুতে একটা পথ চলার কথা বলা হয়ে ছিল। আর ‘শামুক’ নামে একটা কবিতার উল্লেখ ছিল। সেখানে কবির ব্যক্তিগত অপেক্ষা, আশা, হতাশা কথা ছিল। এখন আমরা যেখানে এসে পৌঁছলাম সেখানে হতাশার লেশ মাত্র নেই। বরং সেই অপেক্ষা-আকাঙ্খার পথে চলতে গিয়ে ফল্গুদার হাত ধরে আমরা এসে পড়েছি নিজস্ব গ্রামে।





মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

বাংলা কবিতার মেঘে তনুভূত জল

বাংলা কবিতার মেঘে তনুভূত জল ;
নব্বই ও তারপরের কবিতায় আধ্যাত্মিকতা...


“আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি...”
--জীবনানন্দ।



ত্রিকাল মায়ার ঘেরে পড়ে গেছে এ পৌণ্ড্রবর্ধন
অতীত সুবর্ণময়, বঙ্কিম স্বভাবে যাকে ছেনে
ভবিষ্য হীরকখণ্ড নির্মাণ করেছে চাঁদবেনে,
অধুনা সেও নাকি ভিখারিনী, পড়ে পাওয়া ধন
হঠাৎ হাওয়ার সাথে, কলমের তাই উজ্জীবন।

জাগরণে বিভাবরী থমকি থামিল কোথা এসে?
কালের গভীরে কেউ বাদ্য করে মৃদঙ্গ ত্রিতাল,
কালের অজস্র মুখে অসংখ্য কালের মুখ মেশে,
অনেক কালের বুকে শুয়ে পড়ে কাল ভালোবেসে--

এ কোন প্রবল ধাঁধা, রহস্যের পাথারে বাঙালী
ভাসায় কাব্যের স্রোত, কাল বুঝে অথবা না বুঝে?
ব্যাকরণ ডুবে যায় কালের অতল আনখুঁজে,
কেবল ইচ্ছার স্রোতে ভেসে থাকে ইচ্ছাময়ী কালী”।।
(অনির্বাণ মুখোপাধ্যায়/ গ্রন্থ: শাক্ত চতুর্দশপদী)

আধ্যাত্মিকতা বিষয়টি নিয়ে আলোচনা করার কোনো যোগ্যতা আমার মতো অজ্ঞেয়বাদীর আছে কিনা জানি না। এই অজ্ঞানতা প্রথমেই স্বীকার করে রাখা ভালো। সাম্প্রতিক কালের কিছু কবিতা পাঠ করতে করতে আমারা বরং সেই দিকে, সেই পথের সন্ধানে যাবো, যেখানে—“কেবল ইচ্ছার স্রোতে ভেসে থাকে ইচ্ছাময়ী কালী” ।     এই তো! এখন পংক্তিটি একটি প্রতীকী ব্যঞ্জনা পেয়ে গেল এই মুহূর্তে। ইচ্ছাময়ী আমাদের ইচ্ছার স্রোতে ভেসে থাকে, অর্থাৎ যে যেরকম ভাবে তাকে ভেবে নেব, আপন করব—এই আর কি।
   তবু বাংলা কবিতার একটা আবহমান রূপ যেন এই পংক্তি ক’টির ভিতর  সংহতি খুঁজে পাচ্ছে। বাংলা কবিতার আবহমান রূপ মানে কি? কাব্য-রূপের আবার আবহমানতাই বা কি? এই সব কূট প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবু কাব্য-ভাষা বদলাতে বদলাতে যেদিকেই যাক তার অন্তঃস্থলে রয়ে গেছে সেই আদি ইচ্ছাময়ী, তার উপস্থিতি ব্যতীত কাব্যদেহ প্রাণহীন। এই প্রাণ, এই প্রতিষ্ঠাই কাব্যের আধ্যাত্মিকতা কিনা তা ভাবনার বিষয়। জীবনানন্দ যেমন বলেছেন--–“সৃষ্টির ভিতর মাঝে মাঝে এমন শব্দ শোনা যায়, এমন বর্ণ দেখা যায়, এমন আঘ্রাণ পাওয়া যায়, এমন মানুষের বা এমন অমানবীয় সংঘাত লাভ করা যায়--- কিম্বা প্রভূত বেদনার সঙ্গে পরিচয় হয়,যে মনে হয়, --এই সমস্ত জিনিষই অনেকদিন ধরে প্রতিফলিত হয়ে কোথায় যেন ছিল; এবং ভঙ্গুর হয়ে নয়, সংহত হয়ে,আরো অনেক দিন পর্যন্ত, হয়ত মানুষের সভ্যতার শেষ জাফরাণ রৌদ্রালোক পর্যন্ত, কোথাও যেন রয়ে যাবে; এই সবের অপরূপ উদ্গীরণের ভিতর এসে হৃদয়ে অনুভূতির সৃষ্টি হয় ।"—তো এই অনুভূতি আধ্যাত্মিক অনুভূতি কিনা তিনি পরিষ্কার করে বলেন নি কোনোদিন। তবু , এই যে তিনি বললেন ‘...কোথাও যেন রয়ে যাবে’—এই যে প্রায় প্রশ্ন বোধক অনন্ত, এই অনন্তই হয়তো বা সেই , যাকে আমরা কোনোদিন সংজ্ঞায়িত করতে পারি না। এবং পারি না বলেই তা অশেষ! আবহমান! বাংলা ভাষার সাম্প্রতিক কবিতার বিষয়ভিত্তিহীনতা ও ভাষার জাগলিং-এর গড্ডালিকার দিকটি বাদ দিলে কাব্যমাত্রই অনুভূতি প্রসূত। যা মানুষের সভ্যতার শেষ জাফরান রৌদ্রালোক পর্যন্ত, কোথাও যেন রয়ে যাবে বলে মনে হয়। অনির্বাণ মুখোপাধ্যায় তাঁর কবিতায় যেমন বলেছেন—‘কালের অজস্র মুখে অসংখ্য কালের মুখ মেশে,/অনেক কালের বুকে শুয়ে পড়ে কাল ভালোবেসে’ ।


    তেমনি বাংলা কবিতার নব্বইএর দশক একটি বিশেষ কালখণ্ড, যার বিশেষত্ব এই যে, সে আশির দশকের পরবর্তী দশক এবং শূন্য দশকের পূর্ববর্তী। এছাড়া সমস্তটাই আবহমানতা। তবু আমাদের কারো কারো কাছে এই কালখণ্ডের কি অপরিসীম ব্যঞ্জনা! অর্থাৎ আমরা যারা কেউ কেউ এই দশকটিতে পৃথিবীকে চিনতে শিখেছিলাম এক নতুন চোখে। নবীন বয়সের উচ্ছ্বাসে। সে হল আমাদের কবিতাবেলার কৈশোর --তাই তাকে পারিনা এড়াতে। তো এইসময় যে সকল কবি বাংলা কবিতার জগতে পা রেখেছিলেন, এবং জয় করেছিলেন, সত্যি বলতে তাদের বেশীর ভাগই এক-দশকের ব্যবধানে অন্তর্হিত প্রায়, প্রথম বাল্য-প্রেমের মতো কবিতা তাদের ছেড়ে গেছে বহুদিন। আরো কেউ কেউ যারা অভ্যাসের বশে রয়ে গেছেন তারাও ম্রিয়মাণ। এ আমাদের পরম দুঃখ। সেই উচ্ছ্বাস, সেই ঝড়, সেই অপ্রতিরোধ্যতার ভেতর কোথায় যে ধ্বংসের বীজ লুকানো ছিল, আমরা চিনতে পারিনি তাকে। হয়তো চিনতে চাইনি। কারণ সেই সময় মূহূর্মুহু ঘোষিত হচ্ছে নতুন নতুন লিটিল ম্যাগাজিন, সেখানে ঘোষিত হচ্ছে বাংলা কবিতাকে হতে হবে গ্রাম্যতা বর্জিত, স্মার্ট ও শহুরে। এবং এই ডাকে সাড়া দিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপের সমস্ত কবিগন স্মার্ট হয়ে উঠতে শুরু করেছেন। গ্রাম্য শব্দ, লোকজ শব্দ কবিতার থেকে ঝেড়ে ফেলে সে এক নতুন ময়ুরপূচ্ছধারী হয়ে উঠছেন গ্রামীণ কবিরাও। ভেতরের প্রাণের কথা বেমালুম চেপে যাওয়া হয়েছিল কেন যে, কে জানে! এবং এইসব বৈশিষ্ট্যগুলি না থাকলে বিখ্যাত শ্রেষ্ঠ পত্রিকা তো বটেই বিখ্যাত লিটিল ম্যাগাজিনগুলিতেও স্থান পাওয়া দুষ্কর হয়ে  উঠছিল। একটি লিটিল ম্যাগাজিনের প্রখ্যাত সম্পাদক সদম্ভে ঘোষণা করেছিলেন—আমাদের পত্রিকা পরবর্তী বাংলা কবিতা পাল্টে যাবে। হ্যাঁ, তা খানিকটা পাল্টেছে বৈকি! এই যে গায়ের জোরে বদল, এর পরিণাম ভাল হয় নি কখনো কোথাও । সমগ্র পৃথিবী জুড়ে এই যে প্রকৃত-বিজ্ঞানহীন প্রযুক্তির শাসন। পৃথিবীর সমস্ত নদী স্রোতের উপরে বাঁধ, তার সাময়িক সুবিধাগুলি স্বীকার করেও ভবিষ্যতের অপূরণীয় ক্ষতি ও ধ্বংসের কথা প্রযুক্তি বলে যেতে পারেনি। যা বলা সম্ভব ছিল প্রকৃত বিজ্ঞানের পক্ষে। ঠিক সেইরকম, প্রাণহীন আঙ্গিকসর্বস্ব  বাংলা কবিতায় এই জোরপূর্বক বদল কতদূর সহনীয় জানি না।। কেউ কেউ বলবেন এতে কারো কিছু যায় আসে না, ভাষা-প্রবাহ তার আপন পথেই চলবে, তবু বিরুদ্ধ-শক্তি এই প্রবাহের পথ বহুদূর পর্যন্ত রোধ করতে সক্ষম, তার স্বাভাবিক প্রবাহের পথে বাধা আনতেও সক্ষম। সে হেতু সাম্প্রতিক প্রাণহীন বাংলা কবিতার বাড়-বাড়ন্তের জন্য আমি অনেকাংশেই এইসব পত্রিকা সম্পাদকদের অবিমৃশ্যকারিতাকেও দায়ী করি।
   তবু, যে কথায় পৌঁছানোর জন্য এইসব তিক্ততার অবতারণা সেইখানে ফিরে আসি, সেই নব্বই-এর দশকের চিৎকারের অন্তরালেও কেউ কেউ লুকিয়ে ছিলেন অন্য এক অন্বেষণের চেষ্টায়, যেমন সব কালেই থাকেন কেউ কেউ। তারা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করলেন সময়ের স্মিত ছায়া সরে যাবার পর। এক দশক, দুদশক পর, অন্ধকারে হারিয়ে যাওয়া একফর্মা দুফর্মার দুর্বল চটি বইগুলি, স্যাঁতস্যাঁতে খাটিয়ার তলা থেকে বিবর্ণ, অনুজ্জ্বল, আনস্মার্ট, গ্রাম্য খাতাগুলি কোথাও কোথাও পুনরায় ছাপা হতে দেখা গেল। তাদের কাব্যে ছিল সেই মায়া! সেই অনন্তঃ, সেই জাফরাণ রৌদ্রালোক—যা সমকালকে ছাড়িয়ে সামনে ও পিছনে আদিগন্ত মেঠোপথের মতো বহুদূর ছড়িয়ে রয়েছে—

জীবন উঠোন মাত্র সারাদিন পাতা ঝ’রে পড়ে
জগতের, জীবনের, সোনালী হলুদ সব পাতা
সারাদিন চুপ ব’সে পাতাদের ঝ’রে পড়া দেখি
সারারাত ধ’রে শুনি শুধু বাতাসের কথকতা
অপেক্ষা অপেক্ষা শুধু কোন এক শান্ত সকালের
ঝরা পাতা আর ফুলে ভরে আছে সামান্য উঠোন
কতদিন কত খেলা করা হল সকলের সাথে
আজ সেই কথা তাই অবিরাম ভেবে যায় মন
সকালবেলার কথা তবু চিরদিন থাকে জেগে
শিউলিতলায় বলো কতদিন ছুটে গেছি আমি
সাদা রঙ ক্রমে দেখি লাল আরো লাল হতে থাকে
দিগন্তও দেখি মাতে অপরূপ হোলির খেলায়
জীবন উঠোন মাত্র সারাদিন পাতা ঝরে পড়ে
জগতের জীবনের সোনালী হলুদ সব পাতা...

(পার্থপ্রতিম মজুমদার/ গ্রন্থ: শ্যাম অন্ধকারে/ ‘অনুরাগ’ পর্যায়)

 এক ধরনের কবিতা আছে, যা অংশমাত্র উদ্ধৃতি করলে তার ভেতরের সঙ্গীত-ধর্মীতা নষ্ট  হয় বলে আমার ধারণা। এবং যা বলতে চেয়েছি তাও পুরোটা বলা হয়ে ওঠে না। এবং সেই ভাষাহীন অনুভূতির আকুতি, যা সঙ্গীত হয়ে বেজে ওঠে কখনো কখনো মানুষের গহনে, তাও বোঝানো সম্ভবপর হয়ে ওঠে না। আর ভাষা যেখানে পথ পায় না সেখানে যে সঙ্গীত একমাত্র পথ! তবু কবিতা, কাব্য আগাগোড়া ভাষাজালে বদ্ধ। তাকে মুক্ত করবার প্রয়াসমাত্র এই সঙ্গীত-ধর্মীতা প্রদানে, সেটুকু নষ্ট করলে কবির আর কি অবশিষ্ট থাকে! তার আকুতি, তার জীবনের প্রতি অসীম মমতা ও খোঁজ, তাকে কি আমরা ধরতে পারলাম...। যাই হোক, এই কবিতাটির মধ্যে দিয়েই হয়তো আমরা হঠাৎ ঢুকে পড়লাম আমাদের বিষয়ের ভেতরে। -- আধ্যাত্মিকতা!

   মানুষ তার চেতনা, তার ভাব নিয়ে সভ্যতার আদিপর্ব থেকেই এক অন্বেষণ জারি রেখেছে। বিজ্ঞান দর্শন কাব্যের ভিন্ন ভিন্ন পথে সে খুঁজে বেড়িয়েছে তার অতীত। তার উৎস। এই জীবন ও জগতের অর্থ ।  এই উৎসের খোঁজে সে ঘর ছেড়েছে, সমাজ সংসার ছেড়ে কেউ কেউ মহাসংসারের দিকে চলে গেছে। এবং চলেছে । স্টিফেন হকিং কথিত আদি মহাবিস্ফোরণের থেকে ছড়িয়ে পড়া ব্রহ্মাণ্ডপুঞ্জ ক্রমশ যেমন ছড়িয়ে পড়ছে তার কেন্দ্র থেকে আরো আরো দূরে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছে পরস্পর থেকে প্রতিটি কণা, আর তাদের ভিতর থেকে হাহাকার উঠছে—‘প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর...’ আবার--আবার কখনো হয়তো ফিরে আসবে তারা পরস্পরের দিকে, মিলিত হবে নিজস্ব মণ্ডলে, এক পরম ভরের ভেতর সমগ্র শক্তিপুঞ্জ! এক অসীম কেন্দ্রাতিক অভিকর্ষ, যা তাকে ক্রমশ নিজের কেন্দ্রের দিকে, কুলকুণ্ডলিনীর দিকে টেনে নিয়ে যাবে ক্রমশ শূন্যের দিকে? কি আশ্চর্য আর কি মহাকায় সেই মিলন! অনন্তের অন্তে, সেই মিলনের আকুতিই কি তবে কবিতার ভাষাহীন সৌন্দর্য? ব্যাখ্যাতীত? আধ্যাত্মিকতা? এর থেকে বহুদূরে এই বিশ্ব-মানবের মেঠো পথ।  যেখানে পৃথিবীর আকাশে সূর্যোদয় হয়, ফুল ফোটে, আর ঐ মহাসংকেতের ঈঙ্গিতে  প্রেম ও পূজা একাকার হয়ে যায়! অথবা, একাকী পথিক যেভাবে মিশে যায় পথে?

যেভাবে দিগন্তরেখা
মিশে যায় মাটি ও আকাশে
যেভাবে বসুন্ধরা
ছেয়ে যায় অনাবিল ঘাসে
আমিও তোমার মাঝে
একদিন মিশে যাব ঠিক
যেভাবে পথের বুকে
মিশে যায় একাকী পথিক...
(প্রেমের কবিতা / স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য /১৯৭১--)




   এই পৃথিবীর সামাজিক মানুষের কাছে, অর্থাৎ ব্যক্তি বিশেষে আধ্যাত্মিকতা বিষয়টির অর্থ হয়তো ভিন্ন। প্রথানুগ ভাবনা অনুযায়ী তাকে  ঈশ্বর বিষয়ক ভাবনা ও তাঁর দিকে যাত্রার এক পথ হিসেবে ভাবা যেতে পারে। যদিও সেই পথ এক নয় সকলের কাছে। এবং নিরাকার ঈশ্বরের ধারণাও প্রত্যেকের কাছে ভিন্ন তথা বিমূর্ত। আমরা একে অন্যের ধারণার কথা জানি না। ভাবতে গেলে, যেন এই ধারণার ভিন্নতাই মূলত ঈশ্বর প্রতিম। অর্থাৎ ঈশ্বরের ধারণাই ঈশ্বর। এ এক জটিল আবর্ত! একজন সচ্ছল, আপাত সুখী মানুষের অবসরের ঈশ্বর আর একজন মেহনতি কৃষকের ঈশ্বর মূলত এক নয়। মানুষের আর্থ সামাজিক অবস্থান, তাদের মানসিক গঠন, শিক্ষা ,পরিবেশ প্রভৃতি ঈশ্বরকেও ভিন্ন করে দেয়। মার খেতে খেতে মার খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের কাছে ঈশ্বর মূলত এই ধ্বস্ত জীবন থেকে মুক্তির পথ ছাড়া আর কিছু নয়। আবার একজন বড়বাজারের গদিতে বসা ব্যবসায়ীর কাছে ঈশ্বর মূলত গণেশের মূর্তি, ক্যাশ বাক্স আর শাঁসালো খদ্দেরের ভেতর ঘোরাফেরা করে। এইসব কিছু থেকে বহুদূরে, অথবা এই সমস্ত কিছুকে নিয়েই একজন কবি অথবা একজন শিল্পীর ঈশ্বর আনমনে পথ হেঁটে যায়।  হয়তো সেও বহু দুঃখে অপমানে সিক্ত, তবু সুর সন্ধানী সে--


‘জল্লাদেরা জ্বাল দিচ্ছে মৃৎপাত্রে মারাত্মক বিষ—
ছায়াপাতে কেঁপে উঠছে নিভে আসা তোমার সময়!
তবু তুমি বাঁশি হাতে শেখো সুর! ওহে সক্রেটিস!
কী লাভ এ সুরে আর?—দণ্ড দুই বই তো আর নয়...’

‘দণ্ড দুই বই তো আর নয়—
তাই এই দণ্ড দুয়ে যদি
সুরের নতুন সিঁড়ি পারি ছুঁয়ে যেতে—
আরো এক পারানির কড়ি
জমা হবে এই দাহ্য মাটির ঝুলিতে—
আর কিছু নয়।
প্রকৃত পথিক জানে
প্রতিটি লগ্নই তার
গমনের শুদ্ধ সুসময়...’

(শুদ্ধ সুসময় / সপ্তর্ষি বিশ্বাস/গ্রন্থ: দাহ্য মাধুকরী)

   সুসময় বলে ভিন্ন কোনো কাল নেই। লগ্ন, নক্ষত্র, মাহেন্দ্রক্ষণ, তিথী, চন্দ্র, সূর্য নিরপেক্ষ সে। প্রতিটি লগ্নই তার গমনের শুদ্ধ সুসময়...সমস্ত কাল সুরে বাঁধা।
   বন্ধুবর কবি সপ্তর্ষি বিশ্বাসের সাথে এই প্রসঙ্গে কথা হচ্ছিল একবার। তার মতে-- কাব্য বা শিল্পের আলোচনায় আধ্যাত্মিকতা থেকে প্রথমেই প্রথাগত ঈশ্বর চিন্তাকে বাদ দিতে হবে। এবং একেবারে সামনে রাখতে হবে কাব্য ও শিল্পের ভেতরের সৌন্দর্য্যানুভুতিকে। প্রকৃতি ও মানুষের ভেতরের সুর ও সুন্দরকে। যা প্রকৃত জীবন। সেই সুন্দরের ভিতর দিয়েই বরং  এগিয়ে যাওয়া যাবে অভীষ্টের দিকে।
এই মতবাদের ভিতর দিয়ে যখন তার কবিতাকে লক্ষ্য করি। দেখি, সেখানে এক এ্যান্টি-স্পিরিচ্যুয়ালিজম ঘাপটি মেরে আছে। এ্যান্টি-স্পিরিচ্যুয়ালিজম কথাটা রসিকতা করে বলা। মানিক চক্রবর্তীর এ্যান্টিপোয়েট্রি যেমন আদতে কবিতাই, শুধু গতানুগতিকতাকে সদর্থে ভাঙা এবং তার খোলোসকে ছুঁড়ে ফেলে এক অন্য রূপ দান করা, এও তেমন—স্পিরিচ্যুয়ালিজম থেকে প্রথমেই গতানুগতিক ঈশ্বরকে বাদ।
‘-- ক্ষত থেকে রক্ত ঝরে আর
দেবতাও ব্যাথাতে কাতর...

হে দেবতা কবে তুমি ক্রোধে
তুলে নেবে নিজেও পাথর ?’

  কবীরের দোঁহা, বৈষ্ণব কবির কাব্য,  রবীন্দ্রনাথের গানে, কবিতায় আধ্যাত্মিকতার যে সুর,  তার থেকে যেনো বহুদূরের এই অবস্থান। (একমাত্র চর্যার সুর ছিল একেবারে মাটির কাছে) এখানে ভক্তি নয়, মূলত সখারূপ ঈশ্বর, বন্ধুর মতো তাকে ধমক দেওয়া যায়, এমন কি গালিগালাজ পর্যন্ত করা যায়। অন্তত এই কালখণ্ডে এসে কবির পরিবর্তিত মানসপট এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে বাংলার সুপ্রাচীন ভক্তিগীতি বা প্রার্থনাসঙ্গীতের উল্টোদিকে আরো কাছাকাছি এক অবস্থান কবি তৈরি করতে পেরেছেন। অথবা সময় সেই অবস্থান তৈরি করে দিয়েছে।   কবিগন নিমিত্ত মাত্র।

   প্রকৃত অনুভব শুধু গ্রাম শহরের বেড়া নয়, সময়ের বেড়া ভেঙে ফেলেও মানুষের কাছাকাছি এসে দাঁড়ায়, এরপর সে কথা নতুন করে বলার কিছু নয়, তবু যখন কবিতাকে গ্রাম্য ও শহুরে ভাগে কেউ ভাগ করতে চায় তখন সেই পুরানো কথাগুলোই আবার—আবার বৃত্তাকারে সামনে চলে আসে। মানুষের জীবনের কথা, তার উৎসের দিকে যাওয়ার কথা। সব দেবতাকে ছেড়ে তার প্রাণের কাছে যেতে চাওয়া। ধরা যাক একজন শহুরে কবি, আদ্যন্ত যার শহরে বাস, শহরেই বেড়ে ওঠা, কর্মপোলক্ষে যদিও সে জগত দেখছে, মানুষ দেখছে, আর তার অন্তরচক্ষু খুলে গেছে। একদিন সকালে স্নান সেরে ঘর থেকে বেরিয়ে সদর দরজায় পা দিয়ে অবাক হয়ে দেখে-- উল্টোদিকের ফুটপাতে বসে আছে গিরিকন্যা উমা! তার পায়ে রূপার নূপুর, উলোঝুলো চুল, কপালে ত্রিনয়নের মতো লেপ্টে আছে গেঁয়ো কুমকুম, বাপের সাথে শহরে এসেছে সে কোনো কাজের খোঁজে—

গিরিরাজকন্যা, কেন কলকাতার গলি-গুহামুখে
পিঁড়ি পেতে বসে আছো, কেন?

তুমি কোন পাহাড়ের খরস্রোতা হয়ে
জন্মেছিলে বনের ছায়ায়?

লাফিয়ে লাফিয়ে নামতে উৎরাইয়ের পথ;
আবেগে ঝাঁপিয়ে পড়তে হয়তো কিছুটা;

লতায় জড়াতো চুল...
খ’সে পড়তো বুনো ফুল...
তবু এই পরিণাম সে সরল অধঃপতনের!

আমি লজ্জা লুকোবার ফাঁকে
দেখেছি তোমাকে
তুমি
দোষ নিও না পাহাড়ের মেয়ে।
সাকুল্যে খুব জোর, আর কিছু নয়, ওই
গ্লানির নূপুর-পায়ে হাত বুলোতাম, কাছে পেয়ে।

(বেনাম্নী/ শোভন ভট্টাচার্য/গ্রন্থ: ধ্বংসে লেখা ধ্রুপদ)
 
   ...আর মানুষের কাছাকাছি থাকা।  মানুষের দুঃখের, অপমানের পাশে এসে বসা—এর চেয়ে বড় আর কি? “কবিতা তুমি কেমন আছো?/যেমন থাকে ভালবাসার মানুষ, অপমানে...”—বামপন্থী এই কবির এই কবিতাটিকে যদি একটি পরম আধ্যাত্মিক কবিতার উদাহরণ হিসেবে তুলে ধরি, কেউ কিছু মনে করবেন? অন্তঃত আধ্যাত্মিকতার প্রথাগত ট্যাবু ভেঙে ফেলে তার ব্যাপ্তি আরো খানিক বেড়ে যাবে বলেই আমার বিশ্বাস। এবং এই আলোচনাতে সেই চিরাচরিত অবলোকন থেকে একটু ঘুরপথে যদি যেতে চাই, নিশ্চিত আপত্তি হবে না কারো। এতে কবিতার তথা শিল্পের ভেতরে যাবার পথ হয়তো সহজ হবে কিছুটা।
   যদি বলি নব্বই দশকের একজন খুব আউট-স্ট্যান্ডিং কবি ভূদেব কর, তাহলে খুব বাড়াবাড়ি হবে না বোধহয়। ভূদেবদার বয়স (জন্ম:১৯৫৮) নব্বই এর কবিদের চেয়ে কিঞ্চিত বেশী। হয়তো একটু দেরীতেই তিনি প্রকাশ্যে এসেছিলেন। নয়তো তিনি সত্তরের কবি হয়ে যেতে পারতেন অনায়াসে। দশক বিচারের এই এক অসুবিধা, আবার সুবিধাও। সুবিধা এই যে আমরা ভূদেবদাকে এই আলোচনাতে টেনে আনতে পারছি। এবং এই টেনে আনা অহেতুক নয়। আত্মব্যঙ্গসহ বহু তির্যক রঙ্গ রসিকতাগুলি পাশ কাটিয়ে তাঁর প্রাণের ভেতরের যে কথাগুলি তিনি গোপনে লিখে ফেলেছিলেন তার দু-এক ছত্র এখানে পাঠকের উদ্দেশ্যে দেওয়া খুব অন্যায় হবে না । উপরের বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাটির সাথে একটা বহুদূরের অথচ গভীর সাদৃশ্যও হয়তো খুঁজে পাওয়া যাবে—

এর মধ্যে কতগুলি বৃষ্টির বিকেল ঢুকে আছে আমি জানি না।
অনেকদিনের কথা মনে রাখতে পারি না।
প্রত্যেকবার শীতে গুটিয়ে ছোটো হয়ে গেছি
শীত কেটে গেলে মনে থাকেনি।
হাত পা ভেঙেছি, মেঘের গম্ভীর গর্জনে
ভয়ে ছিটকে গেছি কাদায়
একটি কিশোরী দেখে’ পাথরের মূর্তির মত দাঁড়িয়ে গেছি
সে যে কতদিন অথবা কতবার আমার মনে নেই।
খেতে পাইনি একদম তাও নয়
তবু স্রেফ দুটো লুচি খাব বলে
অপরিচিতের দলে চ’লে গেছি কতদূর
পেট ভরে গেলে মনে হয়েছে অল্প অপমান ছিল।
লুচির সঙ্গে হালকা ঘিয়ের মতন জড়ানো সেই অপমান
বেশিদিন মনে রাখিনি।

মানুষ থাকে এক এক রকম, অনেকদিন ধ’রে রচিত হয়।
সব কিছু মনেও থাকে না।
হয়তো চল্লিশ বছর ধরে একটাই বাতাস ঘুরে ফিরে
বয়ে চলেছে
আমি টের পাচ্ছি না...
(‘১৯৫৮—২০০২’ নামক দীর্ঘকবিতার অংশ)
   --এই কবিতাটির ভেতর কোথায় কোন লাইনের ভেতর আধ্যাত্মিকতা লুকানো রয়েছে দয়া করে এই প্রশ্ন আমায় করবেন না। শুধু এই ঘনঘোর জীবনের ভেতর অল্প শীতবোধসহ, ভুলে যাওয়া ছেলেবেলার অপমানসহ, একটি কিশোরীর সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা এবং একটাই বাতাসের ঘুরে ফিরে যাওয়া তিনি আমাদের ভেতর বইয়ে দিলেন। কি বলব এই বহমান বাতাস কে, তার আবেদন কে? সারা জীবন ধরে একটাই বাতাস ঘুরে ফিরে একটাই বৃত্ত রচনা করে একজন মানুষের জীবনে। বৃত্ত এক পূর্ণতা। কবি আলোক সরকার বলেছিলেন-- “...‘ঈশ্বর’ হল এক ‘সম্পূর্ণতা’...“—আমরা এই প্রসঙ্গে পরে আবার ফিরে আসব এই নিবন্ধে।
এবং  আমরা দেখব কিভাবে নিবেদনের  ভাষা পাল্টে পাল্টে যাচ্ছে। বাংলা কবিতার ‘ফুল পাখি চাঁদ’ এই সকলের ‘মাখো মাখো’ আবহর প্রতি বিদ্রুপ মিশ্রিত গালাগালি নতুন কিছু নয়। কোন মনোগত অভিপ্রায় ও চাহিদা থেকে এই বিরূপতা , তাও একটু ভাবলেই বোঝা যাবে। কারন ফুল পাখি চাঁদ প্রেম –এই সকল আবহমানতা থেকে মানুষের ব্যাবহারিক ও আত্মজৈবনিক বিচ্যুতিই আমাদের বিরূপতার দিকে নিয়ে যায়। আর প্রকৃত যে কবি, তিনি এই সকলকেই সময়ের এক দারুণ প্রেক্ষাপটে আবিস্কার করতে সক্ষম হন। তখন সেই ‘মাখো মাখো’ ভাবালুতা আর থাকে না। বরং তার আবিস্কার পাঠককে তার সুবাস-মথিত এক উত্তুঙ্গ পর্যায়ে নিয়ে গিয়ে রাখে—

কী এক ফুলের গন্ধ
শ্বাসে শ্বাসে রক্তে গেল মিশে
ঘ্রাণের গভীর তলদেশে
ঘণীভূত হয়ে উঠল কুসুম শরীর

গন্ধের মাদকে বুঁদ
কখন যে ফুল হয়ে থেমে গেছে বুকের বাতাস
জ্যোতির্ময়, স্তব্ধহৃদাকাশ

এইকানে, আলোর শরীরে
লীন হতে এসেছে সৌরভ,
ন ইলে সে কী কারণে আসে?
ফুল আর উদ্ভিন্ন প্রকাশে
বাতাসে ভাসিয়ে দেয় এ দিওয়ানাপন?

কামিনী কাঞ্চন বেলি
গোলাপ করবী লিলি
আরো কত অনাম অজানা
ফুলেরা উঠেছে ফুটে
মধু ও বিষের কুটে
রূপে রূপে চক্ষু হল কানা

চোখ বুজে খুশবু নিই
আলোর শরীর সেই
খুশবু ঘন ফুল হয়ে ফোটে

আলোর পাপড়ি মেলে
আলোতে সে ঢেউ তোলে
আলোর মৌমাছি এসে জোটে ।
(লীলাকমল/অভীক বন্দ্যোপাধ্যায় /১৯৭৪/গ্রন্থ: লীলাকমল)


  কবি বীতশোক ভট্টাচার্য, দেবাশিস তরফদার আদি কবির অনুবাদে আমরা জেন দর্শনের অদ্ভুত আধ্যাত্মিক কবিতাগুলি পড়েছি। এবং আশ্চর্য হয়েছি সারা জীবন মানুষ প্রকৃতির সান্নিধ্যে, ঈশ্বরের খোঁজে, সটোরি লাভের জন্য, কাব্য ও শিল্পের খোঁজে হেঁটে চলেছে কি ভাবে! প্রাচীন চৈনিক পেইন্টিং এ যেমন দেখি—সমগ্র পট জুড়ে অনন্ত মহাকাশ, সুবিশাল পর্বতমালা, ঘন-বনানীর নিচে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মানুষ! এই যে মানুষের চেয়ে অনেক অনেক বড় বিশ্ব-প্রকৃতি, তারচেয়েও আরো অনেক বড় এক মহাকাশ, হয়তো বা ব্রহ্মাণ্ডের স্বরূপ তা, --যা আমাদের মনের ভেতর স্বাভাবিক রূপেই ছিল একদিন। যখন আমরা ছিলাম প্রকৃতির সন্তান। হয়তো মন ও চেতনার দুইতৃতিয়াংশ জুড়ে তখন ছিল প্রকৃতি। সভ্যতা যত বিজ্ঞানহীন প্রযুক্তির পথে এগিয়েছে, ভোগ ও লালসা যত গ্রাস করেছে চেতনাকে, ততোই আমরা প্রকৃতির থেকে দূরে সরে গেছি। মনের স্বাভাবিক কবিতাগুলিকে এড়িয়ে আধুনিক হয়ে উঠতে চেয়েছি। অথচ এই বঙ্গেই কোথাও কোথাও কোনো গ্রামীণ কবির কলমে এখনো হয়তো বেজে ওঠে সেই হাওয়া, যা হারিয়ে যায়নি, হারিয়ে যায় না কোনোদিন। প্রথাগত আধ্যাত্মিকতার প্রলেপ এখানে নেই, তবু মনে হয় জেন-বাদী পেইন্টিং এরই কাছাকাছি কিছু—
এ পথ কাউকে না কাউকে দেখাতেই হত
তবু তুমি প্রথমা হয়ে উঠলে
আমি প্রথম
আঃ চারিদিকে এত আলো
সব যেন ঝলমল করে উঠছে
খড়ের পাখিটিও প্রাণবন্ত, যেন
কথা কয়ে উঠলো--'ও লক্ষ্মী, দেখ, কে যেন এয়েচে'
আমি ফিস ফিস করে বলি
প্রায় নিঃশব্দে বলি,--ঐদিকে যাবো
ঐদিকে নিয়ে চলো পথের কাঙাল...
(পথ/ শীতল বিশ্বাস)


এবং আরো আছে। সেমন এই কবিতাটি, যা পড়লেই মনে হবে যেন কোনো জেন সন্ন্যাসীই হয়তোবা এর রচয়িতা।


বেলা প’ড়ে আসে
           ঘরে ঘরে প্রদীপ
উন্মুক্ত শঙ্খের ধ্বনি
           মুখর করে চলেছে জীবন।
আমার ঘরে প্রদীপ নেই, শাঁখ নেই
            আমি কি নিয়ে বাঁচি?
দুহাতের আঁজলাকে পিদিম ক’রে
     ঘরের কুলুঙ্গিতে রেখে যাব।
     শিখা যদি নিভে যায়,
আমার আঁজলা কেউ কি দেখতে পাবে?
অন্ধকারে ভেসে ওঠে
          স্বপ্নময় কুলুঙ্গী।

(স্বপ্নময় কুলুঙ্গী/মন্থন মোদক/১৯৮৩--)

    মন্থন পুরুলিয়া জেলার মানুষ, সাধারণের কাছে প্রায় অপরিচিত এই কবি আজ আর কবিতা লেখেন কিনা জানি না, আমার চোখে পড়ে না অন্তত বহুদিন। তবু তার কবিতার পথ চেয়ে থাকি।  এইসব জীবন ও প্রকৃতির  সমাবর্তন বিশেষ দেখি না তো ...।

   সাধারণ ভাবে প্রকৃতি এক শায়িত রূপ। সমুদ্র, অরণ্য, নদ, নদী, মরু ও মহাসাগর সমস্তই চরাচরে শায়িত-প্রকৃতি। এমন কি পাহাড় ও গম্ভীর পর্বত, সেও শায়িত। তবু সে সুমহান, সুউচ্চ। কিন্তু তার উচ্চতা গর্ব্বোদ্ধত নয়। ধীরে, অতি ধীরে সে আকাশের দিকে, শূন্যের দিকে চলে গেছে ঢেউ দিতে দিতে।
   মানুষ শুধু প্রকৃতি-বিরুদ্ধ আস্ফালনে মানুষকেই নত করতে গিয়ে প্রকৃতির উপরে চলে যেতে চেয়েছে! শেয়ার-সূচক থেকে আল-বুর্জ সেই গর্বোদ্ধত অতি আধুনিকতার আস্ফালন ছাড়া আর কি ? গগন কে চুম্বন করতে গিয়ে সে হয়ে উঠেছে গগন বিদারক। নাকি চুম্বনের ছলনায় সে বিদীর্ণই করতে চেয়েছিল তাকে? তবু পারা গেল কি? কি অসীম করুণা আজ ঝরে পড়ছে গ্রাউন্ড জিরোর নিচে!
শুধু কবি জানে প্রকৃত সত্য –
.
যেখানে প্রাচীর ওঠে অসম্ভব অহংকারে,তার
উপরে আকাশ দেখা যায়
দেখ, নিষ্পলক চেয়ে আছে নদী আর ওই চাঁদ
জ্যোৎস্নায় ভেসে গেছে উহাদের এ কূল ও কূল...
(দূরত্ব/অভিষেক ঘোষ /১৯৮৪--)

কবিতার নাম ‘দূরত্ব’ । এই দূরত্ব রচনা করেছে মানুষ। পরমা-প্রকৃতি ও তার আত্মার ভেতরে। আবার অনন্ত দূরত্বকেও ‘একটু দূর’ অর্থাৎ ‘নিকট’ করে নিতে পারে কবিই। এমন একটি কবিতা শোনাবার দুরন্ত ইচ্ছে দমন করা যাচ্ছে না। কবি মণিশংকর হয়তো কোনো খ্যাতিমান কবি নন। অন্তঃত আজ থেকে একমাস আগেও তাঁর কবিতার সাথে আমার আলাপ ছিল না। তথাপি তিনি প্রকৃতই একজন উল্লেখযোগ্য কবি—

নির্জন শেফালী আর একটু দূরের
ঈষৎ সবুজ ওই তারাটি—
বস্তত একই তরঙ্গের অংশমাত্র।
প্রতিদিন তারাদেরকে যে এইখানে ডেকে পাঠায়
সেই গাছটির নাম রাত্রি।

তুমি ধীরে ধীরে তার প্রতিটি শাখাই ছুঁয়ে যাচ্ছ
বালকের মতো হেলা ভ’রে..

শিশিরে, নৈশব্দে...
(কবি / মণিশংকর বিশ্বাস/ /গ্রন্থ: চন্দনপিঁড়ি)

   এই রচনাটি শুরু করার আগে আমি কিঞ্চিৎ চিন্তিত ছিলাম যে নব্বই ও তার পরবর্তী দশকগুলি যে হারে যন্ত্রনিয়ন্ত্রিত এক সুপারন্যাচারাল সার্কাসের ভেতরে ঢুকে পড়েছে, অন্তত: আশিতেও এমনটা ছিল না বোধহয়, [কারণ নব্বই-এর দশকের মাঝামাঝি আমাদের ঘরে ঘরে ঢুকে পড়ে টেলিফোন, আর তারপর মহাদানব মোবাইল ফোন। এবং অতি নিঃশব্দে ‘পত্র’ নামক একটি শিল্প মাধ্যমের পৃথিবী ব্যাপী পতন ঘটে। এবং সাথে সাথে সমাজ ও সংস্কৃতির ভেতর খুব দ্রুত ও ব্যাপক এক বদল শুরু হয় ও ক্রমশ তা পরিণতির দিকে যায়। ১৯৯০/৯১-এ জন্ম এমন, যারা এখন ২৪/২৫ বছরের যুবক-যুবতী। তাদের পক্ষে বিশ্বাস করাই কঠিন এই মোবাইল ও টেলিফোন বর্জিত এক পৃথিবীর কথা! যখন কোনো গ্রাম্য বধূর কাছের মানুষটি কাছে নেই, হয়তো বহুদূরের কোনো শহর থেকে সে চিঠি লিখছে—‘আগামী রবিবার আসিতেছি, আমার প্রীতি-চুম্বন লইও...’। সেই পত্র পৌঁছলনা, মানুষটি এসে গেল তার আগেই...সেই যে হঠাৎ দেখার ব্রীড়া, দরজার আড়াল থেকে তার কণ্ঠস্বর শুনে চমকে ওঠা... অথবা ঠিক এর উল্টো, চিঠি এলো, মানুষটি এলো না।--এ বহুদিন যাবৎ বাংলা সাহিত্যের অন্তর্গত এক বিষয় হ’য়ে ছিল...
{লক্ষ্মী পূর্ণিমার ভোর। কাদের কুলের বৌ
অন্ধকারে জল নিতে আসে, তার

লাজুক নূপুর থেকে জল ঝরে, আর কোন
পাতার আড়ালে ডাকে অবাধ্য কোকিল,

বধূটির মন উচাটন। দূর শহরের থেকে
তার স্বামী কালও ফেরেনি...
(ঘাট সিরিজ/সুমন জানা/গ্রন্থ : সামান্য কথার কথা/রচনাকাল: নব্বই দশকের দ্বিতীয়ার্ধ)}
 ... এই যে বিষয়, এখন আর নেই, আর থাকবে না।– একদিন দুদিন নয়, এই যে বহুযুগের সমাজ সংস্কার দু’দিনেই ভেঙে যাওয়া, এর একটা প্রভাব তো থাকবে?] সেই ভয় ভেতরে নিয়ে কবিতাগুলির দিকে চেয়েছিলাম। কিন্তু আমার ভয় বা আশংকা অমূলক ছিল হয়তো। দেখছি, এখনো বহু কবি এই বাংলায় রয়েছেন, যাঁরা এই বাংলা কবিতার আবহমান ধারাটিতে  বিশ্বাস রেখে লিখছেন। লিখে চলেছেন। প্রেম ও প্রকৃতি এখনো মানবমনের প্রধান পরিমণ্ডল। যা থেকে বিচ্যুতি শুধু আপন থেকে দূরে চলে যাওয়া। শূন্যদশকের কবি সর্বজয়া যেমন তাঁর প্রায় সকল কবিতাতেই এক মহাজাগতিক প্রণাম ছড়িয়ে রাখেন। কবিতার মধ্যে দিয়ে তাঁর পূজা স্পষ্ট হয় যেন—

পড়ন্ত বাতাস কাঁপে
মুঠোভর আকুল পরাগ।
শাখাময় এই নীরবতা
জল নেই,শুধু বৃষ্টিদাগ।


পাতাগুলি, তারাগুলি বাজে
কাজে,আর কিছু ফুলসাজে
মর্মগতি,আর অভেদ ফাগ
জল নেই,আছে বৃষ্টিদাগ।
(শাখ / সর্বজয়া)

অথবা এই দ্বিপদীটি, যেখানে কবি তার উদ্দেশ্য, তথা মঞ্জিলের ঘরে পৌঁছতে পারছেন না, তার আকুতি, তার দীর্ঘশ্বাস—

আঙুল মাত্র দূর, ডালে এক পাখি বসে আছে,
বিশ্বাস মাত্র দূর, পৌঁছতে পারি না তার কাছে!
(যোগিয়া/সুকান্ত সিংহ /১৯৭৪/গ্রন্থ:যোগিয়া)

... প্রেম, পূজা, প্রকৃতির চিরাচরিত সঙ্গীতময় কাব্য তো বটেই, এর বাইরে, জীবন ও জগত সম্পর্কে গভীর শ্রদ্ধা, মমত্ববোধ কাব্যের মূলাধার। আমার অন্ততঃ এমনটাই মনে হয়েছে। এবং সেই সূত্রে, ছন্দে লেখা পদ্য-মাত্রই যেমন সবসময় কবিতা হয়ে ওঠেনা, একই ভাবে অনুভবি গদ্যাংশও কবিতা হয়ে ওঠে তার অনুভব তথা জীবনের প্রতি গভীর মমতায়। যেভাবে  আরণ্যক, তিতাস একটি নদীর নাম, ঢোঁড়াই, মাল্যবান ইত্যাদি কিছু কিছু বাংলা সাহিত্যের সম্পদ আছে যা কাব্যগ্রন্থ বলেই মনে হয় আমার। হয়ত এই ভাব থেকেই , হয়তো কেন, নিশ্চয় এই ভাব থেকেই গদ্য কবিতার জন্ম হয়েছিল । যেমন এই কবিতাটি—

তিনি কথা দিয়েছেন, আমাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করবেন এমন সরল প্রকৃতির লোহা, যা থেকে শুধুই চাষী ভাইদের জন্য লাঙল অথবা কাস্তে বানানো যেতে পারে, কিন্তু কিছুতেই নির্মিত হবে না ঘাতকের হাতিয়ার । যিনি নিয়েছেন ভার, তার নাম ঈশ্বর কামার। শ্রীমতী নদীর ধারে একটি চালাঘরকেই তিনি আপাতত মনে করেছেন কৈলাস পর্বত, অন্তত বছর তিরিশ সেখানেই কাজ সেখানেই বাস। সেই ঘরের আকাশে সর্বদায় জ্বলছে লাল আগুনের মতো সূর্য। চাঁদ উঠলে, তারা ফুটলে বন্ধ হয় ওই দোকানের ঝাঁপ। তিনি সর্বদায় পোড়ান আর পিটিয়ে চলেন, এতই কাজের চাপ যে, শরণাগতদের অধিকাংশকেই দু’একটা দিন বা সপ্তাহ পরে আসতে বলেন, ভিতর-বাড়ির থেকে ঈশ্বরী অথবা কন্যার এনে দেওয়া চা ও বিস্কুট বারবার খান, ছাই হয় বিড়ির বাণ্ডিল। মানুষ পিটিয়ে লোহা তৈরির অদম্য পরিশ্রমে বলিষ্ঠ শরীর বেয়ে ঝরতে থাকে ঘাম...
অবশেষে গিয়ে মেশে তাঁরই সৃষ্ট ওই নদীটির জলে।
(লোহা/ বিপ্লব চৌধুরী)
(এই কবিতাটির পর কয়েক মুহূর্ত নৈশ:ব্দের বিরতি...)

...


  ... ভিন্ন ভাবে ‘কবিতায় আধ্যাত্মিকতার খোঁজ’ আমাদের করতে হচ্ছে একটি নিবন্ধে, এও বাংলা কবিতার এক প্যারাডক্স বলা যায়। যা যুগের নিয়মে স্বাভাবিক বলেই মনে হচ্ছে আজ। অথচ এই নিবন্ধের প্রথমেই জীবনানন্দের যে উদ্ধৃতিটি ব্যবহৃত হয়েছে তা কিছুদূর অনুধাবন করলেই একথা পরিষ্কার হয় যে ব্যাপক অর্থে আধ্যাত্মিকতার স্পর্শ না থাকলে কোনো রচনাই কবিতায় উত্তোরিত হতে পারে না কখনো। (এই প্রসঙ্গে একটু পিছিয়ে গিয়ে আলোচনা শুরু করলে এক অন্যরকম সূত্র পাওয়া যেতে পারে। যথা –জীবনানন্দ স্বয়ং। জীবনানন্দকে  ‘বিষাদের কবি’ হিসেবে দেগে দেওয়া হল। রবীন্দ্রনাথ ও বিভূতিভূষণের রচনায় যে ‘আনন্দের গতি’ , জীবনানন্দের কবিতায় এসে তা পথ হারিয়ে ফেলেছে। এমন মনে করা হয়। এই হল আধুনিকতার ধাঁধা। জীবনানন্দ কখনো স্পষ্টঅক্ষরে তার ঈশ্বর সংক্রান্ত উপলব্ধি ব্যাখ্যা করেন নি। তথাপি তিনি লিখেছেন স্পষ্ট কিছু পঙক্তিমালা। যথা—‘শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়’ যা আমাদের ‘অপরূপ সূর্য চেতনার প্রভাতে নিয়ে যায়’ । এই প্রথম বন্ধনীর ভেতরে বলা কথাগুলির জন্য প্রয়াত কবি বিকাশ দাসের প্রতি ঋণ জানিয়ে রাখি।) – তো এই হল আধুনিকতার যুগ-যন্ত্রণা প্রসূত ‘আলো-অন্ধকার’। যা ক্রমশ নব্বই ও তার পরবর্তী কবিদের কাছে এসে  কখনো কখনো আরো কঠিন ও দুষ্পাচ্য হয়ে উঠেছে। এখানে আমাদের পরিচিত আধ্যাত্মিকতার রূপানুভূতি তৎক্ষণাৎ দৃষ্টি গোচর হয় না, তারপর চোখ সয়ে এলে, ধাঁধা কেটে গেলে দৃষ্টিগোচর হয় সেই শিশুগ্রাম, যা আমরা ফেলে এসেছি বহু বহু যুগের ওপারে—


শোনো। রাতের বাতাস কি বলছে শোনো।
এ’গ্রাম শিশুগ্রাম। এগ্রামে কেউ বড় হয় না কখনো।

মাঠের ছায়া শুয়ে আছে মাঠের পাশে
আর মাঠে মাঠে চলছে যে খেলা, সে খেলা
থামেনি এখনো—
খেলছে যে শিশুরা—তারাও তো
খেলছে অনন্তকাল—
খেলবে অনন্তকাল
এখেলা থামেনা কখনো।

এ’গ্রামে দিন নেই, শুধুই রাত্রি
এ’গ্রামে বয়স থেমে মাঠের ঘাসে—
রাতের খেলা শুধু ভিজে যায় জলে
বর্ষায়, অশ্রুতে
বজ্রের আঘাতে—

শোনো। রাতের কান্না কি বলছে শোনো।
এ’গ্রাম শিশুগ্রাম। এ’গ্রামে কেউ বড় হয় না কখনো।
(বজ্রপাত/ আবীর সিংহ)

   শিশুরাই তো প্রকৃতির সবচেয়ে কাছাকাছি মানব। এখনো আমাদের বানিয়ে তোলা ভুল শিক্ষা, সংস্কৃতি, সামাজিকতা যাদের স্পর্শ করেনি। কবি হয়তো বিশ্বজোড়া সেই শিশুগ্রাম-এর কথা বলতে চেয়েছেন। পৃথিবী ব্যাপী সেই অসংখ্য শিশু মনের  ঐকতান, যেখানে কেউ বড় হয় না, অর্থাৎ যেখানে বড়দের বানিয়ে তোলা ভুল-পৃথিবীর কোনো স্থান নেই। এই ভাবনাটিই শিহরণময়! যদিও কবিতাটির ভিতর অনেকগুলি পর্দা রয়েছে, যথা সময়ের স্থবিরতা (!) ইত্যাদি। সেগুলি আপাতত অনুন্মোচিত  থাক ।
   বিষয়ের চেয়ে উদ্ধৃতি এখানে স্থানে স্থানে দীর্ঘ হয়ে যাচ্ছে হয়তো। তবু আমি নাচার। কারণ উদ্ধৃতিই বিষয়। প্রবন্ধকার মধ্যে মধ্যে বটকেরা করছেন মাত্র। ‘বাংলা কবিতায় বিদেশী শব্দ’, বা ‘বাংলা কবিতায় প্রমিত শব্দ’ ব্যবহারের ক্ষেত্রে যেমন পঙক্তিমাত্র উদ্ধৃত করে বিষয়টি বোঝানো যায়, এক্ষেত্রে সে পথ সম্পূর্ণ বন্ধ। কারণ কবিতার ভিতরের গভীর অনুভবটিকে (যা এখানে আধ্যাত্মিকতা) সম্পূর্ণতা ধরতে হলে সম্পূর্ণ কবিতাটি উদ্ধৃত করা ছাড়া উপাই নেই। সে কারনেই হয়তো এই নিবন্ধে আলোচ্য সময়-কালের বহু কবিই অনুপস্থিত থেকে যাবেন। তাছাড়া আলোচকের পাঠের অপ্রতুলতাও একটা বিশেষ কারণ। এই ভণিতা এখানে গেয়ে রাখলাম।
এখানে আপাতত কবি শংকর বসুর একটি মহাজাগতিক পথ হাঁটার ছোট্ট কবিতা পড়ে নিই—

সে কি টের পায়?
তার ছায়া
অনন্তের হাঁটা পথে সঙ্গদোষে মিশে থাকে
আমার-ই ছায়ায়...
(ছায়াসঙ্গী/ শংকর বসু)

  শংকরের কবিতাটি যেন শুধু বিশ্ব নয়, ব্রহ্মাণ্ড-প্রকৃতির দিকে চলে গেছে।   বর্তমান পৃথিবীতে এই প্রকৃতিকে শুধু ভুলে যাওয়া নয়। প্রকৃতির থেকে বিচ্যুত হতে হতে মানব সমাজ আজ প্রকৃতি-বিরুদ্ধতার দিকে চলে গেছে। প্রকৃতির কাছে নত হতে শুধু ভুলে যাওয়া নয় আজ মানুষ প্রকৃতিকেই তার সামনে নত হতে বলছে এক চরম স্পর্ধায়। যার মূল, ভোগ-ঈপ্সা। পরমা-প্রকৃতির কাছে পৌঁছানোর আকুতি তাই শুধুই ঠাকুমার গল্পকথার মতো শোনাচ্ছে...
    এখানে শংকরের কবিতাটি বলতে গিয়ে আরো একটি কবিতা মনে এলো খুব স্বাভাবিক ভাবেই। কবি স্বর্ণেন্দুর এই তিন লাইনের ছোট্টো কাবিতাটির মধ্যে রয়ে গেয়ে সেই প্রস্তরীভূত অহল্যার চেয়ে থাকা, পৃথিবীর এই মাটি থেকে মহাজগতের দিকে নির্মিমেষ। শুধু একটি সম্মতির অপেক্ষায় আছি আমরা সকলে।  এই পূর্ণিমা, এই পৃথিবীর পাষান—সেও তো এক মহাজাগতিক খণ্ডতামাত্র! এই কথা মনে এলো—

তাকে সম্মতি দিতে বল, বৃষ্টির দেখা পাওয়া যাবে
নক্ষত্রের দিকে মুখ, একটি পাথর, বৃষ্টিতে ভিজে গেলো আজ
আজ পূর্ণিমা, সম্মতির দিকে যেতে যেতে ভিজে গেছি আমরা সকলে...
(পূর্ণিমা/স্বর্ণেন্দু সেনগুপ্ত)


...

   হয়তো আরো প্রচুর প্রচুর কবিতার ভেতর দিয়ে হেঁটে যেতে হবে আমাদের। তারপর একটা তাৎক্ষণিক উত্তরের সামনে হয়তো দাঁড়াতে পারব। হয়তো তারপরেও প্রশ্ন রয়ে যাবে...। নিশ্চিত তারপরেও প্রশ্ন রয়ে যাবে...
   প্রশ্ন রয়ে যাবে কোথা থেকে এসেছিলাম, কোথায় বা যেতে চেয়েছি? –এই আদি ও অনন্ত প্রশ্নের উত্তর খুঁজে গেছে মানুষ বরাবর। কবিতায় দর্শনে বিজ্ঞানে। সেইসব একাকী মানুষের পথ হাঁটা। আর কোথাও কোনো পথ না পেয়ে শেষ অবদি তার নিজের তৈরি মূর্তির সামনে এসে কেঁদে ভাসিয়েছে। যে অনন্তকে মানুষ কখনো কল্পনা করতে পারেনি, যে অসীম ধরা ছোঁয়ার অতীত, তাকে ছুঁতে গিয়ে মানুষ কল্পনার আশ্রয় নিয়েছে। সে কখনো মাটি খড়ের মূর্তির ভেতরে তাকে দেখে ছুটে গেছে, কখনো অক্ষরের মধ্যে সাজানো কবিতার ভেতর। শ্যামলের একটা কবিতা মনে পড়ছে এই প্রসঙ্গে। যেখানে এই দুটো বিষয়কেই একসাথে আমরা পেয়ে যাব—
আমি মূর্তিকরকে দেখেছি
দেখেছি তার হাত ভরে উঠছে ভিজে মাটি...শুকনো খড়

তৈরি হচ্ছে মানুষেরই এক অবয়ব
আমি আঁকতে দেখেছি তার চোখ
যত্ন করে পরাতে দেখেছি শাড়ি

নির্মাণ শেষ হলে তারই সামনে নতজানু কান্নায়
গুমরে উঠতে শুনেছি মূর্তিকরকে—দেখা দে মা, দেখা দে

(শ্যামল ভট্টাচার্য/ গ্রন্থ: পঞ্চম আহুতি)

অথবা প্রায় একই বিষয় ভিন্ন অবলোকনে রয়ে গেছে সুকুমারের একটি কবিতায়—

সে এক অপটু চিত্রকর। কিছুদিন হলো আকাশে ছেড়েছে
                               এক অসম্পূর্ণ পাখি
সে পাখি এখনো হায় উড়াল শেখেনি তত ভালো
টলমল টলমল
          টলমল টলমল
এই মেঘ থেকে ওই মেঘ
          ওই মেঘ থেকে আরও দূর মেঘ
অভিমানে নিজেকে আড়াল করেছে

শিল্পী তাকাল আকাশের দিকে
পাখি নেই; অন্য পাখিরা সব উৎসবে ডানায় মেতেছে
(পাখিশিল্প/ সুকুমার মণ্ডল/গ্রন্থ:যে নদী গিয়াছে ডুবিয়া অস্তরাগ জলে)

এ হল সেই মানুষের আদি হাহাকার। এখানে মূর্তিকর ও শিল্পী যেন একই ব্যক্তি। তাদের হাহাকার আর অসহায়তা ছড়িয়ে দিচ্ছে কবিতার ভেতর দিয়ে।
এখানে এক অদ্ভুত ঘটনার প্রত্যক্ষদর্শী থাকব আমরা এই বাংলা কবিতার পাঠক। এখানে শ্যামলের কবিতাটি যেমন স্বরচিত মৃন্ময় মূর্তির ভেতর প্রাণ প্রতিষ্ঠার সেই আবহমান রূপ। অরূপ বা অসীমকে তার স্বরূপে প্রত্যক্ষ করতে ব্যর্থ সামান্য মানুষের শেষ পর্যন্ত সেই মাটিকেই মাধ্যম করার কথা। মাটিকেই আঁকড়ে ধরা। উল্টোদিকে সুকুমারের কবিতাটি যেন স্বয়ং শিল্পীর পাখি-রূপ ব্রহ্মাণ্ড সৃষ্টির  এক অবসর। যে শিল্পীর চোখে তার সদ্যজাত উড়তে না শেখা সন্তানের দিকে তাকিয়ে রয়েছে। কে সেই বিরাট ?
   কখনো কখনো ঈশ্বর এক গোপন কান্নার মতো! কান্না, কিন্তু বিষাদের নয় সর্বদা। এ এমন এক দুরূহ গোপনীয়তা যার অন্য কোনো দর্শক নেই। তাই শেষ পর্যন্ত শিল্পের, সঙ্গীতের আশ্রয়, কবিতার আশ্রয় নেয় ব্যথিত মানুষ—
অবশেষে আমি তাকে আবিষ্কার করলাম গোপনে
গুনগুন শব্দ সে
পাশাপাশি আমি ছাড়া অন্য কেউ নেই

(চিরকুট /হিন্দোল ভট্টাচার্য /১৯৭৩--)

হ্যাঁ, সঙ্ঘ নয়। বরং সঙ্ঘাতীত এই অনুভব কবির একেবারে নিজস্ব। একাকীর। স্বপ্নের মতোই যার কোনো দ্বিতীয় দর্শক নেই।  তবু একমাত্র কবিই হয়তো পারেন তার অনুভবকে দ্বিতীয় কারো সামনে তুলে ধরতে।  সেইসব অনুভবগুলিই খোঁজার চেষ্টা করে যাচ্ছি।
 স্বপ্ন কী? প্রেম কী? যদি বলি স্বপ্ন ও প্রেম যথাক্রমে অসীম ও অরূপের ছদ্মবেশ। যা প্রতিটি মানুষের একাকীর।  এইখানে এসে এইবার আমরা কি জীবনের কাম-ঘামের দিকে মোড় নেওয়ার আগে প্রেমের কথা, প্রেমের গান শুনে নেব কি কিছু? কিন্তু সেই বৈষ্ণব কবিদের মতো করে কে শোনাবে প্রেমকথা এই সপ্রতিভ আধুনিকতায়? রবীন্দ্রনাথ যে কবিতা পাঠ করে আপ্লুত, বিস্মিত হয়েছিলেন?—সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমছবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমগাম, বিরহ তাপিত হেরি রাধার নয়ান...—সেই প্রেমগান কি লেখা হয় আর! না। এখন এই অতিকালের সময়, যখন পৃথিবী তার প্রয়োজনের চেয়েও দ্রুত আবর্তিত হয়ে চলেছে, তখন এই প্রেমগানের তাল-লয় ভেঙে যেতে বাধ্য। তাই সেইসব না থাকারই কথা। ভেবেছিলাম নেই। তবু দেখি এই সমসময়কে অস্বীকার করে কেউ কেউ মহাকালের ইচ্ছার দিকে হাত বাড়ায়।

রাই ধনি কে লো ,আশেপাশে আমি সই না, গুঞ্জয়ে মধুকুঞ্জে সখী , আমি সে কাজল ভোমরা ।
আমি তোর সোহাগের দাসী- সোহাগে ওই মরি বাঁচি মরি … ভিতরে সোনার পাখি রেখে
খাঁচায় তালা দিলেন সাঁই। আর তার এত টলমল , নবোজ্জ্বলরস ! রসবতী, আমি রাই রাই
নামে ভরি কলসের সুখ। তোমার প্রেমের কী বা জানি

(রাই ধ্বনি ১/ দীপান্বিতা সরকার)
হ্যাঁ, আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি, এই তো, সময়ের গতির সাথে সাথে তার তাল লয় আর জীবনের মাত্রা যথপোযুক্ত রেখে সেই বৈষ্ণব কবিতাই তো এসে পড়েছে এই কালে! না বোধহয়, বিস্ময়ের নয়। কারণ এ কোনো সমাপতন নয়। বরং স্বাভাবিকতা। জীবনের, ছন্দের স্বাভাবিকতা—স্বাভাবিকতা, কারণ দীপান্বিতা একা নন। সেই একই পুরাতন প্রেম, পুরাতন অথচ চির নতুন ভাষায় লেখা প্রেম আরো রয়েছে।  এবং লেখা হয়ে চলেছে--

আদিগন্ত রাজ্যপাট তোমাকে দেখেছি ছেড়ে যেতে
যখন কোপাচ্ছ মাটি এক চিলতে বেড়াঘেরা ক্ষেতে
তোমাকে দেখেছি আমি দূর থেকে, বাঁধের ওপরে
দাঁড়িয়েছি কতদিন নদীর রঙের শাড়ি প’রে
আমি জানি তুমি সেই রাজকুমার, আড়াল-বিলাসী
কোথায় তোমার বীজ, কী শস্য বুনেছ ক্ষেতে, চাষী?

জলের খোঁজে কি তুমি তাকাবে এদিকে মুখ তুলে
নদীকে কাঁপাল ঢেউ, নদীও ত গিয়েছিল ভুলে
কবে সে এসেছে ফেলে প্রাসাদে সোনার জল-ঝারি
তুমি কি চিনেছ ঠিক? আমি সেই রাজার কুমারী...
(রূপকথা/মন্দ্রাক্রান্তা সেন)

 
এইখানে কিছু কথা বলা দরকার। যথা ভাষা ও জীবন। কবিতা তো আধ্যাত্মিক, সামাজিক এমন কিছু হয় না! বরং এই আধ্যাত্মিকতা জীবনের একটা চর্চা, বা একটা যাপন। কবিতা তার একটা উপাদান হয়তো। এখানে এই যে কবিতাগুলি উঠে আসছে তার অর্থ এই যে কবিগন সকলেই বিভিন্ন ভাবে, রূপে সেই চর্চার মধ্যে রয়েছেন। অন্য দিকে ভাষা ভেঙে যাচ্ছে। যে ভাষায় ডাক দিলে ভেতর পর্যন্ত হুহু করে উঠত একদা ,সেই ভাষা ভেঙে যাচ্ছে। টেলিভিশন, সিনেমা বানিজ্যিক সাহিত্যে ভাষাকে ভেঙে একমাত্রিক করা হচ্ছে। সুতরাং চর্চা ব্যাহত হচ্ছে। একটা গোটা জাতী সম্পূর্ণ ভাবে যেখানে কবিত্বের অধিকারী ছিল সেখানে কবি বলা হচ্ছে কয়েকজন হাঁকডাক-ওয়ালা মানুষকে। সেই হাঁকডাকও তৈরি করা, বানানো, এখানেও চর্চা ব্যাহত হচ্ছে।৷  প্রাধান্য দেওয়া হচ্ছে লিপিকুশলতাকে।   আমরা ভাষাকে হারাচ্ছি। বৈচিত্র্য হারাচ্ছি। একজন অক্ষর পরিচয়হীন বাঁকুড়া জেলার প্রত্যন্ত কোনো গ্রামের, অন্ত্যজ, বাউরি পাড়ার মহিলা শীতের রাতে কিভাবে মনে মনে লিখে ফেলে একটি তুষু গান, সকালে শীতে জুবুথুবু, দল বেঁধে কি ভাবে গীত হয় সেই গান, তাকেও আমরা হারাচ্ছি। সেই অন্ত্যজ প্রেম, সেই জীবন-কবিতার ঈশ্বরকে আমরা ক্রমশ ভুলে যাচ্ছি। তিতাসের মালো পাড়ার মানুষদের কথায় কথায় কাব্যি! সেই কাব্য-ভাষা নষ্ট করে ফেলেছি । অন্যদিকে যে বর্তমান ভাষায় কথা বলি সে ভাষা পরস্পরে বুঝি না। কেউ কারো ডাক শুনতে পাই না তাই! মন্দাক্রান্তার  উদ্ধৃত কবিতায় সেই ভাষাটি ছিল, দীপান্বিতায় রয়েছে। ভাষাটি আমাদের ভেতর পর্যন্ত পৌঁছচ্ছে...। ভাষার ঈশ্বর এখনো জীবিত এইসব কবিতায়। আমারা সেইরকম কবিতাগুলিই খুঁজে দেখব এখানে।
  মানুষ তার ব্যথিত জীবনের , অসহায় জীবনের কলরোল ঈশ্বরের হাতে তুলে দিতে চায়।হে ভগবান আমায় মুক্তি দাও—ব’লে, নিজে দায় মুক্ত হতে চায়। নিশ্চিত জীবন পাওয়া গেল না বলে বিষণ্ণ হয়। সেইসব কথাগুলিও বিষয়। কতরকমের যে ব্যাপ্তি, বোধ এই বাংলা কবিতায় ছড়ানো রয়েছে, পাঠক হতবাক হয়ে যায় এর সামনে দাঁড়িয়ে। দুমুঠো ভাত ঈশ্বর-স্বরূপ হয়ে ওঠে কখনো। থোকা থোকা সাদা ভাত ভাঙা থালায় স্বপ্নের মতো জেগে ওঠে—
গৃহস্থ
সোমেন মুখোপাধ্যায়

ফুলের বোঁটা ছিঁড়তে গিয়ে
স্তনবৃন্তের কথা মনে পড়ে,
মনে হয় অভুক্তের কথা।

শ্রীচরণে পূজিত ফুল
ভাতের থালা হয়ে, গৃহস্থে এস।
অথবা স্বয়ং ঈশ্বরকে ভাত বেড়ে দেয় কেউ কচুর লতি সেদ্ধ দিয়ে। এমন কি ছেঁড়া কাঁথার ঘৃণা, তাও ঈশ্বরকে উৎসর্গ করা হয়। সেই যে, বলছিলাম না—এখন ঈশ্বর সখারূপ! তাকে অল্প হেসে ধাক্কা পর্যন্ত দেওয়া যায়! আহ্ পৃথিবী—
ঈশ্বর ও আমরা
সন্তু দাস
ঈশ্বর আমাদের বাড়ি ভাড়া দেয়
বর্ষায় পিচ-চট দেয়
মাকে নতুন বাড়ির কাজ দেয়
শেষ রাতে আমাকে ঘুমহীন স্বপ্ন দেয়
আমরা ঈশ্বরকে নেশার জন্য পয়সা দিই
মায়ের হাতের কচুরলতি দিই
গরমে তালপাতার প্রেম আর
শীতে ছেঁড়া কাঁথার ঘৃণা দিই
এভাবে
ঈশ্বর আমাদের জীবনে ফিরে ফিরে আসে
আমরা ভীত ঈশ্বরকে কাচের ফ্রেম দিই…
কেউ হয়তো শেষোক্ত কবিতাটিকে একটি এ্যান্টি স্পিরিচ্যুয়াল ইমেজ হিসেবে দেখতে চাইবেন। আমরা সেরকম ভাবে দেখছি না। এও সেই নেতি নেতির ভেতর দিয়ে, ঘৃণা-ভালবাসা। যেরকম নিম্নমধ্যবিত্ত পরিবারটি তার সকল সদস্যের মধ্যে প্রতি নিয়ত অনটন ঝগড়া বিবাদের ভেতর দিয়ে তাদের ভালবাসার সম্পর্কটিকে বয়ে নিয়ে যায় আজীবন। ভোগ, লালসা থেকে বহুদূরের সেই প্রাকৃত জীবনকে প্রণাম ছাড়া কি-ই বা জানাব।
...

 এইবার আমরা এসে পড়লাম জীবনের কাম-ঘামের ভিতর। এবং এরপর অবধারিত ‘মৃত্যু’-র দিকে যেতে হবে আমাদের। প্রেম,পূজা ও প্রকৃতির দেবতাকে আমরা ‘দেখেছি’। বাংলা কবিতার ভেতর তার ‘অরূপ’ ও ‘অসীম’ আমরা ‘দেখেছি’। এখনো যা আমরা দেখিনি তা ‘কাম’ ও ‘মৃত্যু’। মানুষের যৌনতা আর মৃ্ত্যুর রূপ আমরা ভেদ করতে পারিনি কখনো। সেই রহস্যানুভুতিও তো একপ্রকার অরূপ। তার ভেতরের আলো-অন্ধকার ভেদ করবার যে অবিরাম প্রচেষ্টা, যে আকুতি সেই আর্তির দিকে এইবার পা-বাড়াব। কাম, যৌনতা, মানব-মানবীর দেহমিলন –এক রহস্যঘন অনুভুতি। অপর দিকে মৃত্যু এক হিমশীতল আঁধার। এর মাঝে মানুষের ‘কাম-ঘাম’যুক্ত সংসার। মানুষের ছিন্ন-বিচ্ছিন্নতা আর একত্র হওয়ার প্রচেষ্টা।
দেখতে পাও, বলিশেষের খড়্গ গাঁথা নদীর কুলে
রক্ত অন্ধকার মাখা তার জড়িয়ে থাকা একটি চুলে
(প্রলয়/ অনির্বাণ বন্দ্যোপাধ্যায়/১৯৭০--)
আরো একটি নশ্বরতার কবিতা
কি বলে গেলে?
কিছুই স্থায়ী নয়
         আলো, অন্ধকার...
(জোনাকি/ অনির্বাণ দাস/১৯৭৭--)

এবং একেবারে এই সময়ে এসে, এই সাম্প্রতিকতায়, সেই অন্ধকার , যা মানুষকে ঘাড় ধরে জলের মধ্যে মুণ্ডু চুবিয়ে রাখে আর বলে—দ্যাখ, এই সেই অন্ধকার। আর মানুষ ও তার অন্তরাত্মা হাঁপিয়ে ওঠে। সামান্য শ্বাসের জন্য হাঁপিয়ে ওঠে, আর ছাড়া পেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দাঁড়াতে চায় খোলা আকাশের নিচে। পারেনা। কবিতা শেষ  হলে শুধু সেই বোধটুকু থাকে যা, মানুষকে আলোর প্রয়োজনের কথা বলে। এই কি তাহলে আধুনিক বাংলা কবিতার ভেতর অনুভূত সেই ছায়াচ্ছন্ন ‘আধ্যাত্মিকতা’ ?

সিঁড়িটি অবাক হয়ে উঠে গেল দোতলার ছাদে।
গিয়ে দেখে, সব সত্যি—
‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍বাড়িঘর, প্রতিবেশী, এজমালি হাওয়া,
সুপুরিগাছের দাঁতে বিঁধে যাওয়া আকাশী পাথর,
কোথা দিয়ে ট্রেন যায়, কোথায় যে যায়
দ্রিম-দ্রিম শব্দ এসে ধাক্কা দেয় বাড়ির দেয়ালে।
এরপরে আর
কোথাও যাওয়ার নেই, এই কথা শুনে
সিঁড়িটি একাই নিচে নেমে এলো, ধীরে ধীরে
‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ অন্ধকার জমে উঠল সিঁড়ির তলায়।
(সিঁড়ি/ শৌভ চট্টোপাধ্যায় )
কি পেলাম এই কবিতায় আমরা? বিষণ্ণতা, অন্ধকার! অন্ধকার তো আমরা চাই নি। আমরা চেয়েছি আলো। তাহলে আধ্যাত্মিকতার আলোচনায় অন্ধকার কেন? –এই প্রশ্ন জীবনানন্দকেও ছেড়ে কথা বলে নি। তাকে মৌলিক বিষাদের কবি বলে পাশে সরিয়ে রাখা হয়েছিল। অথচ এই অন্ধকারাচ্ছন্ন আধুনিকতার সময় তাকে নিয়ে পথ চলা ছাড়া গতি নেই। এ যেন ফটোগ্রাফির সেই ‘কনট্রাস্টনেস’। ‘আলো-অন্ধকার’। এই আলো-অন্ধকারের ভেতরেই ছবি উজ্জ্বল হয়ে ওঠে। আমরা তাকে দেখতে পাই। এখানেই কবিতাটির সার্থকতা হয়তো... হয়তো ঐ সিঁড়ি বেয়েই সিঁড়িটি শেষবার উঠে যাবে আলোর দিকে...


...

তাহলে এই ‘পরমা-প্রকৃতি’ থেকে ‘ঈশ্বর’ কতদূরের পথ? এর উত্তর খুঁজতে আমরা আশ্রয় নেব কিছু অন্যরকম উদ্ধৃতির। যেহেতু আধ্যাত্মিকতা কোনো বিশেষ দশকের মধ্যে আবদ্ধ রেখে আলোচনা খুব কঠিন ব্যাপার, তাই অনন্যোপায় হয়ে আমাদের যেতে হবে প্রবীণদের কাছেও। কারণ রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী কথিত সেই ‘ভারতীয় সুর্যাস্ত’। ‘ভারতীয় সূর্যাস্ত’ কথাটি তিনি ব্যবহার করেছিলেন মানুষের ভেতর আধ্যাত্মিকতার উন্মেষের সময় হিসেবে, যা পড়ন্ত বেলার দিকে বয়স ঢলে পড়লে আপনা আপনি চলে আসে। অর্থাৎ জীবনের অহেতুক কলরোলগুলি স্তিমিত হয়ে এলে, যৌবনের উচ্ছ্বাস স্তিমিত হয়ে এলে যা সকল মানুষের ভেতর অতীব গোপনে প্রবেশ করে। --সেই ‘ভারতীয় সূর্যাস্ত’। সেই কারণেই, নব্বই ও তার পরবর্তী দশকের কবিরা এখনো মধ্য যৌবনে। অবশ্য সকলের জীবনেই যে এই ভারতীয় সূর্যাস্তের আলো এসে পড়বে এমন কথা নেই। আবার কেউ কেউ অনেক আগেই যে এই আলোর সন্ধানে বাহির হন সে তো আমরা উপরের উদ্ধৃত কবিতাগুলি থেকেই জানলাম। যাই হোক, প্রশ্ন এই-- ‘পরমা-প্রকৃতি’ থেকে ‘ঈশ্বর’ কতদূরের পথ?
     এক সাক্ষাৎকারে কবি হেমন্ত বন্দ্যোপাধ্যায় ও প্রবীণ কবি আলোক সরকারের কথোপকথন —
“—ঈশ্বর শব্দটা আপনার কাছে কেমনভাবে আসে, কী প্রতীক বা তাৎপর্য নিয়ে—যদিও আপনার লেখায় ঈশ্বরের উপস্থিতি বিষয়ে আলোচনা অনেক হয়েছে।
--‘ঈশ্বর’ মানে আমি বুঝি ‘সম্পূর্ণতা’।
-- এই ‘ঈশ্বর’ অর্থাৎ ‘সম্পূর্ণতা’-র সঙ্গে সাক্ষাৎকার কি আপনার কবিতার মাধ্যমেই হয়? একটু আগে অনির্বাণের (ধরিত্রীপুত্র) আলোচনায় একটা কবিতা এসেছিল—“যে কোন পথের বাঁকে ঈশ্বর আসেন। আমরা কেবল দেরী ক’রে যাই”। পরে এরই সংযোজন—“এক মুহূর্তের/ভিন্নতায় সমস্ত জীবন রিক্ত মলিন তমসা”—এই উচ্চারণ, এই সাক্ষাৎ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না।
--আমি ঠিক সময়ে পৌঁছতে পারিনি, এই যে ত্রুটি, এই যে দেরী, মাত্র এক মুহূর্তের। তার আগেই ঈশ্বর সেখানে ছিলেন—এখনো তাঁর গন্ধ চারদিকে ভাসছে”।
‘ঈশ্বর’ অর্থাৎ ‘সম্পূর্ণতা’।–এই হল একজন পরিণত কবির মনগত আধ্যাত্মবাদ। এই কথাটি বলার জন্যই এত কথা বলা। আমরা বিভিন্ন ভাবে সকলেই ভিন্ন ভিন্ন পথে সেই সম্পূর্ণতার দিকেই চলেছি। যেতে চাই। এই কথা।







( প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশী শব্দ খরচ করার পরেও নিবন্ধটির মধ্যে দিয়ে আমরা বিশেষ কোথাও পৌঁছাতে পারলাম কি ? অথবা রচনাটি কি আদৌ শেষ হয়েছে? এই নিবন্ধটির পূর্ণতার দিকে যেতে গেলে আরো অনেকের কবিতার অন্তর্ভুক্তি প্রয়োজন ছিল। অরুন্ধতী চক্রবর্তী, অর্ণব পণ্ডা, তিলোত্তমা মজুমদার আদি কবিদের সুকবিতার উদ্ধৃতি। সুতীর্থ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষ সহ অনেকের লেখা এখন আর দেখি না বিশেষ, এক দশক আগেও এঁদের প্রচুর রচনা পড়া হত। ভবিষ্যতে কখনো বিস্তৃত লেখার ইচ্ছা রয়ে গেল। এই নিবন্ধে কবিদের কাব্যগ্রন্থ ছাড়াও বিভিন্ন পত্রিকা থেকে রচনা সংগৃহীত হয়েছে। যথা ১৯৯৬ সাল থেকে ২০১৫ পর্যন্ত ‘অনুবর্তন’ পত্রিকার প্রায় ২০/২২ খানা খণ্ড, এখানে বলে রাখা উচিৎ যে বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র এই অনুবর্তন পত্রিকাটিই, যাঁর সম্পাদকগন ধারাবাহিক ভাবে সাহিত্য, শিল্প, সংস্কারের দুনিয়ায় এক আধ্যাত্মিক ভাবান্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পত্রিকার বহু কবিতা ও গৌতম বসু, অনির্বাণ ধরিত্রীপুত্র, দেবাশিস তরফদারে প্রবন্ধাদি পাঠে উপকৃত হয়েছি বিভিন্ন সময়ে। নিবন্ধটি লেখার সময় সেই পাঠপ্রভাব থাকবেই। কবি গৌতম চৌধুরীর বিভিন্ন প্রবন্ধ পাঠেও ছড়ানো রয়েছে ঋণ। নিবন্ধটির শেষে কবি আলোক সরকারের সাক্ষাৎকারের অংশটি অনুবর্তন পত্রিকার ফাল্গুন ২০১৪ সংখ্যা থেকে গৃহীত।   এছাড়া পাখিরা, মিরুজিন,গুহালিপিগুহালিপি ও আন্তর্জাল পত্রিকা থেকে কোনো কোনো কবিতা নেওয়া হয়েছে।)